৪ এপ্রিল অসুস্থ স্ত্রীকে নিয়ে চন্দনাইশ থেকে লালখান বাজার নগর মাতৃসদন মমতা ক্লিনিকে এসেছেন মোহাম্মদ জামাল হোসেন। চন্দনাইশে হাসপাতাল থাকতে এত দূর কেন আসলেন প্রশ্নের জবাবে বললেন, ‘এখানে সেবার মান ভালো, চিকিত্সক-সেবিকাদের ব্যবহার অমায়িক। চিকিৎসার খরচও যথেষ্ট সাশ্রয়ী। আমার প্রথম সন্তানও এই ক্লিনিকেই জন্মেছে। তাই এবারও এত দূর আসা।’মমতা ছাড়াও নগরের আরও কয়েকটি হাসপাতালে বেসরকারি উদ্যোগে বিভিন্ন দাতা সংস্থার সহযোগিতায় গর্ভবতী মায়েদের নিরাপদ প্রসব ও প্রসবোত্তর চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। যেমন, মেরি স্টোপস ক্লিনিক, সূর্যের হাসি ক্লিনিক প্রভৃতি। এসব ক্লিনিকে ন্যূনতম টাকায় এবং কোনো কোনো ক্ষেত্রে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়। মূলত নিম্নআয়ের মানুষেরাই বেশি আসেন এসব হাসপাতালে। নগরের ১৪ নম্বর ওয়ার্ডের লালখান বাজার চানমারী সড়কে আছে নগর মাতৃসদন মমতা ক্লিনিক। ২০০১ সালে প্রতিষ্ঠিত ৬০ শয্যার এই হাসপাতালে বিশেষজ্ঞ চিকিত্সক আছেন ২০ জন। প্রসূতি মায়েদের উন্নত সেবা নিশ্চিত করার জন্য ৩০ জন প্রশিক্ষিত সেবিকা কাজ করছেন। প্রসূতি মায়েদের সেবা ছাড়াও এই হাসপাতালের বহির্বিভাগে শিশু ও গর্ভবতী মায়েদের বিভিন্ন টিকাদান কর্মসূচি চালু রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত এখানে ২৫ হাজার গর্ভবতী মায়ের নিরাপদ প্রসব হয়েছে। হাসপাতালের কার্যক্রম সম্পর্কে পরামর্শক (কাউন্সিলর) সৈয়দা আইরিন পারভীন জানান, ‘আমরা নামমাত্র মূল্যে এখানে সর্বোচ্চ মানসম্পন্ন সেবা নিশ্চিত করি। নিরাপদ প্রসব নিশ্চিত করতে সব ধরনের আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করছি। ফলে স্বল্প আয়ের মানুষেরাও আমাদের পূর্ণাঙ্গ সেবার আওতায় পড়ছেন।’ হাসপাতাল সূত্র জানায়, গরিব রোগীদের সম্পূর্ণ বিনা মূল্যে সেবা দেওয়া হয়। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বহির্বিভাগে রোগী দেখা হয়। জরুরি বিভাগ খোলা থাকে সব সময়। লালখান বাজার ছাড়াও নগরে আরও ছয়টি ভিন্ন ভিন্ন কেন্দ্র রয়েছে। মূলত স্বল্প আয়ের মানুষই এসব হাসপাতালের সেবা নেন। তবে হাসপাতালের ব্যবস্থাপনায় কোনো কোনো ক্ষেত্রে স্বচ্ছতার অভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত মমতা ক্লিনিক সম্পর্কে ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর এফ কবির জানান, ‘বিগত সময়ে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ ফারুক কোনো হিসাব আমাদের দেননি। বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও উনি কোনো সাধারণ সভায় উপস্থিত ছিলেন না। তবে হাসপাতালের বর্তমান পরামর্শক সাবরিনা সিদ্দিকী যোগ দেওয়ার পর হাসপাতালের সব বিষয়ে স্বচ্ছতার আশ্বাস দিয়েছেন।’ তিনি আরও জানান ‘মেয়র মহোদয়ের আন্তরিক চেষ্টায় মমতার জন্য একটি স্থায়ী জায়গার বন্দোবস্ত হয়েছে। আশা করি, অচিরেই আমরা নিজস্ব ভূমিতে আধুনিক সুবিধাসহ নতুন ভবন চালু করতে পারব।’ইউএসএইডের পরিচালনায় চেরাগি পাহাড়, রাহাত্তারপুলসহ নগরের ১৩টি স্থানে গর্ভবতী মায়েদের সেবা দিচ্ছে সূর্যের হাসি ক্লিনিক নিষ্কৃতি। এর মধ্যে রাহাত্তার পুলে ৩০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতালে নিরাপদ প্রসব নিশ্চিত করতে সব ধরনের আধুনিক ব্যবস্থা রয়েছে। অন্য কেন্দ্রগুলোতে গর্ভবতী মায়েদের গর্ভকালীন স্বল্পমূল্যে সব ধরনের সেবা দেওয়া হয়। এ ছাড়াও এখানে রয়েছে জন্মনিয়ন্ত্রণের ব্যবস্থা। পাশাপাশি সাধারণ রোগেরও চিকিৎসা দেওয়া হয়। প্রতিটি কেন্দ্রে একজন বিশেষজ্ঞ চিকিত্সক এবং দুজন প্রশিক্ষিত সেবিকা সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত কাজ করেন। প্রয়োজনে দ্রুত চিকিৎসাসেবা দিতে রোগীকে অ্যাম্বুলেন্সে আনা-নেওয়ার ব্যবস্থা রয়েছে। নিষ্কৃতির সেবার মান সম্পর্কে জামালখানের বিমল চৌধুরী বলেন, ‘দীর্ঘদিন ধরে এই সেবাকেন্দ্র সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। সেবার মান এবং অন্যান্য দিক বিবেচনা করলে যেকোনো বড় হাসপাতালের তুলনায় এখানে অনেক ভালো সেবা পাওয়া যায়।’১৯৮২ সালে প্রতিষ্ঠার পর থেকে নানা শ্রেণীর রোগীকে চিকিৎসাসেবা দিচ্ছে সূর্যের হাসি ক্লিনিক নিষ্কৃতি। জামালখান কেন্দ্রের ব্যবস্থাপক মিন্টু ভৌমিক বলেন, ‘আমরা সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করি। তবে রোগীদের সম্পূর্ণ বিনা মূল্যে সেবা দিতে পারলে আরও ভালো লাগত।’নগরবাসীকে আধুনিক মানের সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করছে মেরি স্টোপস ক্লিনিক। বিভিন্ন সেবাকেন্দ্রের মধ্যে মেরি স্টোপসের সেবার মানও ইতিমধ্যে প্রশংসা পেয়েছে।