নিরাপদ থাকুন ফেসবুকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুকে ব্যক্তিগত ছবি দেওয়ার আগে ভেবে নিন ‘পাবলিক’ করবেন কিনা। ছবি: নকশা
ফেসবুকে ব্যক্তিগত ছবি দেওয়ার আগে ভেবে নিন ‘পাবলিক’ করবেন কিনা। ছবি: নকশা

কয়েক দিন ধরেই বিব্রতকর বিভিন্ন বার্তা ফেসবুকে পাচ্ছিলেন বিশ্ববিদ্যালয়পড়ুয়া তারিন মানজুর খান। প্রথমে বুঝতে না পারলেও পরে জানতে পারলেন তাঁর অজান্তে ফেসবুক থেকে ছবি নিয়ে সেটিকে বিকৃত করে বিভিন্ন গ্রুপে ছড়ানো হচ্ছে! আর এতেই বিব্রতকর নানা ধরনের বার্তা আসছে। এ নিয়ে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন তারিন। সাম্প্রতিক সময়ে এমন ঘটনা অনেকের বেলাতেই ঘটেছে। বিশেষ করে ইন্টারনেটে নারীদের জন্য হয়রানির মাত্রাটা বেশি হচ্ছে। তাই জরুরি হয়েছে ইন্টারনেটে নিজেকে নিরাপদ রাখা।

ছবি: নকশা
ছবি: নকশা

বাংলাদেশে প্রতিদিন কতজন নারী সাইবার অপরাধের শিকার হচ্ছেন, তার কোনো সঠিক পরিসংখ্যান নেই। অনেক ক্ষেত্রে বেশির ভাগ নারী সম্মানহানির ভয়ে থানায় কোনো অভিযোগ করেন না। তবে এ ধরনের সমস্যা সহায়তায় কাজ করছে জাস্টিস ফর ওমেন (www.facebook.com/groups/jfwbd) নামের একটি ফেসবুক গ্রুপ। একদল স্বেচ্ছাসেবী গ্রুপটি চালান। ক্ষতিগ্রস্ত যে কেউ এখানে অভিযোগ জানাতে পারেন। সে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিতে প্রয়োজনীয় উদ্যোগ নেয় গ্রুপটি। গ্রুপের অন্যতম উদ্যোক্তা ইফরীত জাহিন বলেন, ‘এ গ্রুপের মাধ্যমে আমরা নারী নির্যাতনের যেকোনো ধরনের সমস্যা সমাধান করার চেষ্টা করি। আমরা মূলত সব ধরনের অভিযোগ ফোনে কিংবা ফেসবুকে নিয়ে থাকি এবং এর অনুসন্ধানের জন্য জেলাভিত্তিক স্বেচ্ছাসেবকদের কাজে লাগাই। পরবর্তী সময়ে যিনি অপরাধের শিকার হচ্ছেন, তাঁকে একজন স্বেচ্ছাসেবকের মাধ্যমে সহায়তা করা হয়। পাশাপাশি ন্যূনতম খরচে একজন আইনজীবীর সহায়তা দেওয়ার কাজটি করা হয় গ্রুপের পক্ষ থেকে।’
ইফরীতের পরামর্শ, সাইবার অপরাধের শিকার হলে নির্দিষ্ট বিষয় নিয়ে কাছের থানায় সাধারণ ডায়েরি করতে পারেন। অনলাইনে সাইবার অপরাধের বিভিন্ন বিষয়ে ভুক্তভোগীরা সরাসরি জাস্টিস ফর ওমেন গ্রুপে নিজেদের সমস্যার কথা জানাতে পারেন। এ গ্রুপটি প্রয়োজন অনুযায়ী সহায়তা করে থাকে।

.
.

