নিরাপদ নগরী, নির্ভয় নারী

‘নিরাপদ নগরী, নির্ভয় নারী’ এই স্লোগান নিয়ে ১ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) ও প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়োজন করে প্রচারাভিযান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে বিশ্ববিদ্যালয় সাঁটল ট্রেনে প্রচারাভিযান শেষে শোভাযাত্রা সহকারে মুক্তমঞ্চে গিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই বন্ধুসভার অর্থ সম্পাদক মৌসুমী আহমেদ মিতু ও পিএসটিসির চট্টগ্রাম বিভাগের ক্যাম্পেইন অফিসার পীযূষ দাশ গুপ্ত স্বাগত বক্তব্য দেন। এরপর চবি বন্ধুসভার সভাপতি এবং ফলিত ও পরিবেশ রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক সুমন গাঙ্গুলির সভাপতিত্বে ও বন্ধুসভার সহসভাপতি রাজীব কুমার বিশ্বাস ও সাহিত্য সম্পাদক নাহিদ নেওয়াজের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের অধ্যাপক দানেশ মিয়া, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রহমান নাসির উদ্দিন, সমাজতত্ত্ব বিভাগের প্রভাষক আসমা আক্তার।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা চিরতরে দূর করতে হলে শিক্ষাব্যবস্থার প্রাথমিক স্তর থেকেই বিশেষ ব্যবস্থা নিতে হবে। আর এ জন্য রাষ্ট্রকেই এগিয়ে আসতে হবে। বক্তারা আরও বলেন, পরিবার ও সমাজের সব ক্ষেত্রেই নারীর সমান সুযোগ নিশ্চিত ও নারীবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে।
সাংস্কৃতিক পর্বে নৃত্য পরিবেশন করেন বন্ধুসভার বন্ধু মৌসুমী আহমেদ, মাহফুজা পাপড়ি, টিংকু, সজীব। গান পরিবেশনায় ছিলেন অর্ণব ভট্টাচার্য, রাজীব কুমার বিশ্বাস ও পীযূষ দাশ গুপ্ত। কবিতা আবৃত্তি করেন নাহিদ নেওয়াজ এবং কৌতুক পরিবেশন করেন কায়কোবাদ।