নিভে গেল আশার প্রদীপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাপস সরকারের আশা ছিল পড়া শেষে অভাবের সংসারের হাল ধরবেন। কিন্তু পারলেন না। বুলেটে স্তব্ধ হয়ে গেল জীবন। ভেঙে খানখান হলো দরিদ্র পরিবারটির স্বপ্ন। কিছুদিন আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্ধুর মুঠোফোনে তোলা ছবি (বাঁয়ে)। ছেলেকে হারিয়ে শোকে মুহ্যমান বাবা বাবুল সরকার (ইনসেটে ডানে) l ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাপস সরকারের আশা ছিল পড়া শেষে অভাবের সংসারের হাল ধরবেন। কিন্তু পারলেন না। বুলেটে স্তব্ধ হয়ে গেল জীবন। ভেঙে খানখান হলো দরিদ্র পরিবারটির স্বপ্ন। কিছুদিন আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্ধুর মুঠোফোনে তোলা ছবি (বাঁয়ে)। ছেলেকে হারিয়ে শোকে মুহ্যমান বাবা বাবুল সরকার (ইনসেটে ডানে) l ছবি: সংগৃহীত

বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে ছয় মাস আগে। পাশের গ্রামে অল্প জমি কিনে কদিন আগে একটি বসতঘর নির্মাণ করেছিলেন কৃষক বাবুল সরকার। সেই জমির টাকাটাও পুরোপুরি শোধ হয়নি। পাঁচ সন্তানের একজন দিনমজুর, আরেক ছেলে দোকানে কাজ করে। দুজন পড়ছে বিদ্যালয়ে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের আঙিনায় পা রাখা তৃতীয় সন্তান তাপস সরকারই ছিলেন পরিবারের আশা-ভরসা। ছেলেটি এভাবে লাশ হয়ে ফিরেছেন, এটা মানতে পারছে না পরিবারের কেউই।
তাপসের বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার নিধিপুর গ্রামে। তাঁর বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ। বড় দুই ভাইয়ের রোজগারেই কোনোমতে চলছিল পরিবারটি। তাই তাপস চেয়েছিলেন পরিবার থেকে কম টাকা নিতে। খরচ কমাতে ছাত্রলীগের এক পক্ষের কর্মীদের সহায়তায় শাহ আমানত ছাত্রাবাসের ২৩৩ নম্বর কক্ষে ওঠেন তিনি। কিন্তু হলে ওঠার কয়েক সপ্তাহের ভেতর ১৪ ডিসেম্বর ছাত্রলীগের দুপক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হলে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।
শাহ আমানত ছাত্রাবাসের ২৩৩ নম্বর কক্ষে তাপসের বিছানা এখনো অক্ষত আছে, দড়িতে ঝুলছে তাঁর পোশাক। বই-খাতা সবই আছে যথাস্থানে। শুধু ওই কক্ষের বাসিন্দা তাপসই নাই হয়ে গেলেন।
তাপসের লাশের সঙ্গে তাঁর বাড়িতে যাওয়া শিক্ষার্থীরা জানান, সর্বশেষ ঈদ ও পূজার ছুটিতে বাড়িতে যাওয়ার পর বাবার সঙ্গে বর্গা নেওয়া জমিতে কামলা খেটেছিলেন তাপস। সেই জমির ধান এখন পেকেছে। বাড়িতে তাপসের লাশ পৌঁছার পর এসব বলেই বিলাপ করছিলেন বাবা বাবুল সরকার। বুকের ধনকে হারিয়ে বাকরুদ্ধ তিনি। মুঠোফোনে যোগাযোগ করা হলে কেবল কান্নাই করলেন। বলতে পারলেন না কিছু।
ছোট ভাইয়ের এমন চলে যাওয়া কোনোভাবেই মানতে পারছেন না বড় ভাই আশীষ সরকার। তিনি বলেন, ‘শেষবার বাড়ি থেকে যাওয়ার সময় বাবা মাত্র ৫০ টাকা দিতে পেরেছিল তাকে। ভাইটা আমার ভৈরব থেকে ট্রেনের ছাদে ঝুলে চট্টগ্রামে যায়।’ আশীষ জানান, কয়েক দিন আগে তাঁকে ছাত্রাবাসে ওঠার কথা জানান তাপস। এখন থেকে আর বেশি টাকা না পাঠালেও চলবে এমন আশ্বাস দিয়েছিলেন।
তাপসের পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৯২ সালে জন্ম তাপসের। পড়ালেখার প্রতিটি স্তরেই মেধার স্বাক্ষর রেখেছেন তিনি। আত্মীয়ের বাড়িতে লজিং থেকে সুনামগঞ্জের দিরাই থানার নয়াগাঁও প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পান। ২০১২ সালে নেত্রকোনা সরকারি কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেন। গত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে ভর্তি হন। আগামী মাসে প্রথম বর্ষের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তাঁর।
তাপসকে খুব কাছ থেকে দেখেছেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী পার্থ বণিক। বন্ধুকে হারিয়ে শোকার্ত পার্থ বলেন, তাপস খুব দরিদ্র পরিবারের সন্তান। একদিকে পরীক্ষার ফি জোগাড় হয়নি, ­­অন্যদিকে কটেজে বকেয়া পড়েছে ভাড়া। সব মিলিয়ে টাকাপয়সা নিয়ে তিনি সব সময় হিমশিম খেতেন। এ কারণেই হলে ওঠার সিদ্ধান্ত নেন তিনি।
তাপসের বাবা বেশ কিছুদিন ধরে অসুস্থ। তাই তাপস চেয়েছিলেন অসুস্থ বাবাকে একবার দেখে আসবেন। গত শনিবার মুঠোফোনে বড় ভাইকে জানান, ১৫-২০ দিনের মধ্যে বাবাকে দেখতে বাড়ি যাবেন। সেই কথামতো তাপস বাড়ি ফিরেছেন, তবে অ্যাম্বুলেসন্স চড়ে। জীবন বদলে দেওয়া শিক্ষাসনদ নয়, মৃত্যুসনদ নিয়ে।
তাপসের শেষযাত্রায় সঙ্গী হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা অমিত কুমার বসু। তিনি বলেন, ‘বড় দুই ভাইয়ের রোজগারেই তাপসদের সংসার চলত। একটি মাত্র ঘরেই গবাদিপশু আর পরিবারের সদস্যরা পাশাপাশি থাকেন। তাপস বড় হয়ে পরিবারের হাল ধরবেন—এ জন্য আশায় বুক বেঁধেছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু তাঁকে নির্মমভাবে হত্যা করা হলো। আমরা চাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর পরিবারের দায়িত্ব নিক। তাঁর দুই বড় ভাইকে বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়া হোক।’