
মিয়ানমারের ২৭ কারখানায় উৎপাদিত ইয়াবা চোরাচালান কোনো অবস্থাতেই বন্ধ করা যাচ্ছে না; বরং বাংলাদেশ-মিয়ানমার ইয়াবা চোরাচালান নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। প্রতি মাসে টেকনাফ, উখিয়া ও নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে শত কোটি টাকার ইয়াবা চালান দেশে ঢুকছে।
ঈদুল আজহার আগে কক্সবাজার-টেকনাফ সড়ক এবং কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বিভিন্ন স্থানে প্রশিক্ষিত ডগ স্কোয়াড দিয়ে ইয়াবাবিরোধী অভিযান শুরু করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কৌশল পাল্টে পাচারকারীরা সমুদ্রপথে ইয়াবা চালান নিয়ে যাচ্ছে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, বরিশাল, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে।
এই মাসের বিভিন্ন সময়ে নাফ নদীতে অভিযান চালিয়ে বিজিবির সদস্যরা কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছেন। টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ বলেন, চোরাচালানীরা এখন নিরাপদ রুট হিসেবে সাগরপথ বেছে নিয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, বর্তমানে উপজেলার শাহপরীর দ্বীপ, নয়াপাড়া, সাবরাং, মৌলভীপাড়া, নাজিরপাড়া, জালিয়াপাড়া, নাইট্যংপাড়া, জলিলেরদিয়া, লেদা, আলীখালী, হ্নীলা, হোয়াইক্যং, উখিয়ার বালুখালী, উলুবনিয়া, পালংখালী, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম, তুমব্রু, দোছড়িসহ অন্তত ৩৩টি স্থান দিয়ে ইয়াবা চালান দেশে ঢুকছে।
কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম বলেন, সড়কে দমদমিয়া ও মরিচ্যা চেকপোস্টে ডগ স্কোয়াড নামানোর পর পাচারকারীরা নৌপথে ইয়াবা পাচার করছে। বিজিবির আরেকজন কর্মকর্তা বলেন, মিয়ানমারে স্থাপিত ২৭টি কারখানায় উৎপাদিত বেশির ভাগ ইয়াবা টেকনাফ-উখিয়া ও নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকছে। পতাকা বৈঠকে ইয়াবা কারখানা বন্ধ করার জন্য মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড মিয়ানমারের (বিজিপি) কর্মকর্তাদের অনুরোধ করা হলেও তাঁরা এ ব্যাপারে সাড়া দিচ্ছেন না।
হুন্ডির মাধ্যমে ইয়াবার টাকা লেনদেন: মিয়ানমার থেকে বাংলাদেশে আসা ইয়াবা বিক্রির কোটি কোটি টাকা মিয়ানমারে পাঠানো হচ্ছে হুন্ডির মাধ্যমে। টেকনাফের বিভিন্ন স্থানে হুন্ডির ব্যবসা চললেও জড়িতদের ধরা হয় না।
সূত্র জানায়, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ইতিমধ্যে টেকনাফ, কক্সবাজার, চট্টগ্রাম ও মিয়ানমারকেন্দ্রিক শতাধিক হুন্ডি চক্রের সদস্যের তালিকা তৈরি করেছে। তালিকায় টেকনাফের আবু বক্কর ছিদ্দিক, হাশিম উল্লাহ, রশিদ আহমদ, জামাল হোসেন, খুইল্যা মিয়া, মোহাম্মদ জোবাইর, আবদুস শুক্কুর, মো. আনোয়ার, হোসেন কেরানি, মো. আয়ুব প্রকাশ, বাইট্টা আয়ুব, মোহাম্মদ ইউনুচ, আবু বক্কর, মো. ইসমাইল, আব্দুল জলিল, জাফর সাদেক, নুরুল আমিন, মোহাম্মদ হাছান, আব্দুল করিম, ঈমান হোসেন, মো আলম, হাফেজ এমরান, মুজিব উল্লাহ, ফায়েত উল্লাহ, মৌলভী মনির আহমদ, মং মং সি এবং আবু সৈয়দের নাম রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) এ কে এম মনজুর আলম বলেন, ইতিমধ্যে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বেশ কয়েকজন ইয়াবা চোরাচালানিকে আটক করা হয়েছে। পুলিশের সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধের ঘটনায় এ পর্যন্ত টেকনাফের তিনজন তালিকাভুক্ত ইয়াবা চোরাচালানি গুলিবিদ্ধ হয়েছেন। এখন ইয়াবার টাকা লেনদেনকারী হুন্ডি ব্যবসায়ীদের ধরার চেষ্টা চলছে।
বিজিবি অধিনায় লে. কর্নেল আবুজার আল জাহিদ বলেন, গত ৩ অক্টোবর বিজিবি সদস্যরা টেকনাফ পৌরসভার শাপলা চত্বর এলাকায় অভিযান চালিয়ে হুন্ডির নগদ ২৩ লাখ টাকাসহ নুর কবিরকে (২৩) আটক করে। তিনি স্থানীয় জালিয়াপড়ার নুর মোহাম্মদের ছেলে। আটক নুর কবির বিজিবির কাছে বলেন, তিনি কেবল হুন্ডির টাকা পৌঁছে দেন। টাকাগুলো টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল গ্রামের জনৈক আবু সৈয়দের। ওই দিন টেকনাফ থানায় আবু সৈয়দ, কুলার পাড়ার মো. শহিদ ও আটক নুর কবিরকে আসামি করে বিজিবি একটি মামলা দায়ের করে।
নাম প্রকাশে অনিচ্ছুক টেকনাফের একটি বাণিজ্যিক ব্যংকের ব্যবস্থাপক জানান, ইয়াবা বিক্রির টাকা ছাড়াও প্রতিদিন টেকনাফ স্থল বন্দরে মালামালের বিপরীতে এবং শাহপরীর দ্বীপ করিডর দিয়ে আনা গবাদিপশু বিক্রির টাকা মিয়ানমারে পাঠানো হচ্ছে হুন্ডির মাধ্যমে। আইনশৃংখলা বাহিনীর কতিপয় সদস্য হুন্ডি ব্যবসায়ীদের থেকে মাসিক মাসোহারা আদায় করেন বলে এরা ধরাছোঁয়ার বাইরে থাকছে। ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ করতে হলে আগে হুন্ডি ব্যবসায়ীদের ধরতে হবে। টাকার লেনদেন বন্ধ হলে ইয়াবা ব্যবসা এমনিতে বন্ধ হয়ে যাবে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন বলেন, হুন্ডি ব্যবসায়ীদের ধরার চেষ্টা চলছে।