নিরন্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

চিরচেনা সেই ইজিচেয়ারটায় গা এলিয়ে বসে আছেন। অনেক কষ্ট করে মাসের টাকা কিছু কিছু করে জমিয়ে চেয়ারটা কিনেছিলেন বাবা। অবসর পেলেই হেলান দিয়ে চোখ বন্ধ করে আধশোয়া অবস্থায় বসে থাকেন। মাঝেমধ্যে পা নাড়ান। ঠিক বোঝা যায় না ঘুমিয়ে নাকি জেগে আছেন।
মৃদু পায়ে ঘরে ঢুকলাম।
আমার আগমনে তাঁর একটুও পরিবর্তন লক্ষ করলাম না। শুধু চোখ খুলে আধশোয়া অবস্থাতেই তিনি আমাকে আপাদমস্তক কিছুক্ষণ নিরীক্ষণ করলেন।
হঠাৎ তিনি সামনে একটু ঝুঁকে এসে আমাকে প্রশ্ন ছুড়লেন, ‘হোয়াট টাইপ অব আ রাসকেল ইউ আর হ্যাভ ইউ অ্যানি আইডিয়া?’
আমি ঠায় দাঁড়িয়ে রইলাম। জানি এই প্রশ্নের উত্তর তিনি প্রত্যাশা করেন না।
হেলান দিয়ে একটানা কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। তারপর তাচ্ছিল্যের স্বরে ক্ষুব্ধ কণ্ঠে বলে ওঠেন, ‘অপদার্থ।’
এতটাই তাচ্ছিল্যের স্বরে বললেন যে কয়েক মুহূর্তের জন্য নিজেকে অপদার্থ ভাবতেও লজ্জা বোধ করছিল। তার চেয়েও নিচু যদি কিছু থাকে তবে সেটা আমি।
চোখ বন্ধ করে আবারও তিনি পা নাড়াতে থাকলেন। বুঝতে পারলাম আমাকে তিনি আর এক মুহূর্তও সহ্য করতে পারছেন না।
প্রতিবার এ রকমই হয়।
মৃদুপায়ে বেরিয়ে গেলাম।
মা বসে আছেন টেবিলে ভাত নিয়ে। আমাকে দেখে ভেজা কণ্ঠে বললেন, আয় খেতে আয়।
বিদ্যুৎ নেই। আমি যখন ভাত খাচ্ছিলাম মা পাশে বসে পাখা দিয়ে বাতাস করছিলেন। মায়ের চোখে জল টলমল করছিল। নিজেকে অনেক কষ্টে সংযত করে খেতে থাকলাম। কী ভেবে যে উনি আজকে আমার পছন্দের খাবার রান্না করেছিলেন আর আমিও ঠিক আজকেই চলে এসেছি। আসলে মা এমনই হয়।
এত দিন কোথায় ছিলাম, তিনি কিছুই জানতে চাইলেন না, আর কখনো তিনি সেটা জিজ্ঞেস করেন না। শুধু বলেন, ‘কী আনন্দ পাস তুই আমাদের ছেড়ে?’
আমি কোনো উত্তর দিতে পারি না। এ প্রশ্নের উত্তর আমারও যে জানা নেই। শুধু এটুকুই জানি, ঘর আমাকে বেঁধে রাখতে পারে না। পথিক কোন অজানা কারণে ছুটে বেড়ায় নিরন্তর, তার খবর সে জানবে কী করে!
আমার মৌনতা দেখে মা আর কোনো প্রশ্ন করেন না। জানেন, বলে কোনো লাভ নেই। শুধু আঁচল দিয়ে চোখের জল মুছে খাবারগুলো গোছাতে থাকেন।
রুমে গিয়ে দেখি আঁখি ঘুমিয়ে আছে। আমার ভাগনি। বয়স মাত্র ছয় বছর। এত অল্প বয়সে অনেক কিছু বুঝতে শিখেছে ও। ওর একটা আজব অভ্যাস আছে। ঘুমের মধ্যে যখন ওকে কিছু জিজ্ঞেস করা হয়, ঠিকঠাক উত্তর দিয়ে দেয়। আমি মৃদুপায়ে এগিয়ে এসে ওর মুখের ওপর ঝুঁকে বসলাম। নিচু স্বরে বললাম, কী রে আঁখি, কেমন আছিস?
ও উত্তর দেয়, ‘মামা, ভালো আছি। তুমি কখন আসছ?’
উত্তর না দিয়েই জিজ্ঞেস করি, তোর মা কেমন আছে?
‘আম্মু তোমাকে অনেক দিন ধরে খুঁজছে।’
কেন?
‘তোমাকে নাকি বিশেষ দরকার।’
আমি আঁখির গালে একটা টোকা দিই। চোখ খুলে ও বিশ্বাস করতে পারে না। লাফিয়ে উঠে আমাকে মামা বলে জড়িয়ে ধরে।
‘মামা, কখন আসছ! এত দিন কোথায় ছিলা? আমি তোমার জন্য কত দিন অপেক্ষা করেছি জানো! আমার পরীক্ষার রেজাল্ট দিয়েছে। আমি ফার্স্ট হয়েছি!’
কোনো উত্তর দিতে ইচ্ছে করছে না। জড়িয়ে ধরে ওর গালে একটা চুমু দিই। আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে সে, যেন আর কোনো দিন কোথাও যেতে দেবে না।