নিমেষেই বইয়ের খোঁজ
গ্রন্থাগারের বিশাল সংগ্রহশালা থেকে প্রয়োজনীয় বই খুঁজে বের করা কম ঝক্কি-ঝামেলার বিষয় নয়। বইয়ের তালিকার রেজিস্টার (খাতা) বা ক্যাটালগ কার্ড ঘেঁটে-ঘুঁটে খুঁজে বের করতে হয় কাঙ্ক্ষিত বইটি। পরিশ্রম তো রয়েছেই, সেই সঙ্গে সময়ের অপচয়ও কম হয় না। কিন্তু, যদি এমন হয় যে আমার কাঙ্ক্ষিত বইটি গ্রন্থাগারে আছে কি নেই, থাকলে কোথায় আছে, ইস্যু করতে পারব কি না—এ রকম নানা বিষয় এক মিনিটের মধ্যে মুঠোফোন বা কম্পিউটারের মাধ্যমে জানা যায়, তাহলে কেমন হয়?বিষয়টি অনেকটা স্বপ্নের মতো মনে হলেও সত্যি সত্যি সেটা কিন্তু সম্ভব। আর এই সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন ঢাকার ইউনিভারসিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স (ইউআইটিএস) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের দুই বন্ধু শামীম রেজা ও আবদুল কাদের। তাঁরা দুই বছর ধরে কাজ করেন ‘ইন্টিগ্রেটেড লাইব্রেরি ম্যানেমেন্ট সিস্টেম’ নামের এ সফটওয়্যারটি উদ্ভাবন করেছেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সিএসই অ্যান্ড আইটি ফেস্টিভ্যাল ২০১২-এর সফটওয়্যার প্রতিযোগিতায় শামীম রেজা ও আবদুল কাদের উদ্ভাবিত ‘ইন্টিগ্রেটেড লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম’ সফটওয়্যারটি প্রথম স্থান দখল করেছে। ওই অনুষ্ঠানে দুই উদ্ভাবকের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিভাগের প্রধান মোহম্মদ কায়কোবাদ, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মুস্তফা জব্বার প্রমুখ। ইন্টিগ্রেটেড লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্ভাবকদ্বয়ের একজন শামীম রেজা এ প্রতিবেদককে জানান, এই সফটওয়্যারের দুটি ইন্টারফেস রয়েছে। একটি গ্রন্থাগারিক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য, অপরটি গ্রন্থাগার ব্যবহারকারীদের জন্য। গ্রন্থাগারের সদস্য না হয়েও যে কেউ এ সিস্টেমের সাহায্যে প্রয়োজনীয় বইয়ের তথ্য জানতে পারবেন। সিস্টেমটি সম্পূর্ণ বারকোড অরিয়েন্টেড হওয়ায় একজন গ্রন্থাগারিক বা কর্মচারী প্রতি মিনিটে কমপক্ষে দুটি করে বই ইস্যু করতে পারবেন। এর জন্য গ্রন্থাগারিকদের তথ্য সংগ্রহের জন্য বড় বড় ভলিউম খাতা সংরক্ষণের প্রয়োজন হবে না। এ পদ্ধতির খরচের ব্যাপারে শামীম রেজা জানান, প্রতিটি বইয়ের গায়ে বারকোড বসানোর জন্য এক টাকার মতো খরচ হবে। সে ক্ষেত্রে ওই বইয়ের তথ্য সংরক্ষণের জন্য বইয়ের গায়ে কার্ড রাখার পকেট তৈরি বা কার্ড সংরক্ষণের দরকার হবে না। যার জন্য ওই খরচটিও বেঁচে যাবে। সুতরাং ওই খরচেই বারকোট সিল লাগানো যাচ্ছে বলে তিনি দাবি করেন।শামীম ও কাদের দুজনেরই বাড়ি যশোর জেলায়। তাঁরা যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে বিনা মূল্যে এ সিস্টেম সরবরাহ করার আগ্রহ প্রকাশ করেছেন।