শিল্পী আলমগীর আলাউদ্দিনের সংগীতচর্চার বয়স ৪০ বছর। তিনি শুধু একজন কণ্ঠশিল্পীই নন, একজন সফল সুরকারও। অনেক গুণী শিল্পীও তাঁর সুরে গান করেছেন। প্রয়াত কণ্ঠশিল্পী, সংগীত পরিচালক এ কে মেজবাহ উদ্দিন আহমদ তাঁর অগ্রজ। তাঁর কাছেই সংগীতের হাতেখড়ি। ভাইয়ের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সেই যে শুরু, তা আজও চলছে। চিরতরুণ আলমগীর আলাউদ্দিন চার দশকের নিরন্তর সুরের সাধনায় মনটাকেও সতেজ করে রেখেছেন। সেই ১৯৭২ সালে বেতারে ছোটদের অনুষ্ঠান দিয়েই তাঁর যাত্রা। ছয় বছর পর ১৯৭৮ সালে বেতারে আধুনিক গানের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। বর্তমানে তিনি বাংলাদেশ টেলিভিশন ও বেতারে বিশেষ শ্রেণীর সুরকার ও সংগীত পরিচালক হিসেবে তালিকাভুক্ত।তিনি বলেন, ‘আমার বড় ভাই ছিলেন শিল্পী, আরেক ভাই কবি। সব মিলিয়ে এক সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি হয়েছিল পরিবারের মধ্যেই। সেই জন্য শিল্পসাধনায় থাকতে পেরেছি ছোটবেলা থেকে।’ তাঁর সুর করা গানের সংখ্যা প্রায় চার হাজার। শুধু আধুনিক গান নয়, তাঁর সংগীতচর্চার পরিধি আরও বিস্তৃত। নানা বিষয়ের, নানা আঙ্গিকের গান গাইতে তিনি অভ্যস্ত, বিশেষ করে চট্টগ্রামে তাঁর গজলের ভক্ত আছে প্রচুর। অনেকে তাঁকে জানেন গজলশিল্পী হিসেবে। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই আমার গজলের প্রতি ঝোঁক ছিল। অবসর সময়ে গজল শুনতাম, অনেক সময় একটা গানই শুনতাম বারবার এবং হারমোনিয়াম বাজিয়ে গাইতে চেষ্টা করতাম।কখনো জানতে চেষ্টা করতাম বিশেষ কোনো অংশের তাৎপর্য, আর তার সঙ্গে সুরের গভীরতা পরখ করতাম। কোথাও মিড়ের বা গমকের কাজগুলো ভালো করে আত্মস্থ করার চেষ্টা করতাম। বড় বড় গায়কের সূক্ষ্ম গায়কি সব সময় অত্যন্ত মন দিয়ে শুনতাম। পরবর্তী সময়ে চেষ্টা করতাম নিজের কণ্ঠে সেই সুর, সেই গায়কি, সেই গমকের কাজ তুলে আনতে।’ নিজের কানকে সচেতন করা আর নিজেকে গড়ে তোলার এই অবিরাম চেষ্টাই তাঁকে শ্রোতাদের কাছে নিয়ে গেছে। নিজের ভালো লাগার কারণে তিনি গজল শুনেছেন আর দর্শক-শ্রোতার ভালোবাসার কারণে গজল গেয়েছেন চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন অনুষ্ঠানে।এ পর্যন্ত ১২টি অ্যালবামের সুর ও সংগীত পরিচালনা করেছেন। তাঁর সুরে গান গেয়েছেন আবদুল মান্নান রানা, সাইফুদ্দীন মাহমুদ খান, উত্তম দত্ত, ররি চৌধুরীর মতো গায়কেরা।আলমগীর আলাউদ্দিনের জন্ম চট্টগ্রামে, বেড়েও উঠেছেন এখানে। এটাই তাঁর প্রিয় শহর। তাই চট্টগ্রাম ছেড়ে যাওয়ার কথা চিন্তা করেননি কখনো। তিনি বলেন, ‘প্রতিভা আর সাধনা থাকলে যেকোনো জায়গায় থেকে কাজ করা যায়।’ একজন জ্যেষ্ঠ শিল্পী ও সুরকার হিসেবে বর্তমানে সংগীতের অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘কিছু কিছু ভালো গান যে হয় না তা নয়, তবে সেটি খুব কম। আমার মতে, আধুনিক গানের সুরে এখন আর সেই প্রাণ নেই, নেই কোনো মেলোডি। সাধারণ শ্রোতাদের ক্ষণিকের জন্য ভালো লাগলেও মানুষকে আচ্ছন্ন করতে, মনে দাগ কাটতে পারছে না এসব দুর্বল কথা, সুর ও গায়কির গান।’তবে তিনি বলেন, ‘বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তির কল্যাণে আমাদের দেশও এগিয়ে যাচ্ছে। সংগীতের আগের ঐতিহ্য ফিরিয়ে আনতে গীতিকার, সুরকার কণ্ঠশিল্পী ও মিডিয়া বা নির্মাতাকে আরও আন্তরিক ও একাগ্র হতে হবে। খুঁজে দেখতে হবে সংগীতের দুর্বলতার দিকগুলো। ষাট, সত্তর, আশি, নব্বইয়ের দশকের কালজয়ী গানগুলো নতুন শিল্পীদের বেশি বেশি করে শুনতে হবে। মানুষ কেন সেই গান আজও শোনে, তা নিয়ে ভাবতে হবে। বুঝতে হবে শ্রোতার হূদয়কে। বাণিজ্য নয়, সাধনা হিসেবেই নিতে হবে সংগীতকে। মাটিসংলগ্ন হতে হবে শিল্পীকে। আমাদের সংস্কৃতি ধারণ করেই নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে।’