
সুস্বাস্থ্যের জন্য যাঁরা নতুন নতুন হাঁটতে শুরু করছেন বা শিগগিরই শুরু করবেন বলে পরিকল্পনা করছেন, তাঁদের হাঁটাহাঁটির সঠিক নিয়ম জেনে নেওয়া উচিত। ভাবছেন, হাঁটার আবার নিয়ম আছে নাকি? সঠিক নিয়মে, সঠিক গতিতে না হাঁটলে তা ব্যায়াম বলে গণ্য হয় না, উপকারও তেমন হয় না।
১. পঞ্চাশোর্ধ্ব পুরুষ ও চল্লিশোর্ধ্ব নারীরা আগে চিকিৎসকের কাছ থেকে জেনে নিন, কতটুকু পরিশ্রম করা আপনার পক্ষে সম্ভব।
২. হাঁটার গতি এমন হবে যে কিছুক্ষণ পর যেন আপনার নাড়ির গতি স্বাভাবিকের তুলনায় শতকরা ৫০ থেকে ৭৫ ভাগ বেড়ে যায়। এ জন্য হাত দিয়ে নিজের নাড়ির স্পন্দন দেখা শিখে নিতে পারেন।
৩. প্রথমে মিনিট পাঁচেক নড়াচড়া। এতে করে পেশিগুলো হাঁটার জন্য তৈরি হবে। এরপর একে একে পায়ের পেশিগুলো প্রসারিত করুন, প্রতিবার ১০ সেকেন্ড করে। এবার মাথাটি এক-চতুর্থাংশ ঘুরিয়ে আনুন ৫ থেকে ১০ বার। এরপর হাত ঘুরিয়ে ব্যায়াম করুন ১০ থেকে ১৫ বার।
৪. এবার হাঁটা শুরু। সোজা হয়ে দাঁড়ান। বেশি সামনে বা পেছনে ঝুঁকবেন না। দৃষ্টি থাকবে সামনে, নিচে নয়। কনুই থাকবে মাটির সঙ্গে সমকোণে। চিবুক থাকবে উঁচু। খুব বড় বা খুব ছোট কদম নয়, স্বাভাবিক কদমে জোরে জোরে হাঁটতে শুরু করুন।
৫. সবশেষে হাঁটার গতি কমিয়ে দিন, ধীরে ধীরে থামার জন্য প্রস্তুত হোন। এবার একটা পর্ব শেষ হলো।
৬. হাত বা পায়ে ভারী ওজন বহন করবেন না। করতে হলে পিঠে ব্যাগ নিয়ে নিন। অন্ধকারে, গাড়ির রাস্তায় বা উঁচুনিচু রাস্তায় হাঁটবেন না। l
মেডিসিন বিভাগ, ইউনাইটেডহাসপাতাল।