নিরাপত্তা সংলাপ
গভীর রাত। স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েছে। এ সময় দরজায় ঠক ঠক শব্দ। ধড়ফড় করে ঘুম থেকে উঠে যাবে স্ত্রী। নিজে উঠে স্বামীকে জাগাবে।এই এই, কে যেন দরজায় নক করছে।কয়টা বাজে?রাত একটা।তাহলে মনে হয় সিরিয়াস কিছু। চলো দেখি।কিন্তু যদি?ভয় পাওয়ার কী আছে? এটা কি একাত্তর নাকি যে মধ্যরাতে রাজাকার আর পাকিস্তানি মিলিটারি মিলে ধরে নিয়ে মেরে হাত-পা বেঁধে বধ্যভূমিতে রেখে আসবে?তবুও।চলো তো দেখি।স্বামী গিয়ে দরজা খুলবে। ভেতরের রুম থেকে স্ত্রী লুকিয়ে দেখবে। একসঙ্গে তিন-চারজন তরুণ বাসায় প্রবেশ করবে।স্লামালিকুম আঙ্কেল, ভালো আছেন?জি! আপনারা কারা?আমরা আপনার এলাকার ছেলে, আপনার ছেলের মতোই। এত রাতে আপনাদের ঘুমের ডিস্টার্ব করার জন্য আন্তরিক দুঃখিত। আসলে না এসে পারলাম না। চারদিকে মানুষের জানমালের যে অবস্থা, তাতে বিষয়টা এখন আমাদের সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে গেছে।জি! কী বলছেন? অবস্থা কি খুবই খারাপ?তাহলে আর বলছি কি? ভয়াবহ খারাপ। পেপার-পত্রিকা পড়েন না? এলাকা থেকে জলজ্যান্ত মানুষ উধাও হয়ে যায়, এরপর লাশ পাওয়া যায়, হাসপাতালে মায়ের হাত থেকে ছোট্ট শিশুকে খুন করা হয়, প্রকাশ্যে গুলিতে মানুষ খুন হয়, ক্যাম্পাসে মারামারি হয়।আইনশৃঙ্খলা বাহিনী কী করছে?আঙ্কেল, ওরা একা আর কতটুকু সামাল দেবে বলেন! ওদেরও তো লিমিটেশন আছে!তাও তো ঠিক। তো, আমি এখন কী করতে পারি?বেশি কিছু না আঙ্কেল, এই মাসে হাজার পাঁচেক টাকা নিরাপত্তার জন্য আমাদের দিলেই হবে। আসলে বিষয়টা হচ্ছে, পলিটিকস করি তো, মানুষ খুব খারাপ ভাবে। কিন্তু এলাকার এসব সোশ্যাল ওয়ার্ক যদি আমরা না করি, কে করবে বলুন? এসব করতে করতে পড়াশোনাও শেষ করতে পারিনি। এখন চাকরিও নেই। কিন্তু আমাদেরও তো সংসার আছে। সেই সংসার চালানোর জন্যই আপনাদের কাছে কিছু টাকা দাবি করি, এই আর কি। বলতে পারেন, বেতন আর কি!না না, তা তো ঠিকই বলেছ।আপনারা আমাদের সংসার দেখবেন, আমরা আপনার, ভাবির, বাচ্চা-কাচ্চার জানমালের নিরাপত্তা দেখব।বাহ বাহ, কী চমৎকার ব্যবহার। ব্যবহারেই বংশের পরিচয়! এই কই গো! ওদের একটু চা করে দাও। এত রাতে কষ্ট করে সোশ্যাল ওয়ার্ক করছে। চা খেলে শরীরে জোশ আসবে।না না আঙ্কেল, চা লাগবে না। টাকাটা দিলেই হবে। আরও কয়েকটা বাসায় যেতে হবে তো। এ ছাড়া আরও কিছু টুকটাক কাজ আছে।আচ্ছা ধরো, কেউ যদি টাকাটা না দেয়?আঙ্কেল, সে ক্ষেত্রে কালই যদি তিনি এলাকা থেকে উধাও হয়ে যান, পরদিন যদি বিলের পাশে লাশ পাওয়া যায়, তখন আমরা কিন্তু কিছুই করতে পারব না। এই যেমন আপনার পাশের ফ্ল্যাটের কামাল সাহেব। ওনাকে ভদ্রভাবে সবকিছু বুঝিয়ে বললাম, কিন্তু তিনি খামোকা আমাদের ওপর চটে গেলেন। এখন ওনার যদি কিছু হয়, আমরা কিন্তু কোনো দায়িত্ব নিতে পারব না।ও আচ্ছা, আইনশৃঙ্খলার বারোটা বাজিয়ে সবার চোখের সামনে দিয়ে এই কাজগুলো কারা করছে? তা তো জানি না, আঙ্কেল। এলাকার ছেলেপুলেরাও হতে পারে। আবার অন্য এলাকার ছেলেপুলেও হতে পারে।এরপর ভদ্রলোক ওদের হাতে পাঁচ হাজার টাকা তুলে দিয়ে আগামী এক মাস বেঁচে থাকার লাইসেন্স পেলেন। আর পাশের বাসার ব্যবসায়ী কামাল সাহেব সত্যি সত্যি পরদিন থেকে উধাও। আইনশৃঙ্খলা বাহিনী শত খোঁজাখুঁজির পরও তাঁর কোনো খোঁজ দিতে পারল না। ওদেরও তো লিমিটেশন আছে। আর যাদের কোনো লিমিটেশন নেই, তারাও কোনো দায়িত্ব নিল না। বেচারা কামাল সাহেব! তাঁর বোঝা উচিত ছিল, যে দেশে আইনশৃঙ্খলা বাহিনীর লিমিটেশন থাকে আর পলিটিকস হয় আনলিমিটেড, সে দেশে স্বাভাবিকভাবে বেঁচে থাকাটাই অস্বাভাবিক হয়ে ওঠে।