নিবিড় অরণ্যের হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কান পাতলেই শোনা যায় পাতার মর্মর, পাখির কলকাকলি। চারদিকে রয়েছে ঘন সবুজ গাছগাছালির বেষ্টনী, গহিন অরণ্যের হাতছানি। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ফরেস্ট রেঞ্জ এলাকায় এলে এমন অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য দেখার সুযোগ পাবেন পর্যটকেরা। ১০ একর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এ স্থানটি দিন দিন পর্যটকদের নজর কড়ছে। প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করলে স্থানটি হয়ে উঠতে পারে আকর্ষণীয় পর্যটন এলাকা।বন বিভাগের আওতাধীন এ এলাকায় রয়েছে প্রায় ১২০ প্রজাতির বৃক্ষ। নানা প্রজাতির গাছপালার মধ্যে রয়েছে আগর, মহুয়া, বৈলাম, বিলাতি গাব, আমলকী, হরীতকী, বহেরা, নিষিন্দা, চালমুগড়া, ছাতিয়ান, কাউ, বাঁশপাতা, শতমূলী, রাবার, সফেদা, তেঁতুল, বেল, চিকরাশি, নাগেশ্বর, অর্কেডিয়া, সিভিট, কনক, অশ্বত্থ, শাল, গর্জন, লোহাকাঠ, কাজুবাদাম, ঢাকিজাম, খুদেজাম, উড়িআম, চম্পা, জলপাই, কদম, জারুলসহ প্রচুর ফলদ, বনজ ও ওষুধিগাছ। কিছু গাছ আছে যেগুলো ৮০-১০০ বছরের পুরোনো। টিয়া, ময়না, শালিক, দোয়েল, কোকিল, বউ কথা কওসহ বিভিন্ন জাতের পাখি আছে এ বনে। চট্টগ্রাম থেকে লোহাগাড়ায় আত্মীয়ের বাড়ি বেড়াতে এসেছেন সজল, মণি, শান্তা, রুমি, সালমা ও কানিজ। পদুয়া ফরেস্ট রেঞ্জ এলাকায় কথা হয় তাঁদের সঙ্গে। বলেন, ‘এখানকার নিসর্গ খুবই চমৎকার। তবে কিছু বন্যপ্রাণী যেমন হরিণ, ময়ুর—এসব দেখতে পেলে ভালো লাগত।’ পর্যাপ্ত অবকাঠামো না থাকায় এখানে ভ্রমণপিপাসু লোকজনের ভিড় নেই। নিরাপত্তাব্যবস্থা জোরদার, পুরোনো কটেজ সংস্কার, রেঞ্জ এলাকার রাস্তা পাকাকরণ ও শোভাবর্ধনকারী গাছ রোপণ করলে এ এলাকা পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে।সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে রয়েছে জনগণের অবাধ যাতায়াতের রাস্তা। এ রাস্তায় চলাচল করে ট্রাক, মাইক্রোবাস, রিকশাসহ অন্যান্য যানবাহন। রাস্তায় যান চলাচলের কারণে বনের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে ও সার্বিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পদুয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক মাকসুদ আলম বলেন, ‘এ বনে আগে হরিণ ছিল। পরে তা বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানো হয়।’পদুয়া রেঞ্জে বনভোজনের জন্য নির্ধারিত স্থানও ছিল। জনপ্রতি পাঁচ টাকার বিনিময়ে এখানে ঢুকে বনভোজনের সুযোগ পেতেন পর্যটকেরা। কিন্তু অব্যবস্থা ও পরিকল্পিত উদ্যোগের অভাবে বনভোজনের স্থানটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায়, ছাতা আকৃতির ছাউনি, বসার টেবিল, শৌচাগার অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় শিক্ষাবিদ অধ্যাপক শামশুদ্দোহা জানান, ‘এ স্থানে একটা ঝুলন্ত সেতু, বসার ব্যবস্থা ও ফুলবাগান করা যেতে পারে। পরিকল্পিত উদ্যোগ নিলে দক্ষিণ চট্টগ্রামের অন্যতম পর্যটনকেন্দ্রে পরিণত হবে এ এলাকা।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা সারা দিবা বলেন, ‘প্রচারণা হলে অনেক পর্যটক বেড়াতে আসবেন এখানে।’ তিনি এ পর্যটনকেন্দ্রের অবকাঠামোগত উন্নয়ন দরকার বলেও মন্তব্য করেন।চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা বখতেয়ার নূর সিদ্দিকি জানান, ‘পদুয়া রেঞ্জ এলাকাটি অবকাঠামোগত উন্নয়নসহ পর্যায়ক্রমে পর্যটনকেন্দ্রে পরিণত করার বিষয়টি বিবেচনাধীন রয়েছে।’