নিরাপত্তা শক্তিশালী হচ্ছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মেগাপোর্ট ইনিশিয়েটিভ উদ্বোধন করবেন। বন্দরের নিরাপত্তাব্যবস্থা শক্তিশালী করতে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্প সূত্র জানায়, এই পদ্ধতির আওতায় আমেরিকা-ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি পণ্যভর্তি কনটেইনারে তেজস্ক্রিয় পদার্থ আছে কি না, তা শনাক্ত করা হবে। একইভাবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি পণ্যভর্তি কনটেইনার ও তেজস্ক্রিয় পদার্থ শনাক্ত করা হবে। অর্থাৎ এই পদ্ধতিতে পারমাণবিক ও তেজস্ক্রিয় পদার্থের অবৈধ পাচার বন্ধ হবে। এতে নৌপরিবহনব্যবস্থার নিরাপত্তা শক্তিশালী হবে বলে মনে করছেন প্রকল্প কর্মকর্তারা। জানা গেছে, এই পদ্ধতি বাস্তবায়নে প্রায় ১০৫ কোটি টাকা ব্যয় হচ্ছে। পারমাণবিক ও তেজস্ক্রিয়া পরীক্ষার সনদ ছাড়া আমেরিকা ও ইউরোপের দেশগুলোতে কনটেইনারে পণ্য আনা-নেওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র সরকার। জানা গেছে, এমন চিন্তা থেকেই যুক্তরাষ্ট্র সরকার এই প্রকল্পের ব্যয়ভার বহন করেছে। প্রকল্পের আওতায় ১২টি তেজস্ক্রিয়া শনাক্তকরণ যন্ত্রপাতি বসানো হয়েছে বন্দরে। বন্দরের টু স্টেজ গেটে ছয়টি, ৫ ও ৪ নম্বর গেটে দুটি করে এবং সিসিটি-২ ও এন শেডে একটি যন্ত্র বসানো হয়েছে।বন্দরের গেটগুলোতে স্থাপিত এসব যন্ত্রপাতির মধ্য দিয়ে কনটেইনার আনা-নেওয়ার সময় তেজস্ক্রিয়া শনাক্ত করলে সতর্কসংকেত বেজে উঠবে। তেজস্ক্রিয়া আছে বলে সন্দেহ হলে হাতে বহনযোগ্য যন্ত্রপাতি দিয়ে দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ রয়েছে। প্রকল্প সূত্র জানায়, কলা, সিরামিক, সার ও যন্ত্রপাতিসহ কয়েক ধরনের পণ্যে সামান্য পরিমাণে প্রাকৃতিকভাবে সৃষ্ট তেজস্ক্রিয় পদার্থ থাকে। এ কারণে এসব পণ্য আনা-নেওয়ার সময়ও সতর্কসংকেত বেজে উঠবে। এ ক্ষেত্রে সতর্কসংকেতের পার্থক্য বুঝে সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হবে। কাস্টম হাউসের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত ১৩ জুলাই থেকে পরীক্ষামূলকভাবে তেজস্ক্রিয়া শনাক্তকরণ পদ্ধতি চালু হয় বন্দরে। কাস্টম হাউসের কর্মকর্তারা তেজস্ক্রিয়া শনাক্তকরণ যন্ত্র পরিচালনাসহ তদারকি ও ব্যবস্থাপনার যাবতীয় কাজ করবেন বলে তিনি জানান।জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় পারমাণবিক নিরাপত্তা প্রশাসনের অধীনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিশ্বের ৪০টি বন্দরে পারমাণবিক ও তেজক্রিয় পদার্থ শনাক্তকরণ যন্ত্রপাতি বসানো হচ্ছে। ‘ইউএস মেগাপোর্ট ইনিশিয়েটিভ’ প্রকল্পের আওতায় এই পদ্ধতি চালু করা হচ্ছে। প্রথম পর্যায়ে পাকিস্তান শ্রীলঙ্কা, থাইল্যান্ডসহ বিশ্বের ২৫টি দেশে এই ধরনের যন্ত্রপাতি বসানোর কাজ শেষ হয়েছে। এখন বাংলাদেশসহ ১৫টি দেশে এই পদ্ধতি স্থাপন করা হচ্ছে।প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দরে এ ধরনের যন্ত্রপাতি বসানোর জন্য ২০০৮ সালের ১৭ নভেম্বর ঢাকায় যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের একটি সমঝোতা স্মারক সই হয়। প্রকল্পের আওতায় কাস্টম হাউসের কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে প্রায় এক মাস প্রশিক্ষণ দেওয়া হয়। প্রথম তিন বছর এই প্রকল্প পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজ করবে যুক্তরাষ্ট্র।