নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মোমবাতি নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন গ্রাহকেরা। ১ এপ্রিল রাতে শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ ফাউন্ডেশনের আহ্বানে ওই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি কাকারার বিভিন্ন সড়ক ঘুরে শাহ ওমরাবাদ স্টেশনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ।
এতে বক্তব্য দেন কাকারা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু তাহের, সমাজসেবক নাসির উদ্দিন, আবদুর রাজ্জাক, চকরিয়া মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. আইয়ুব, সাধারণ সম্পাদক এইচ এম রুহুল কাদের, সহসভাপতি আরমানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবদুল জব্বার, অর্থ সম্পাদক এরশাদুল ইসলাম, তথ্যপ্রযুক্তি সম্পাদক আবু হানিফ মো. নোমান প্রমুখ।
বক্তারা বলেন, পল্লী বিদ্যুৎ থেকে ন্যূনতম সেবাও পাওয়া যাচ্ছে না। দিনে তিন-চার ঘণ্টার বেশি বিদ্যুৎ পাওয়া যায় না। অভিযোগ করলে উল্টো হয়রানি ও ক্ষতির শিকার হতে হয়। বিদ্যুৎ বিভ্রাটের কারণে নষ্ট হচ্ছে বিভিন্ন সরঞ্জাম। এখন এইচএসসি পরীক্ষা চলছে। বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা বেকায়দায় পড়েছে।
জানতে চাইলে চকরিয়া পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক মো. আশরাফ উদ্দিন খান বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময় লাইন বিচ্ছিন্ন হলে বিদ্যুৎ সরবরাহ করা যায় না। তা ছাড়া ৩৩ কেভি ট্রান্সফরমারসহ গ্রামীণ এলাকার বৈদ্যুতিক তার লোড ক্যাপাসিটি ধারণ উপযোগী না হওয়ায় সরকার পর্যাপ্ত বিদ্যুৎ বরাদ্দ দিলেও এখানে বিদ্যুৎ আনা সম্ভব হয় না। এই ত্রুটি সারাতে নতুন লাইন বসানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। নতুন লাইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করা যাবে না।