নিরাপত্তাহীনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদম দিনদুপুরে ছিনতাই যাকে বলে, ঘটনাটা ঠিক তা-ই। নগরের মানুষজনের কাছে ছিনতাই খুব অচেনা অপরাধ নয়। আজ এর তো কাল ওর। ছিনতাই নগরজীবনের এক নিত্য অনুষঙ্গ হয়ে গেছে বহুদিন। তার প্রমাণ সম্ভবত আমাদের খবরের কাগজগুলো। মামুলি চুরি-ছিনতাই সংবাদ হয়ে ওঠার যোগ্যতা হারিয়েছে সেই কবে! অন্তত দেশের প্রথম শ্রেণীর জাতীয় দৈনিকগুলোর কাছে তো অবশ্যই।কিন্তু গত ২৫ জানুয়ারি প্রকাশিত আলোকচিত্রী বশির আহমেদের তোলা ‘ছিনতাই’ শিরোনামের ছবিগুলোর বেলায় অন্য কথা। ছবিতে আমরা দেখি, রিকশা-আরোহী নারী যাত্রীর ওপর চড়াও ছিনতাইকারী। পাশে অপেক্ষায় ছিনতাইয়ের সহযোগী মোটরসাইকেল চালক এবং শেষ দৃশ্যে তাদের নির্বিঘ্ন পলায়ন। রিকশার ভেতরকার নারী যাত্রীটিকে আমরা দেখতে পাই না, কিন্তু তাঁর আতঙ্কিত চেহারা আমরা সহজেই অনুমান করতে পারি। ধারাবাহিক চারটি ছবি প্রায় ‘মামুলি’ হয়ে যাওয়া ছিনতাই নামক অপরাধের ভয়াবহতাকে পুরোপুরি জীবন্ত করে তোলে। রুদ্ধশ্বাস উত্তেজনা নিয়ে ছবিগুলো দেখি। আপাত ভদ্র এবং সুবেশী ছিনতাইকারীদের চেহারা অনেকক্ষণ চোখের পর্দায় ঝুলে থাকে এবং শেষ পর্যন্ত যেটা মনের মধ্যে গভীরভাবে চেপে বসে, তার নাম নিরাপত্তাহীনতা। ছবিগুলো যেন আলগোছে, খুব করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, আমাদের প্রিয় শহর কতটা অনিরাপদ আমাদের জন্য। —ই. হো. চৌ.