নিমন্ত্রণ রইল...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের জন্য কেবল মুখে নিমন্ত্রণ করলেই কি চলে! চাই আলাদা বার্তা। আর বিয়ের বার্তা হতে পারে একখানা কার্ড। বিয়ের অন্যতম অনুষঙ্গ হয়ে গেছে কার্ড। যেখানে বর-কনের পূর্ণাঙ্গ পরিচয়, আমন্ত্রিত অতিথিদের যাওয়ার স্থান ও সময় বিশেষভাবে উল্লেখ থাকে। নিছক একখানা কাগজ দিয়ে যেমন কার্ড তৈরি করা যায়, তেমনই কয়েক ভাঁজের কাগজ, কাপড় বা বাঁশ-বেতের স্পর্শে তৈরি করা যায় কার্ড। কার্ডের আছে নানা বাহার। কেবল বিয়েতেই নয়, গায়েহলুদ আর বউভাতের জন্য রয়েছে নানা ধরনের কার্ড। এমনটা জানালেন ঢাকার পল্টনে আজাদ প্রোডাক্টসের বিক্রয়কেন্দ্রের শাখা ব্যবস্থাপক শাহিনা সুলতানা। তিনি জানান, ‘বিভিন্ন ধরনের কার্ড আমরা করে থাকি। ছবির ফ্রেমের মতো ফোম আর মোটা কাগজ দিয়ে তৈরি কার্ডের দাম পড়বে ১২০ টাকা। এক ভাঁজের মুখ খোলা কার্ডের দাম পড়বে ৪৫ টাকা। এক ভাঁজ, তবে ওপরে ট্রেসিং পেপার দিয়ে ঢাকা কার্ডের দাম পড়বে ১০০ টাকা। ভেলভেট কাপড়ের তৈরি কার্ডের দাম পড়বে ৬০ টাকা। ফাইলের আকারের কার্ডের দাম পড়বে ৮০ টাকা। ফুলের আকারে তৈরি, ফিতা টেনে খোলা যায়—এমন কার্ডের দাম পড়বে ৪০-৪৫ টাকা। দুই ভাঁজের পালকি আর বেয়ারাদের ছবি-সংবলিত কার্ডের দাম পড়বে ১০ টাকা। সবচেয়ে বেশি দামের কার্ডের দাম পড়বে ৩৫০ টাকা। যাদের আমন্ত্রণ করা হচ্ছে, তাদের জন্য উপহার দেওয়ার ব্যবস্থা থাকবে এই কার্ডের প্যাকেটের মধ্যে। এ ছাড়া কেউ চাইলে নেট বা টিস্যুর ফিতা দিয়ে বেঁধে দেওয়া যাবে। গায়েহলুদের কার্ডগুলো সাধারণত পানপাতা, পালকি, কুলা বা একটা ভাঁজের মধ্যে বিভিন্ন নকশার হয়ে থাকে। দাম পড়বে ১০-২০ টাকা। একসঙ্গে অনেক কার্ডের জন্য দুই থেকে তিন দিন আগেই ফরমায়েশ দিতে হবে—এমনটা জানালেন শাহিনা সুলতানা। পল্টনেই পাবেন নানা কার্ডের নানা দোকান। তবে যাঁরা গৎবাঁধা একই ছাপা আর নকশার কার্ড দেখে হাঁপিয়ে উঠেছেন, তাঁরা চলে আসতে পারেন ঢাকার ধানমন্ডিতে মেট্রো শপিং মল ওপেনটি বাইস্কোপে। আলাদা ধরনের হাতে তৈরি কাগজে মধ্যে আলপনা করা কার্ড পাওয়া যাবে এখানে। এর উদ্যোক্তাদের একজন আয়েশা খাতুন বলেন, ‘আমরা ক্রেতার চাহিদা অনুসারে শুকনা ফুল, পুঁতি, গ্লিটার দিয়ে কার্ডের ডিজাইন করে থাকি। প্রতিটি কার্ডের দাম ১৫-২০ টাকা।