আবারও নিপাহ ভাইরাসের সংক্রমণের খবর শোনা যাচ্ছে বাংলাদেশে। ২০০১ সালে প্রথম বাংলাদেশে এই ভাইরাসের অস্তিত্ব সম্পর্কে জানা যায়। এ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত ১৭৬ জনের মধ্যে মারা গেছে ১৩৬ জন। এই রোগে মৃত্যুর হার অনেক বেশি, শতকরা প্রায় ৮০ ভাগ। মূলত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এ রোগের প্রাদুর্ভাব বেশি দেখা গেছে। কীভাবে এড়ানো যায়?এই সময় গ্রামাঞ্চলে কাঁচা খেজুরের রস বা তালের রস খাওয়া খুব জনপ্রিয় একটি অভ্যাস। ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে এই ভাইরাস টিকে থাকতে পারে না। তাই খেজুরের বা তালের রস কাঁচা খাওয়া যাবে না। তবে জ্বাল দিয়ে বা গুড় করে খাওয়া যেতে পারে।বাড়িতে গবাদিপশুর অস্বাভাবিক আচরণ বা রোগ দেখা দিলে সাবধান হোন এবং এদের থেকে দূরে থাকুন। পশুচিকিৎসককে খবর দিন। ছোট শিশু বা অন্য কারও জ্বর, কাশি, শ্বাসকষ্ট ইত্যাদি দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হোন। রোগীর সেবাদানকারী নিজে সাবধান থাকবেন, প্রয়োজনে মাস্ক পরবেন এবং প্রতিবার রোগীর কাছে যাওয়ার পর ভালো করে হাত ধোবেন।আইইডিসিআর মেহেরপুর, কুষ্টিয়া, নওগাঁ, রাজবাড়ী, টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, রংপুর ও ঠাকুরগাঁকে বিপজ্জনক এলাকা হিসেবে চিহ্নিত করেছে। এ বছর ময়মনসিংহের ভালুকায় নতুন করে রোগটি দেখা গেছে। এসব এলাকায় মানুষকে বিশেষভাবে সচেতন হতে হবে।সূত্র: আইইডিসিআর; আইসিডিডিআরবি; অক্সফোর্ড জার্নাল: ক্লিনিকাল ইনফেকশাস ডিজিজেস।