নিরাপত্তা নিয়েই উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫ জানুয়ারির নির্বাচন
৫ জানুয়ারির নির্বাচন

বিএনপি ও জামায়াতের টানা অবরোধ-হরতাল ও দীর্ঘ সহিংসতায় পুরো দেশ অনেকটা বিপর্যস্ত। প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ‘কার্যত গৃহবন্দী’। নতুন সংসদের সম্ভাব্য বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ হাসপাতালে ‘আটক’। আগের দিন সারা দেশে ১১১টি কেন্দ্র জ্বালিয়ে দিয়েছে নির্বাচন-বর্জনকারীরা। এমন আতঙ্কজনক পরিস্থিতিতে অনুষ্ঠিত হয় ৫ জানুয়ারির নির্বাচন।
এই নির্বাচনের খবর সংগ্রহ করার জন্য ঢাকা থেকে আমাদের ১৩ জন রিপোর্টারকে ঝঁুকিপূর্ণ বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছিল। টানা হরতাল-অবরোধ ও সহিংসতার মধ্যে তাঁরা সুস্থভাবে পেঁৗছাতে পারেন কি না, তা নিয়ে ঢাকায় আমরা উদ্বেগের মধ্যে ছিলাম। শেষ পর্যন্ত কেউ ট্রেনে, কেউবা ভেঙে ভেঙে মাইক্রোবাস, বাস ও অটোরিকশায় স্ব স্ব গন্তব্যে পেঁৗছেছেন, নিরাপদে। তারপর ভোটের দিন তাঁদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ ছিল। তবে সংবাদ ব্যবস্থাপকদের জন্য একদিক থেকে স্বস্তির বিষয় ছিল—দেশের প্রায় অর্ধেক এলাকায় লোক পাঠাতে হয়নি। সেখানকার প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গিয়েছিলেন।
ভোটের দিন সকাল থেকেই সংবাদ ব্যবস্থাপকদের সঙ্গে মাঠে থাকা সংবাদকর্মীদের সঙ্গে মুঠোফোনে কথা হচ্ছিল। তাঁদের নিজেদের নিরাপত্তার ব্যাপারে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। কারণ, বিভিন্ন এলাকা থেকে সহিংসতা, কেন্দ্র পোড়ানো, পুলিশের ওপর হামলা এবং কেন্দ্র দখল করে ব্যালট পেপার ও বাক্স ছিনতাইসহ নানা খবর পাওয়া যাচ্ছিল।
রাজধানীর ভেতরে বিভিন্ন আসনে আমাদের ১৩ জন সাংবাদিক দায়িত্ব পালন করেছেন। সকাল থেকে মাঠে ছিলেন ঢাকা অফিসের ১০ জন ফটোসাংবাদিকও। আমরা সবাইকে আগেই বলে দিয়েছিলাম, একেকটি আসনে অন্তত একটি বড় কেন্দ্র যেন প্রতি এক ঘণ্টা পরপর ভোট গ্রহণের তথ্য নেওয়া হয় এবং ছবি তোলা হয়। যাতে দিন শেষে ভোটার উপস্থিতির একটা চিত্র জানা যায়।
৫ জানুয়ারি সন্ধ্যার পর থেকে সারা দেশ থেকেই ইমেইলে খবর ও ছবি আসা শুরু হয়। প্রতিদিনের মতো বিকেলে সংবাদ ব্যবস্থাপনা বিভাগের সভায় পরদিনের পত্রিকার সম্ভাব্য প্রতিবেদন ও পৃষ্ঠাসজ্জার একটা পরিকল্পনা করা হয়।
কিন্তু এ নির্বাচনকে কীভাবে পাঠকের সামনে উপস্থাপন করা হবে, কোন কোন বিষয়কে গুরুত্ব দেওয়া হবে, সে বিষয়গুলোতে বিচার-বিশ্লেষণের প্রয়োজন ছিল। এ নির্বাচনে একদিকে প্রধান বিরোধী দল বিএনপি ও তার মিত্র জামায়াত নেই। নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়ে তাদের ডাকা ষষ্ঠ দফায় ২৭তম দিনের অবরোধ চলছিল, সঙ্গে হরতাল। ভোটের দিন ১১ জেলায় সহিংসতায় নিহত হন ১৯ জন। এর মধ্যে ১৫ জনই মারা গেছেন পুলিশের গুলিতে। নির্বাচনের আগে ৪১ দিনে সহিংসতায় মারা গেছেন ১২৩ জন।
অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ১৫৩ আসনে ভোটই হয়নি। একতরফা নির্বাচনের সব অনুষঙ্গই ছিল এ ভোটে। ভোটার উপস্থিতি ছিল কম। দেশের ৩৯টি কেন্দ্রে একটিও ভোট পড়েনি। ফাঁকা কেন্দ্রে জাল ভোট দিয়েছেন সরকারি দলের কর্মীরা। ছিল কেন্দ্র দখল করে সিল মারার মতো ঘটনাও।
এসব পরিস্থিতি ও খবর নিয়ে সংবাদ ব্যবস্থাপকেরা বিচার-বিশ্লেষণ ও তদারক করছিলেন। এরই মধ্যে ঢাকা ও ঢাকার বাইরে থেকে আসা প্রচুর সংবাদ বার্তাকক্ষে জমা পড়েছে। অর্ধেকের মতো রিপোর্টার ঢাকার বাইরে থাকায় বার্তাকক্ষ প্রায় ফাঁকা। কয়েকজন রিপোর্টারকে অফিসে রাখা হয়েছিল, বিভিন্ন এলাকা থেকে আসা খবর বিষয়ভিত্তিক ভাগ ও কম্পাইল করার জন্য। নিউজ ডেস্কে যাঁরা ছিলেন, তাঁদের ওপর ছিল ব্যাপক কাজের চাপ। কিছুক্ষণ পরপরই খবর আপডেট করতে হয়েছে। সর্বশেষ খবর ধরিয়ে বার্তাকক্ষের কর্মীরা বাসায় ফেরেন রাত তিনটার দিকে।
টিপু সুলতান: বিশেষ প্রতিনিধি