নিরাপত্তায় ১৩০০ পুলিশ ও র‌্যাব সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার নগরের ৩৪টি জায়গায় পয়লা বৈশাখ উদ্যাপিত হচ্ছে। বর্ষবরণ উৎসব ঘিরে পুলিশ ও র‌্যাব সদস্যরা নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নিয়েছে। যেসব অনুষ্ঠানে জনসমাগম বেশি হবে সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নজরদারি বাড়ানো হয়েছে। পয়লা বৈশাখ উদ্যাপন নির্বিঘ্ন করতে বন্দরনগরে এক হাজার পুলিশ সদস্যের পাশাপাশি ৩০০ র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। এবার ডিসি হিল ও সিআরবির শিরীষতলায় পয়লা বৈশাখের সবচেয়ে বড় আয়োজন হচ্ছে। এ ছাড়া পতেঙ্গা ও পারকি সমুদ্রসৈকতে নববর্ষের অনুষ্ঠান চলছে। নগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কাশেম গত মঙ্গলবার তাঁর কার্যালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক বৈঠক করেন। এতে নগর পুলিশের সব উপপুলিশ কমিশনার, সহকারী কমিশনার ও সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন। বৈঠকে পয়লা বৈশাখের অনুষ্ঠানমালার নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। নিরাপত্তার ছক তৈরির দায়িত্ব নিজ নিজ এলাকার উপপুলিশ কমিশনারদের ওপর ছেড়ে দেওয়া হয়। পুলিশ কমিশনার আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ‘ডিসি হিল ও সিআরবি মাঠে আমরা কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছি। কারণ এ দুটি জায়গায় জনসমাগম হয় বেশি। আর উৎসবের নামে দুঃখজনক ঘটনা এড়ানোর জন্য পুলিশ সতর্ক অবস্থায় আছে। এ ক্ষেত্রে আমরা নারীদের সতর্ক থাকতে বলেছি। তাঁদের প্রয়োজনের বেশি থলে বহন না করার জন্য পরামর্শ দিয়েছি।’ পুলিশ কমিশনার আরও বলেন, ‘পয়লা বৈশাখের অনুষ্ঠানগুলোতে দর্শকদের অনায়াসে যোগ দেওয়ার কথা বিবেচনা করে নগরে সিএনজিচালিত অটোরিকশা স্বাভাবিক নিয়মে চালু রাখার সিদ্ধান্ত হয়েছে। পুলিশ অটোরিকশার বিরুদ্ধে কোনো অভিযান চালাবে না।’ উল্লেখ্য, পুনর্নির্ধারিত ভাড়ায় মিটারে সিএনজিচালিত অটোরিকশা চালানোর জন্য নগর পুলিশ নির্দেশনা দিয়েছে। সংশ্লিষ্ট অটোরিকশার মিটার ক্যালিব্রেশন (দূরত্ব অনুপাতে ভাড়ার হার নির্ধারণ) করার ব্যাপারে সক্রিয় রয়েছে পুলিশ। নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম বলেন, ‘ডিসি হিল এলাকায় আমরা তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নিয়েছি। মঙ্গলবার থেকে সেখানে পুলিশ কাজ শুরু করেছে। ডিসি হিলের প্রধান ফটক দিয়ে দর্শকেরা ঢুকতে পারবেন। তবে মোমিন সড়ক ও বন বিভাগের ছোট ছোট পাঁচটি ফটক দিয়ে দর্শকেরা বের হবেন। দর্শকদের চলাচল নির্বিঘ্ন করতে এবার বৌদ্ধমন্দির থেকে পাহাড়িকা বালিকা উচ্চবিদ্যালয় পর্যন্ত হকার বসতে দেওয়া হবে না।’ পুলিশ সূত্র জানায়, পয়লা বৈশাখের অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করতে গত সোমবার থেকে নগরের বস্তিগুলোতে অভিযান শুরু হয়েছে। নাশকতার চেষ্টা করা হতে পারে— এমন সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে। এদিকে, নগরের সিআরবি মাঠে বর্ষবরণের উৎসব পালনের জন্য পুলিশ ও র‌্যাব কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে। এ এলাকাটি খোলামেলা হওয়ায় পুলিশ দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে। এ ছাড়া সেখানে সাদা পোশাকে বিপুলসংখ্যক পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরা সতর্ক অবস্থায় থাকবেন। র‌্যাব সূত্র জানায়, ডিসি হিল ও সিআরবি মাঠের মঞ্চসহ আশপাশের এলাকা মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করেছে। এরপর তাঁরা সবুজসংকেত দিলে বর্ষবিদায়ের অনুষ্ঠান শুরু হয়। র‌্যাব-৭-এর উপঅধিনায়ক মেজর আবদুস সামাদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘নগরের অনুষ্ঠানস্থলগুলোতে আমরা তিন শতাধিক র‌্যাব সদস্য মোতায়েন করেছি।’