নিভে গেছে প্রদীপালয়ের আলো

১৬ অক্টোবর, রাত ১০টা ৪৫। স্তব্ধ হয়ে গেল আরও একটি ফেসবুক আইডি। আর কোনো দিন খুলবে না সেটি। খোলার চাবি যাঁর কাছে ছিল তিনি জীবনের সব হিসাব চুকিয়ে ফেলেছেন। পূজন ভট্টাচার্য। তরুণ আইনজীবী আর ফিরবেন না এই তল্লাটে।
অথচ ফেসবুকে নিজের টাইম লাইনে এখনো ঝলমল করছেন পূজন। ছবি, স্ট্যাটাস এসব যেন কথা বলছে। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর আগে ১১ সেপ্টেম্বর শেষ ছবিটি আপলোড করেছিলেন তিনি। দেবী দুর্গার ছবি। দুর্গাপূজা উপলক্ষে মায়ের সঙ্গে গ্রামের বাড়ি বাঁশখালীতে গিয়েছিলেন। পূজা শেষে মা ১৬ অক্টোবর সকালে ফিরে আসেন শহরে। রাতে প্রতিবেশীদের সঙ্গে বরযাত্রী হয়ে ফিরছিলেন পূজন। আগে কখনো বরযাত্রীর বাসে চড়েননি। তাই শখের বসেই এভাবে শহরে আসার সিদ্ধান্ত। আর সেটাই যে কাল হবে কে জানত! না হয় বাস পানিতে পড়ে দুর্ঘটনা ঘটার পর আর কেউ তেমন আহত না হলেও পূজনকে কেন চলে যেতে হবে এভাবে?
‘পূজন ভট্টাচার্য, জন্ম ১০ জুন, ১৯৮৭ সাল। মৃত্যু ২৬ ডিসেম্বর ২০৩০ সাল।’ গত বছরের ২৪ জানুয়ারি ফেসবুকে রসিকতা করে এভাবেই লিখেছিলেন নিজের এফিটাফ। এত তাড়াতাড়ি তো যাবার কথা ছিল না তাঁর। তাহলে এটা কি স্বাভাবিক মৃত্যুর দিনক্ষণ ছিল! কে দেবে পূজনদের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি? কথা তো ছিল খ্যাতনামা আইনজীবী পিতা প্রদীপ ভট্টাচার্যের যোগ্য উত্তরসূরি হওয়ার।
এই তো সেদিন ৪ অক্টোবর প্রয়াত বাবার জন্মদিনে পূজনের আবেগময় স্ট্যাটাস, ‘বাবা তোমাকে মিস করছি।’ তার দুই দিন পর ৬ অক্টোবর নীরবে কেটে গেল নিজের জন্মদিনটিও। ওই দিন নিজের দেড় বছর বয়সের একটি ছবি ফেসবুকের ওয়ালে সংযুক্ত করেছিলেন পূজন। ১০ দিন পর সেই বাবার কাছেই যাত্রা করলেন তিনি! পূজনের জীবনটাই অক্টোবরগাথা হয়ে রইল। জন্ম, মৃত্যু, চাকরি সব এই মাসেই। গেল ২ অক্টোবর বিএসআরএম-এ তাঁর চাকরি স্থায়ী হয়েছিল।
১৬ অক্টোবর রাতে ঈদের রাতে আনন্দ-উল্লাসের মাঝে বজ্রাঘাতের মতো বন্ধুদের কাছে এল পূজনের মৃত্যু সংবাদ। আড্ডা আর আসরের মধ্যমণি ছিল যে ছেলেটি সে নেই এটা মানবে কী করে বন্ধুরা।
দুঃসময় এলে পূজনই বন্ধুদের পাশে দাঁড়ান। তাই তাঁদের সান্ত্বনা দেওয়ারও কেউ রইল না।
মা মঞ্জুশ্রী ভট্টাচার্য কিছুতেই মুখে তুলছেন না ঘটনার পর থেকে। কীভাবে মানবেন তিনি। সকালে নিজের সঙ্গে ছেলেকে বাড়ি থেকে জোর করে কেন নিয়ে আসেননি—এই আক্ষেপ সারা জীবনই থাকবে হয়তো তাঁর। দুই চোখ ভরে এখন কেবল শূন্যতা। কোনো কিছুই তাঁকে শান্ত করতে পারছে না। ‘আমার ঈশ্বর মরে গেছে। আমার সব শেষ...’ কেউ ফোন করলে বিলাপ করে বলছিলেন তিনি।
পাশে বসা বড় বোন প্রিয়ার এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ভাইটি নেই। ‘আজ ছয় দিন হয়ে গেল সে চলে গেল। এখনো মনে হয় হুট করে এসে বলবে—এই চা দে।’ ৪ অক্টোবর প্রিয়ার ছবি আপলোড করে পূজন লিখেছিলেন, ‘আমার প্রিয় বড় বোন। যে সব সময় রাগান্বিত থাকে।’
খ্যাতনামা আইনজীবী বাবার মৃত্যুর পর পূজন হাল ধরেছিলেন সংসারের। উচ্চমাধ্যমিক পড়ার সময় থেকেই টিউশন ও কোচিংয়ের সঙ্গে যুক্ত। পণ করেছিলেন বাবার পেশায় আসবেন, মানুষের জন্য কাজ করবেন। লক্ষ্যে পৌঁছেও গিয়েছিলেন। হয়েছিলেন আইনজীবী। দেশটাও ছিল তাঁর বুকের ভেতর। গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ছিলেন তিনি। তবে সবকিছু থেকে এভাবে বিদায় নেবেন তা কে জানত।
পাথরঘাটার পূজনদের বাড়ির নাম প্রদীপালয়। ঘরজুড়ে এখন স্বজনেরা পূজনের স্মৃতিচিহ্ন খুঁজে ফেরেন। তাঁর শোবার ঘরে একটি ছোট খাট, খাটের মাথার দিকে আইনের বই। পাশের দেয়ালে ঝুলানো ব্লেজার। তার পাশে শচীন টেন্ডুলকারের পোস্টার। তাতে লেখা ‘হিরো’। বন্ধু অর্ণব জানালেন ‘টেন্ডুলকারের বড় ভক্ত ছিল পূজন।’ প্রিয় টেন্ডুলকারের ২৪ বছরের ক্যারিয়ারের বিদায় বছরেই ২৬ বছরের পূজন জীবন থেকে বিদায় নিলেন! পাথরঘাটার ‘প্রদীপালয়’ অন্ধকার হয়ে গেল যে।