নিরাপদ খাবার নিয়ে আলিয়ার গবেষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলায় ভেবেছিলেন গায়িকা হবেন। রুনা লায়লা তাঁর পছন্দের শিল্পী। গানও শেখা হয়েছিল। আরেকটু বড় হতেই মনে হলো সেবিকা হবেন। কোনো শিশু অসুস্থ হতে দেখলে খুব মন খারাপ হতো তাঁর। তখন ভাবলেন, চিকিৎসক হতে হবে। তা না হলে শিশুদের সুস্থ করা যাবে না। সেই স্বপ্নপূরণের প্রথম ধাপ হিসেবে ভর্তি হলেন ময়মনসিংহ মেডিকেল কলেজে। চিকিৎসক হলেন, তারপর হলেন বিজ্ঞানী। গল্পটি আলিয়া নাহিদের। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) সেন্টার ফর ইকুয়িটি অ্যান্ড হেলথ সিস্টেমসের সহযোগী বিজ্ঞানী তিনি। ১৯৯৪ সাল থেকে এখানেই কাজ করছেন। গত ৩০ এপ্রিল কানাডার অন্যতম সম্মানজনক ‘গ্র্যান্ড চ্যালেঞ্জেস কানাডা’ পুরস্কার অর্জন করেন আলিয়া নাহিদ। বাংলাদেশের প্রথম কোনো নারী বিজ্ঞানী এই পুরস্কার পেলেন। সারা বিশ্ব থেকে ৪৩৬ জন বিজ্ঞানী তাঁদের গবেষণাপত্র জমা দিয়েছিলেন এবার। সেখান থেকে ১০২টি পুরস্কারের জন্য মনোনীত হয়। তার মধ্যে একটি হলো আলিয়া নাহিদের গবেষণা। এই বিজ্ঞানীর সঙ্গে কথা হলো ১২ মে তাঁর কর্মস্থল আইসিডিডিআরবিতে। বাংলাদেশের নিম্নবিত্ত মানুষ পথের ধারের খাবার বেশি খায়। আবার চলতি পথে অনেক সময় সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষও এ ধরনের খাবার খায় বা পানি পান করে।কিন্তু তারা জানে না, এই খাবারে কোটি কোটি জীবাণু থাকে। সেই খাবার খেয়ে অসংখ্য মানুষ অসুস্থ হয়ে পড়েন—এ ব্যাপারে পথের খাবার যাঁরা বিক্রি করেন তাঁদের তেমন কোনো ধারনা নেই।এটি হচ্ছে আলিয়া নাহিদের গবেষণার বিষয়।তিনি বললেন, ‘পথের ধারের খাবার যাঁরা তৈরি করেন, তাঁদের স্বাস্থ্য কার্যক্রমের আওতায় এনে নিরাপদ খাবার তৈরির প্রতি সচেতন করে তোলাই ছিল আমার গবেষণার মূল বিষয়। অর্থাৎ, খাবার কীভাবে জীবাণুমুক্ত ও স্বাস্থ্যসম্মত করতে হবে, খাবার তৈরিতে জীবাণুমুক্ত পানির ব্যবহার ও পানিকে কীভাবে নিরাপদ করা যায়, সেসব বিষয় শেখানো।’ গ্র্যান্ড চ্যালেঞ্জেস কানাডা পুরস্কারের আর্থিক মূল্য এক লাখ ডলার। এই অর্থ দিয়ে আলিয়া নাহিদ শিগগির শুরু করবেন গবেষণা বাস্তবায়নের কাজ।তিনি বলেন, ‘এটি কঠিন কাজ। সমস্যা খুঁজে বের করেছি। কীভাবে কাজ করতে হবে, তা-ও জানি। কিন্তু এই ব্যাপক জনমানুষকে সচেতন করে তোলা কঠিন। কেননা, কাজ করতে গেলে আমরা বুঝতে পারব, কোথায় কোথায় সমস্যা হচ্ছে। তাই বলে আগেই হাত-পা গুটিয়ে ফেললে চলবে না। চ্যালেঞ্জ নিতে আমি পছন্দ করি।’ আর এই পুরস্কার তাঁকে আগের চেয়ে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে।এই বিজ্ঞানী এর আগে টাইফয়েড, নিউমোনিয়া, ডেঙ্গু জ্বর, শিশুদের জিঙ্ক খাওয়ানো ও শিশুদের বিভিন্ন টিকার ওপর গবেষণা করেছেন। তাঁর দলের একটি গবেষণার ফলাফলের ভিত্তিতে সরকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় বাংলাদেশে হিব ভ্যাকসিন অন্তর্ভুক্ত করেছে। এটি সংক্রামক ব্যাধি প্রতিরোধে সাহায্য করে। এ ছাড়া শিশুদের ওবেসিটি (স্থূলতা) ও নিউমোনিয়ার চিকিৎসা নিয়েও গবেষণা করছেন চিকিৎসা থেকে গবেষণার দিকে ঝুঁকলেন কেন? হেসেই উত্তরটা দিলেন—‘মেডিকেল কলেজে পড়ার সময় মাথায় ঘুরত যে অসুস্থ হওয়ার আগেই যদি রোগ প্রতিরোধ করা যেত! তখনই ঠিক করেছিলাম, জনস্বাস্থ্যের ওপর গবেষণা করব। তাই তো আইসিডিডিআরবিতে কর্মজীবন শুরু করি। আজও এখানেই আছি।’সংসার ও গবেষণার কাজ—দুটোই সমানভাবে সামলাচ্ছেন আলিয়া নাহিদ। প্রকৌশলী স্বামী তানভিরুল হক ও এক ছেলে জারিফ তানভির হককে নিয়ে তাঁর পরিবার। তিনি মনে করেন গবেষণার কাজটি অন্য সব কাজের থেকে আলাদা। দিন-রাত চিন্তাভাবনার মধ্যে থাকতে হয়। তাই পরিবারের সমর্থন এখানে খুব জরুরি। পরিবার, বিশেষ করে স্বামীর সহযোগিতা ছাড়া এই কাজ করা সম্ভব নয়। পাঁচ বছর বয়সের ছেলেকে স্বামীর কাছে রেখে তিনি যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন। এরপর ২০১২ সালে যুক্তরাষ্ট্রের টুলেন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন।মেধা, নতুন নতুন বৈজ্ঞানিক ধারণা, ধৈর্য ও পরিশ্রমের সঙ্গে কাজ করলে যে কেউ গবেষক হিসেবে সফল হবেন বলে তিনি মনে করেন। সফল এই নারী নিজেও তা-ই মেনে চলেছেন। কাজ করে যেতে চান মানুষের জন্য।