নিবন্ধন নেই সাড়ে চার হাজার অটোরিকশার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলার বিভিন্ন রুটে নিবন্ধন ছাড়াই চলছে সাড়ে চার হাজার সিএনজি অটোরিকশা। এসব যানবাহনের বিরুদ্ধে মামলা হলেও চালক-মালিকেরা তা নিয়ে মাথা ঘামাচ্ছেন না। ফলে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব, অপরদিকে বিশৃঙ্খলা চলছে পরিবহনব্যবস্থায়। জানা যায়, ফটিকছড়ি, রাউজান, হাটহাজারী, রাঙ্গুনিয়া, সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া, চন্দনাইশ, পটিয়া, মিরসরাই ও সীতাকুণ্ড এলাকার বিভিন্ন রুটে এসব গাড়ি চলাচল করছে। অবৈধভাবে চলাচলের অভিযোগে ট্রাফিক আইনে প্রতিদিন ৩০-৩৫টি করে মামলা হচ্ছে। জেলা ট্রাফিক পুলিশ সূত্র জানায়, গত দুমাসে (ডিসেম্বর-জানুয়ারি) নগর এলাকার ৩৬০টি সিএনজি অটোরিকশা জেলা এলাকায় ঢোকার দায়ে এবং জেলা এলাকার ২৪৪টি নগর এলাকায় চলাচলের অপরাধে ট্রাফিক আইনে মামলা করা হয়েছে।বিআরটিএ সূত্র মতে, জেলার বিভিন্ন রুটে বর্তমানে সাড়ে ১০ হাজার সিএনজি অটোরিকশা চলাচল করছে। এদিকে, জেলা এলাকার রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটি (আরটিসি) সূত্র জানিয়েছে— আগামী ১৫-২০ দিনের মধ্যে কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। এতে জেলা এলাকায় চলাচলের জন্য আরও আড়াই হাজার সিএনজি অটোরিকশার নিবন্ধন দেওয়ার ব্যাপারে আলোচনা হবে। ইতিমধ্যেই আরটিসির (জেলা) উপকমিটি এ বিষয়ে মূল কমিটিকে প্রস্তাব দিয়েছে। পরবর্তী বৈঠকে প্রস্তাব অনুমোদন হবে বলে জানিয়েছেন জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক মীর গোলাম ফারুক। তবে এ সম্পর্কে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মাসুদ আলম প্রথম আলোকে জানান, ‘জেলা এলাকায় চলাচলের জন্য আরও আড়াই হাজার সিএনজি অটোরিকশা নিবন্ধনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’এদিকে, নগরে চলাচলরত ১৪ হাজার সিএনজি অটোরিকশা চালক-মালিকদের মধ্যে চট্টগ্রাম মহানগর অটোরিকশা, অটোটেম্পো ও সিএনজি শ্রমিক কল্যাণ ইউনিয়ন নামের একটি সংগঠন ধূম্রজাল সৃষ্টি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২১ জানুয়ারি বিআরটিএ চট্টগ্রাম সার্কেলের সহকারী পরিচালকের কাছে একটি চিঠিতে ওই সংগঠনের সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ নগর এলাকার সিএনজি অটোরিকশাকে ‘ডিস্ট্রিক মামলা’ দেওয়ার নামে হয়রানি করছে বলে অভিযোগ করেন। তবে এ ধরনের অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন জেলা ট্রাফিক পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা। নাম প্রকাশ না করে তিনি বলেন, ‘এটি একটি দালালচক্র। নগর ও জেলা এলাকার ট্রাফিক পুলিশের পরিবহনব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টাকে বিঘ্নিত করার জন্যই চক্রটি অপতত্পরতা চালাচ্ছে দীর্ঘদিন থেকে।’ ২ ফেব্রুয়ারি সরেজমিনে নগরের অক্সিজেন মোড়ে দুপুর একটা থেকে বেলা দুইটা পর্যন্ত অবস্থান করে দেখা গেছে, চট্টগ্রাম-থ-১১-৪৭৯৮, চট্টগ্রাম-থ-১১-৯৬৯৪, চট্টগ্রাম-থ-১১-৮৭৮১ ইত্যাদি নম্বরের সিএনজি অটোরিকশা নগর এলাকার রুটে যাত্রী আনা-নেওয়া করছে। এর আগে ওইদিন দুপুর সাড়ে ১২টায় জেলার হাটহাজারী সড়কে (আমান বাজার এলাকায়) অবস্থান করে দেখা গেছে, চট্টমেট্রো-থ-১১-৩০৪১, চট্টমেট্রো-থ-১২-৪৪০৭, চট্টমেট্রো-থ-১২-১৭৫০, চট্টমেট্রো-থ-১২-৩০৯৩ ইত্যাদি নম্বরের নগর এলাকার সিএনজি অটোরিকশা জেলার রুটে চলাচল করে। বিআরটিএর সহকারী পরিচালক মাসুদ আলম বলেন, ‘সিএনজি অটোরিকশার গায়ে লেখা আছে কোনটি নগর এলাকায় আর কোনটি জেলায় চলাচল করবে।’ প্রশ্ন করলে চট্টগ্রাম মহানগর অটোরিকশা, অটোটেম্পো ও সিএনজি শ্রমিক কল্যাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ বলেন, ‘আমরা যা করছি তা যাত্রীদের কল্যাণেই করছি। দালালি করার বিষয়টি অবান্তর।’ সিএনজি অটোরিকশার (চট্টমেট্রো-থ-১২-২৮৭৯) চালক আবুল হোসেন বলেন, ‘শহরতলি ও গ্রামের অসংখ্য মানুষ শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। জেলা এলাকার সিএনজি অটোরিকশা যদি শহরে ঢুকতে না পারে তাহলে শহরতলি কিংবা অন্যান্য এলাকায় যাত্রীদের কীভাবে গন্তব্যে পৌঁছানো যাবে?’ একই রকম বক্তব্য হাটহাজারীর ফতেয়াবাদ এলাকায় সিএনজি অটোরিকশাচালক পবন শুক্লদাশেরও।