এ ধরনের উদ্যোগের পাশাপাশি সাইবার দুনিয়ায় নিরাপদ থাকতে সরকারিভাবেও রয়েছে একাধিক উদ্যোগ। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের উদ্যোগে রয়েছে সাইবার নিরাপত্তা কর্মসূচি। আছে সাইবার নিরাপত্তা (www.cybernirapotta.net.bd) নামের একটি ওয়েবসাইটও। এ ছাড়া রয়েছে অভিযোগ জানানোর ব্যবস্থা। সাইবার অপরাধের শিকার হচ্ছেন এমন যে কেউ ০১৭৬৬৬৭৮৮৮৮ নম্বরে সরাসরি অভিযোগ করতে পারবেন যেকোনো সময়। চাইলে [email protected] ঠিকানায় ই-মেইল করতে পারেন।
সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বর্তমানে সহজেই অনেকেই ব্যক্তিগত নানা বিষয় প্রকাশ করছেন। বিষয়টা ঠিক নয় বলে মন্তব্য করেছেন সাইবার অপরাধ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশনের (আইবিএফ) পরিচালক তানভীর চৌধুরী। তিনি জানান, যেহেতু বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার অনেক বেড়েছে, তাই নিজেকেই শুরুতে সতর্ক থাকতে হবে। বিশাল এ মাধ্যমে যেমন খুব ভালো বন্ধু আছে, তেমনি খারাপ লোকদের সংখ্যাও কম নয়। তাই নিজে থেকেই কিছু বিষয় মেনে চললে সাইবার দুনিয়ায় নিরাপদ থাকা সম্ভব।

নিরাপদ থাকবেন যেভাবে
ছবি শেয়ারের ক্ষেত্রে সতর্কতা: ফেসবুক সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। তাই ভালো অনেক কিছুর পাশাপাশি এর মাধ্যমে অনৈতিকভাবে ছবি ব্যবহারের সংখ্যাও বেশি। ছেড়ে দেওয়া (আপলোড) কোনো ছবির সেটিংসে ‘পাবলিক’ দেওয়া থাকলে তা সবাই দেখতে পারেন। ব্যক্তিগত ছবিগুলোর সেটিংস পাবলিক না করাটা ভালো।
ফেসবুকে আজেবাজে ছবিতে ট্যাগ করে অনেক ব্যবহারকারীকে বিব্রত করা হয়। এ জন্য প্রাইভেসি সেটিংস থেকে ট্যাগ প্রিভিউ সক্রিয় করে নিতে পারেন। তাতে কেউ কোনো কিছু ট্যাগ করলেই তা প্রকাশ্য হবে না। আপনার অনুমতি চাইবে। না দিলে ওই ছবি আপনার ফেসবুকে দেখা যাবে না।

আরও কিছু সতর্কতা
একদম অপরিচিত কারও সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।
* পারিবারিক ঠিকানা ফেসবুকে না দেওয়াই ভালো কিংবা মোবাইল নম্বর উল্লেখ করা ঠিক নয় ফেসবুকে।
* ফেসবুক মোবাইল অ্যাপ ব্যবহারে সচেতন থাকুন। স্মার্টফোন বেহাত হলে আপনার অ্যাকাউন্ট বেদখল (হ্যাক) হতে পারে।
* কখনোই অপরিচিতদের থেকে পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্ট ভালোমতো না দেখেই গ্রহণ করবেন না।
* ছোট কিংবা সহজ পাসওয়ার্ড ব্যবহার থেকে বিরত থাকুন। পাসওয়ার্ড দেওয়ার সময় নম্বর, অক্ষর, চিহ্ন ব্যবহার করতে পারেন।
* আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কতটা নিরাপদ সেটি জানতে লগ-ইন অবস্থায় এ ঠিকানায় http://on.fb.me/1QC6vUL যান।
* অ্যাকাউন্টে ঢোকার বেলায় ইউজার নেম এবং পাসওয়ার্ডের পাশাপাশি টু-স্টেপ ভেরিফিকেশন সুবিধাটি চালু করুন। এ সুবিধাটি ফেসবুক সেটিংস থেকে সক্রিয় করা যায়।
* আপনার সক্রিয় ই-মেইল ব্যবহার করুন। এতে করে অ্যাকাউন্ট হ্যাকড হলে তা পুনরুদ্ধারের কাজটি সহজ হবে।