নিয়ম না জানায় প্রতারিত প্রবাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারার বরুমছড়া এলাকার মো. আজিজ সাত বছর ওমানে ছিলেন। শেষ তিন বছর ছিলেন ভিসা ছাড়া। ফেরার সময় বিমানবন্দরে ধরা পড়েন। তিন দিন আটকে রাখার পর তঁাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। ভিসা ছাড়া ওই দেশে থাকার অপরাধে তঁাকে কালো তালিকাভুক্ত করা হয়। কিন্তু এক বছর পর নতুন করে ভিসা নিয়ে আবার ওমান যান আজিজ। পুনরায় তঁাকে ফেরত পাঠানো হয়।
আজিজ একা নন, তঁার সঙ্গে ২২ জনকে ভিসার মেয়াদ শেষ হওয়ায় দেশে ফেরত পাঠানো হয়। অজ্ঞতা, অসচেতনতা এবং দালাল চক্রের দৌরাত্মে্য এভাবে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন অভিবাসীরা।
ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও থেকে যাওয়া, নকল ভিসা, এক কাজের ভিসা নিয়ে অন্য কাজে নিয়োগ, চুক্তি অনুযায়ী বেতন না পাওয়া ও ভিসার জন্য মাত্রাতিরিক্ত ব্যয়ের মাধ্যমে প্রতারিত হন অভিবাসীরা।
ওমান থেকে ফিরে আসা মো. আজিজ বলেন, ‘আমাদের বলা হয়েছিল ভিসা না থাকলেও সমস্যা হবে না। তাই আসিনি। পরে আমাদের ২২ জনকে আটকে রাখে। অথচ ওমান যেতে আমার সাড়ে চার লাখ টাকা খরচ হয়েছে। তখন যদি অভিজ্ঞ কারও পরামর্শ পেতাম, তবে এমন বিপদে পড়তাম না।’
জানা গেছে, ১৯৭৬ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সরকার মধ্যপ্রাচ্যে সরাসরি শ্রমিক পাঠাত। এরপর জনশক্তি রপ্তানি বেসরকারি খাতেও দেওয়া হয়। তখন থেকে প্রতারণা বেড়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিমত। নিরাপদ অভিবাসন, সচেতনতা, অর্জিত রেমিট্যান্সের যথাযথ ব্যবহার, স্বাস্থ্যসচেতনতা, পরিবারের নিরাপত্তা ইত্যাদি বিষয়ে জনশক্তি কার্যালয়ের পাশাপাশি বেশ কিছু উন্নয়ন সংস্থাও কাজ করছে।
এ বিষয়ে জানতে চাইলে উন্নয়ন সংস্থা কারিতাসের ‘প্রমোটিং সেইফ মাইগ্রেশন অব বাংলাদেশ মাইগ্রান্ট’–এর প্রকল্প কর্মকর্তা মাজাহারুল ইসলাম বলেন, ‘মূলত সচেতনতার অভাবে অভিবাসীরা প্রতারিত হন কিংবা সমস্যায় পড়েন। বিদেশ যাওয়ার আগে ভিসা, কাজ, বেতন ইত্যাদি যাচাই করার অনেক পদ্ধতি রয়েছে। যাচাই করলে প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে। আমরা এখন এসব বিষয় নিয়ে তঁাদের সচেতন করার কাজ শুরু করেছি।’
জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের প্রায় ১৫ লাখ লোক দেশের বাইরে থাকেন। এর মধ্যে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি। চট্টগ্রামের রাউজান, সন্দ্বীপ, লোহাগাড়া, রাঙ্গুনিয়া, চন্দনাইশ, আনোয়ারার প্রবাসী বেশি। তবে কতজন অভিবাসী প্রতারণার শিকার হন কর্মসংস্থান কার্যালয়ে এ–সংক্রান্ত কোনো তথ্য নেই। প্রতারিত হলেও বেশির ভাগ ভুক্তভোগী অভিযোগ করতে চান না।
জানতে চাইলে জেলা কর্মসংস্থান ও জনশক্তি দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদার বলেন, ‘আমাদের কাছে পঁাচ-ছয়জন অভিযোগ দিয়েছে। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। প্রতারণার ঘটনা বেসরকারি পর্যায়ে বেশি ঘটে। সরকারিভাবে যারা যায়, তাদের প্রতারিত হওয়ার আশঙ্কা নেই। যে কেউ যাওয়ার আগে সবকিছু আমাদের কাছে কিংবা যঁারা এটা নিয়ে কাজ করছেন, তঁাদের কাছে গিয়ে যাচাই করে নিতে পারে।’
চন্দনাইশের মো. পেটান দুবাই গিয়ে প্রতারণার শিকার হন। তাঁকে কার্পেন্টার হিসেবে নিয়ে যাওয়া হয়। কিন্তু কাজ করতে হয়েছে নির্মাণশ্রমিকের। পেটান বলেন, ‘আমি ধার করে আড়াই লাখ টাকায় ভিসা কিনেছিলাম। বেতন ছিল দেড় হাজার দিরহাম। কিন্তু ওখানে গিয়ে আমাকে দেওয়া হয় ৭০০ দিরহাম। দুই বছর পর ফিরে আসি।’ অনেক অভিবাসী আত্মীয়স্বজন কিংবা পাড়া-প্রতিবেশীর মাধ্যমেও প্রতারিত হন বলে অভিযোগ রয়েছে। রাঙ্গুনিয়ার মো. হারুন ২০১২ সালে ওমান গিয়েছিলেন এক দূরসম্পর্কের আত্মীয়ের মাধ্যমে। এক লাখ ৭০ হাজার টাকায় ভিসা কিনেছিলেন ওই স্বজনের কাছ থেকে। সেখানে গিয়ে দেখেন তাঁকে রাজমিস্ত্রির কাজ দেওয়া হয়েছে। কিন্তু তিনি ওই কাজ না জানায় ওমানের নিয়োগকর্তা হারুনকে দুই মাসের মাথায় দেশে পাঠিয়ে দেন। জানতে চাইলে হারুন বলেন, ‘এ নিয়ে গ্রামে সালিস হয়েছে। সালিসে ক্ষতিপূরণ হিসেবে আমাকে ৮০ হাজার টাকা দিতে বলা হয়েছে। কিন্তু সে টাকা এখনো পাইনি। ধার করে বিদেশ গিয়েছিলাম অনেক আশা নিয়ে। কিন্তু এখনো প্রতারণার ধাক্কা সামলে উঠতে পারিনি।’