নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। চলতি মাসের মধ্যে এ কাজ শেষ হবে বলে জানিয়েছেন কারা কর্মকর্তারা।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মোহাম্মদ মাহাবুবুল ইসলাম প্রথম আলোকে বলেন, কারাগারের মূল ফটক ও সাক্ষাৎ কক্ষে আগে থেকে সিসি ক্যামেরা রয়েছে। নতুন করে চলতি মাসের শুরু থেকে পুরো কারাগারে ভেতর-বাইরে সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়। এটি শেষ হলে ফুটেজ দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যাবে। পাশাপাশি কোনো বন্দী ও কারারক্ষী অপরাধ করলে সহজেই ক্যামেরায় ধরা পড়বেন। অপরাধ করে তঁারা কেউ পার পাবেন না।
কারা সূত্র জানায়, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঁচ হাজারের বেশি বন্দী রয়েছেন। পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, সাঙ্গু ও হালদা ভবনে বন্দীদের রাখা হয়েছে। এ ছাড়া কিশোর, নারী, ভিআইপি বন্দী ওয়ার্ড ও কারা হাসপাতালেও বন্দী রয়েছে। কারাগারের ভেতরে কারারক্ষীরা বিভিন্ন ওয়ার্ডে ও চারপাশে উঁচু সিঁড়ি দিয়ে তৈরি পাহারা ভবন থেকেও পাহারা দেন। কিন্তু সব সময় সবকিছু চোখে পড়ে না। কারারক্ষীরাও অনেক কিছু এড়িয়ে যান বলে অভিযোগও পাওয়া গেছে। এখন সিসি ক্যামেরা সবকিছুই ধারণ হবে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ও কারাধ্যক্ষ তাঁদের কার্যালয়ে বসে সিসিটিভির মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
কারা সূত্র আরও জানায়, কারাগারের ৩২ নম্বর কনডেম সেলে রয়েছেন জেএমবি চট্টগ্রামের সাবেক সামরিক কমান্ডার জাবেদ ইকবাল ওরফে মোহাম্মদসহ জঙ্গিরা। এ ছাড়া হরকাতুল জিহাদ (হুজি), হিযবুত তাহ্রীর, শহীদ হামজা ব্রিগেডের সদস্য এবং ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরাও কনডেম সেলে রয়েছেন। এবার প্রথমবারের মতো কারাগারের কনডেম সেলে সিসি ক্যামেরা বসানো হচ্ছে। ফলে দুর্ধর্ষ বন্দীরা কোনো অপরাধ করে সহজে পার পাবেন না।
নাম প্রকাশ না করার শর্তে বেশ কিছু সাধারণ বন্দীর স্বজনেরা জানিয়েছেন, সিিস ক্যামেরা বসানো বড় কথা নয়। এটি নিয়মিত পর্যবেক্ষণ করে যাঁরা কারাগারে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন এবং যেসব কারারক্ষী সাধারণ বন্দীদের হয়রানি করেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ইকবাল কবির চৌধুরী জানান, সিসি ক্যামেরায় বন্দী ও কারারক্ষী যাঁর বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া যাবে, কারাবিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।