নিয়োগ পাওয়ার এক বছর পরও বেতন-ভাতা পাচ্ছেন না ১৮ শিক্ষক
মিরসরাইয়ের রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ১৮ জন শিক্ষক চাকরি করছেন এক বছরের বেশি সময় ধরে। কিন্তু বেতন-ভাতার স্বাদ পাননি এখনো। ২০১২ সালের এপ্রিল মাসে তাঁরা চাকরিতে যোগদান করেন। এখন তাঁরা পরিবার-পরিজন নিয়ে চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন।
জানা গেছে, উপজেলার ১৪টি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮ জন সহকারী শিক্ষক নিয়োগের পর থেকে বেতন-ভাতা পাচ্ছেন না।
চুনিমিঝির টেক রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাবিনা ইয়াসমিন। তিনি ওই বিদ্যালয়ে নিয়োগ পান গত বছরের ২৯ এপ্রিল। গত মাসে তাঁর নিয়োগের এক বছর পার হয়েছে। গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রহিমা আক্তার গত বছরের ২ মে চাকরিতে যোগদান করেন। ইতিমধ্যে তাঁরও চাকরির এক বছর পূর্ণ হয়েছে। তাঁদের মতো একই সময় নিয়োগপ্রাপ্ত অন্যরাও বেতন-ভাতা পাচ্ছেন না। তাঁরা জানান, একই সময়ে নিয়োগকৃত পাশের সীতাকুণ্ড ও ছাগলনাইয়া উপজেলার বেসরকারি শিক্ষকেরা ইতিমধ্যে বেতন-ভাতা পেয়েছেন।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির মিরসরাই উপজেলা শাখার সভাপতি মঞ্জুর কাদের চৌধুরী বলেন, একটানা ১২ মাস বেতন না পেয়ে শিক্ষকেরা সংসারের খরচ মেটাতে পারছেন না। তাঁরা মানবেতর জীবন যাপন করছেন।
বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মিরসরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরুন নবী জানান, নিয়োগের পর থেকে তাঁদের বেতনের জন্য প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছি। কয়েক দফা প্রয়োজনীয় কাগজপত্রও পাঠিয়েছি। কিন্তু কোনো লাভ হয়নি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ সীতাকুণ্ডে নিয়োগপ্রাপ্তরা বেতন পেয়েছেন বলে স্বীকার করেছেন। তিনি জানান, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিতে বিলম্ব হওয়ায় কারণে মিরসরাইয়ের শিক্ষকেরা বেতন-ভাতা পাচ্ছেন না। ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে মিরসরাইয়ের শিক্ষকেরা অচিরেই বকেয়া বেতনসহ চলতি মাসের বেতন পেয়ে যাবেন।