‘নিরাপদ খাদ্য আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার ১২ মে কারিতাস চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) খালেদ মামুন চৌধুরী। কারিতাস চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক জেমস গোমেজের সভাপতিত্বে সেমিনারে নিরাপদ খাদ্য এবং জৈব পদ্ধতিতে চাষাবাদসংক্রান্ত বিশেষ প্রমাণাদি উপস্থাপন করেন আনোয়ারা বেগম। বক্তব্য দেন নগর কৃষি কর্মকর্তা শৈবাল কান্তি নন্দী, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা খায়রুল বশর, একেএম শাহরিয়ার, সাংবাদিক মুস্তফা নঈম প্রমুখ। প্রধান অতিথি বলেন, ‘খাদ্যে বিষক্রিয়া এখন আমাদের অনেকটা স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। সরকার চেষ্টা করছে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে। কিন্তু বিষয়টি শুধু সরকার বা প্রশাসনের নয়। বিষয়টি দেশের, সমাজের ও জাতির স্বাস্থ্যের। সুধীসমাজ ও বিভিন্ন প্রতিষ্ঠানকে এ বিষয়ে এগিয়ে আসতে হবে।’ তিনি আরও বলেন, সেমিনারে উপস্থাপিত ও আলোচিত বিষয়ের ওপর প্রস্তাবনাসমূহ জেলা প্রশাসকের মাধ্যমে উপজেলা, ইউনিয়ন বা গ্রাম পর্যায়ে প্রচারণার জন্য পাঠানো যেতে পারে। জেমস গোমেজ বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস ১৯৭০ সাল থেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন খাতে উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছে। এসব কাজের মধ্যে নিরাপদ খাদ্য ও জৈব পদ্ধতিতে চাষাবাদে উদ্বুদ্ধকরণ অন্যতম। রাসায়নিক ও কীটনাশকযুক্ত খাদ্য ছাড়া এখন মানবস্বাস্থ্যের জন্য নিরাপদ খাদ্য পাওয়া কঠিন। একই বিষয়ে পৃথক দুইটি সেমিনার ১১ মে চন্দনাইশ ও রাঙ্গুনিয়ার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।