নিভেছে আ.লীগের বিদ্রোহের আগুন, বিএনপিতে জ্বলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের শেষ সময়ে এসে বিদ্রোহের আগুন নিভল আওয়ামী লীগে। প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী মো. হাবিবুর রহমান। কিন্তু বিএনপির বিদ্রোহের আগুন জ্বলছেই। অনড় ‘বিদ্রোহী’ মো. রবিউল আলম নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। তাঁকে ইতিমধ্যে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
প্রচারণার পাশাপাশি ‘বিদ্রোহী’ প্রার্থীকেও সামাল দিতে হচ্ছে িবএনপিকে। রবিউল আলম অভিযোগ করছেন আওয়ামী লীগের প্রার্থী নয়, বিএনপির প্রার্থীর বিরুদ্ধেই, যা গড়িয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় পর্যন্ত। তিনি গত মঙ্গলবার বিকেলে রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপির দলীয় প্রার্থী ও বর্তমান মেয়র মো. সাইফুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।
রবিউল আলম বলেন, ‘বিএনপির অনেক নেতা-কর্মী হুমকিধমকির কারণে আমার পক্ষে প্রকাশ্যে কাজ করতে পারছেন না। তারা (বিএনপি) আমার কর্মীদের নানাভাবে হুমকি দিচ্ছে। পোস্টার ছিঁড়ে ফেলা ও মাইকে প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। এমনকি নির্বাচনী কার্যালয় থেকে দলীয় লোকজনকে আমার সামনে ধরে নেওয়ার ঘটনা ঘটেছে, যা লিখিতভাবে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছি।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা এস এম শাহাদাত লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।
এ বিষয়ে সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ‘কেউ বাধা দিলে থানায় মামলা বা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিতে পারেন। তাঁরা তদন্ত করে কারও বিরুদ্ধে প্রমাণ পেলে ব্যবস্থা নেবেন। আর দলের লোকজন ধানের শীষ ছাড়া অন্য কোনো প্রতীকে কাজ করতে পারবেন না—এটা দলের সিদ্ধান্ত।’
আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা জানান, নির্বাচনকে আওয়ামী লীগ ও বিএনপি গুরুত্বের সঙ্গে নিয়েছে। বিএনপি মেয়র পদ ধরে রাখতে চায়। আর আওয়ামী লীগ চায় দখলে নিতে। সেদিক থেকে আওয়ামী লীগের িবদ্রোহী প্রার্থী সরে দাঁড়ানোতে দলটি সুবিধাজনক অবস্থানে থাকবে।
গত মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মো. হাবিবুর রহমান দাবি করেন, তিনি বিদ্রোহী প্রার্থী ছিলেন না, বিকল্প প্রার্থী ছিলেন। কারণ, তিনি আওয়ামী লীগের সঙ্গে বিদ্রোহ করতে পারেন না। তিনি বলেন, ‘বাস্তব পরিস্থিতি ও দলের ঐক্যের প্রয়োজনে আমার চিন্তাধারার পরিবর্তন ঘটেছে। কারণ, তা না হলে একটি আঞ্চলিক রাজনৈতিক দলের উত্থান ঘটবে, যারা পার্বত্য চট্টগ্রামে সব নির্বাচনে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ায়। এ জন্য আিম নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।’
এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন চৌধুরী বলেন, ‘হাবিবুর রহমান দলের প্রতি আন্তরিক। আমরা দীর্ঘদিন তাঁর সঙ্গে রাজনীতি করে আসছি। দলীয় স্বার্থে তিনি সরে দাঁড়িয়েছেন। এখন আমরা ঐক্যবদ্ধ।’
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা জামান বলেন, ‘নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। তেমন কোনো গুরুতর ঘটনা এখনো ঘটেনি। আশা করি সব প্রার্থী নির্বাচনী আচরণবিধি মেনে কাজ করবেন।’