নিপুণের রান্নাঘরে

রাত ১০টা নাগাদ শুটিং শেষ করে বাসায় ফিরেই রান্নাঘরে। আগে থেকেই কথা ছিল নকশার পাঠকদের জন্য অভিনয়শিল্পী নিপুণ রান্না করবেন ঈদের বিশেষ দুটি পদ।
ততক্ষণে রাত অনেক। তাই রান্নার পর পোশাক পাল্টেই সোজা বসলেন খাবার টেবিলে। টেবিলে খাবার সাজিয়ে ডাকলেন ছোট ভাই সৌরভকে। পরিবেশন করতে করতেই বললেন, ‘রান্না করতে আমি খুব ভালোবাসি। এমনিতে নিয়মিত রান্নার সময় না পেলেও ঈদের দিন কয়েকটা বিশেষ পদ রান্না করি। বরাবরের মতো এবারও ঈদে কী কী রান্না হবে মায়ের সঙ্গে বসে ঠিক করে নিচ্ছি। বাজারও করি নিজের হাতেই।’
তাঁর বাড়িতে ঈদ আয়োজনে অনেক খাবারই ঈদের আগের রাতে তৈরি হয়। এ ছাড়া কিছু পদ করেন ঈদের দিন সকালে। মাছের কাটলেট খেতে ভালোবাসেন বলেই নিজ হাতে তৈরি করেন সেটা। এ ছাড়া ফলের সালাদ, দইবড়া বা পাস্তা তৈরি করেন ঈদে। নিপুণ বলেন, ‘ঈদে তো সবাই মাংস পোলাও খাবেই। পাস্তা বা ফিশ কাটলেট হলে বেশ স্বাদবদল হয়।’

ঈদের দিন সকালে উঠেই হাতমুখ ধুয়ে মায়ের রান্নায় সাহায্য করেন। খাবার তৈরি হতে হতেই গোসল সেরে টেবিলে বসেন দুই ভাইবোন। বাসায় অতিথি এলে তঁাদের আপ্যায়ন আর নিজের সিনেমা মুক্তি পেলে সেটার খোঁজ নিতে নিতেই বিকেল হয়ে যায়। এবার ঈদেও তেমনটি হবে বলে মনে করছেন। বিকেলের দিকে ভাইকে নিয়ে কোথাও বেড়াতে যাবেন। স্বজনদের বাসায়ও বেড়াবেন।
ঈদের দিন নিপুণ পরবেন হাতাকাটা সাদা কামিজের সঙ্গে সালোয়ার। খাবার টেবিলে বসেই বললেন, ‘এবার যেহেতু গরমেই ঈদের দেখা মিলছে, তাই পোশাক নির্বাচনে অবশ্যই আরামটা প্রাধান্য দেব। খাবারের ক্ষেত্রেও তাই। বেশি গরম পড়লে মসলাদার খাবার কম খাওয়াই ভালো হবে বলে মনে করছি। ঈদের দিন খাবারের আয়োজনে তাই গরমের কথাটা মাথায় রাখাটা জরুরি।’

রাইস পাস্তা
উপকরণ: রাইস পাস্তা ৪৫০ গ্রাম, একটা মাঝারি আকারের মুরগি, গাজর ১টা, পাস্তা সস ৩ টেবিল চামচ; আদাবাটা, ধনেগুঁড়া, জিরাগুঁড়া, হলুদ, মরিচগুঁড়া ও তেল পরিমাণমতো।
প্রণালি: অল্প লবণ দিয়ে চুলায় পাস্তা সেদ্ধ করতে দিন। এই ফাঁকে মুরগি কেটে বড় বড় টুকরো তৈরি করুন। এবার সব ধরনের মসলা মিশিয়ে মুরগির মাংসটা কষিয়ে নিন। এবার চুলায় একটা পাত্রে তেল ও মাখন দিয়ে সেদ্ধ পাস্তা ঢেলে দিন। এরপর অল্প লবণ, পাস্তা সস ও গাজরের টুকরো দিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষণ পরে কষানো মাংস দিয়ে নাড়ুন। দুই মিনিট নেড়ে নামিয়ে পরিবেশন করুন।
ফলের সালাদ
উপকরণ: আম, আঙুর, বেদানাসহ নানা রকম মৌসুমি ফল দুই কাপ, হুইপড ক্রিম, চকলেট পরিমাণমতো।
প্রণালি: ফল ধুয়ে বিভিন্ন আকারে কেটে নিন। এবার হুইপড ক্রিম আর ফলগুলো একসঙ্গে মেশান। পরিবেশনের জন্য চওড়া মুখের গ্লাসে ঢেলে তার পাশে কয়েক টুকরো চকলেট দিয়ে সাজিয়ে দিন।

মাছের কাটলেট
উপকরণ: টুনা মাছ ১২০ গ্রামের ক্যান ১টা, পেঁয়াজকুচি ২টা, রসুন ২-৩ কোয়া, কাঁচা মরিচবাটা ৫-৬টা, ডিম ১টা, ধনে ও শুকনো মরিচগুঁড়া পরিমাণমতো, লবণ স্বাদমতো, চিকন কাঠি ৫টা। তেল, বেডক্রাম্ব ও ফয়েল পেপার প্রয়োজনমতো।
প্রণালি: মাছের সঙ্গে সব ধরনের মসলা মাখিয়ে খামির করে নিন। এবার খামির কয়েক ভাগে ভাগ করে ইচ্ছেমতো কাটলেটের আকার দিন (চারকোনা, গোল বা অন্য কোনো আকার)। এবার প্রতিটির ভেতরে একটা করে কাঠি ঢুকিয়ে দিন। কাঠির বাইরের অংশে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিন। এবার কাটলেটের ওপরে ডিমের সাদা অংশের প্রলেপ দিন। তারপর বেডক্রাম্ব মাখিয়ে নিন। এবার গরম তেলে ছেড়ে দিন। কাঠি ঘুরিয়ে ঘুরিয়ে বাদামি করে ভাজুন। নামিয়ে সস দিয়ে পরিবেশন করুন।