নিবিড় পরিচর্যা কেন্দ্রেও শব্দদূষণ!
শব্দদূষণ এমন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে যে নিবিড় পরিচর্যা কেন্দ্রেও (আইসিইউ) অতিমাত্রার শব্দদূষণে ভুগছে রোগীরা। হাসপাতালের আইসিইউর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা শব্দের সহনীয় মাত্রা নির্ধারণ করেছে ২০ ডেসিবেল। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, হাসপাতালের আইসিইউতেও সহনীয় মাত্রার চেয়ে অনেক বেশি শব্দ সৃষ্টি হচ্ছে। ইনটেনসিভ অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার নার্সিং জার্নাল সাময়িকীতে গবেষণা নিবন্ধটি প্রকাশিত হয়েছে।সুইডেনের গোথেনবার্গ ও বোর্যাস ইউনিভার্সিটির গবেষকেরা সে দেশের সোডরা আলভ্সবর্গ হাসপাতালের আইসিইউতে টানা ২৪ ঘণ্টা শব্দের মাত্রা পরিমাপ করেন। এতে দেখা গেছে, সেখানে শব্দের গড় মাত্রা ছিল ৫১ থেকে ৫৫ ডেসিবেল। গবেষকেরা বলছেন, গুরুতর অসুস্থ রোগীদের পরিচর্যা কেন্দ্রের এ শব্দমাত্রার সঙ্গে কোনো ব্যস্ত সড়কের শব্দদূষণের তুলনা করা যেতে পারে। গবেষণায় দেখা গেছে, হাসপাতালটির আইসিইউতে ২৪ ঘণ্টার বেশির ভাগ সময়েই শব্দের গড় মাত্রা ছিল ৫৫ ডেসিবেল, যা সহনীয় মাত্রার চেয়ে দ্বিগুণের বেশি। ডেইলি মেইল।