নিভেছে দুদলের বিদ্রোহের আগুন, মাঠ গরম করছেন সেই বদনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপিতে বিদ্রোহের আগুন নিভেছে। নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন চেয়ারম্যান পদের দুদলের বিদ্রোহীরা। ফলে, এখন দুদলেই একক প্রার্থী—আওয়ামী লীগের তৌহিদুল হক চৌধুরী ও বিএনপির জালাল উদ্দিন আহমদ। এ ছাড়া চেয়ারম্যান পদে জাতীয় পার্টির আমির আহমদ খানও নির্বাচন করছেন। তবে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে মাঠ গরম করছেন সেই ‘বদনী’।

৭ মার্চ প্রতীক পাওয়ার পর থেকেই জোরোশোরে প্রচারণায় নেমেছেন সব দলে প্রার্থীরা। দিন-রাত ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। এ উপজেলায় নির্বাচন ২৩ মার্চ।

জানা যায়, ৬ মার্চ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও জেলা কমিটির সহসভাপতি আবুল কালাম চৌধুরী, বর্তমান ভাইস চেয়ারম্যান এম এ হান্নান চৌধুরী এবং আওয়ামী লীগ নেতা আবু জাফর। অপর দিকে, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি জালাল উদ্দিন আহমদকে বিএনপির একক প্রাথী করায় সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজামের অনুসারী শাহজাহান চৌধুরী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়ে জালালকে সমর্থন দেন। তিনি উপজেলা বিএনপির একাংশের সভাপতি ও হাইলধর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। একইভাবে বিএনপি নেতা ও বটতলী ইউপি চেয়ারম্যান আবুল কালামও মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

বিএনপির দলীয় সূত্র জানায়, আনোয়ারায় সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজামের সঙ্গে জালাল উদ্দিনের বিরোধ চলে আসছিল পাঁচ বছর ধরে। তাঁদের নেতৃত্বে পৃথক কমিটিও রয়েছে উপজেলায়। তাঁদের মধ্যে বিরোধ ছিল তুঙ্গে। ফলে, জালাল প্রার্থী হলে শাহজাহানও প্রার্থী হন। কিন্তু বিএনপির হাইকমান্ড জালালকে দলীয় মনোনয়ন দিলে দলের সিদ্ধান্ত মেনে নিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন শাহজাহান। শুধু তা-ই নয়, শাহজাহান ও তাঁর অনুসারী সবাই জালালের পক্ষে কাজ করবেন বলেও ঘোষণা দেন।

এদিকে চেয়ারম্যান পদে একক মনোনয়ন দিতে পারলেও ভাইস চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আবু তাহেরের পাশাপাশি লড়াইয়ে আছেন জামায়াতে ইসলামীর ফরিদ উদ্দিন। আওয়ামী লীগে একক প্রার্থী হিসেবে আছেন মৃণাল ধর।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিরিন ইয়াছমিন বিএনপি-সমর্থিত একক প্রার্থী। আওয়ামী লীগের একক প্রার্থী রেহেনা ফেরদৌস চৌধুরী। তবে বিদ্রোহী হিসেবে লড়াইয়ে আছেন ১০ ট্রাক অস্ত্র মামলা থেকে খালাস পাওয়া আলোচিত নারী আসামি মরিয়ম বেগম ওরফে বদনী মেম্বার।

জানতে চাইলে মরিয়ম বেগম বলেন, ‘আমি নেমেছি, মাঠও গরম হয়ে গেছে। আর যেদিক যাচ্ছি, ভোটারদের সাড়া পাচ্ছি।’

জানতে চাইলে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মোজাম্মেল হক বলেন, ‘আমরা দলের প্রার্থীদের জেতাতে কোমর বেঁধে মাঠে নেমেছি। আশা করি, জয়লাভ করব।’ শাহজাহান চৌধুরী বলেন, ‘আমরা দলীয় সিদ্বান্ত ও দলের বাইরে নেই। তাই দলের প্রার্থীর পক্ষে কাজ করব।’