
কক্সবাজারের উখিয়ার ইনানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রোজিনা আক্তার (১১)। ইনানী গ্রামের বাড়ি থেকে তার বিদ্যালয়ের দূরত্ব দুই কিলোমিটার। প্রতিদিন মেরিন ড্রাইভ সড়ক হয়ে তাকে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হয়। এই সড়কে চলাচল করে যাত্রীবাহী বাস, মালবোঝাই ট্রাক-পিকআপ থেকে শুরু করে অটোরিকশা, ব্যাটারিচালিত ইজিবাইক ও মাইক্রোবাস। আগে সড়কে এলোমেলোভাবে হাঁটাচলা করলেও এখন সে সচেতন। এক পাশ থেকে আরেক পাশে যেতেও ডানে-বাঁয়ে দেখে তারপর পারাপার হয়।
রোজিনা বলে, ‘আমার বন্ধুদেরও এই নিয়ম মেনে রাস্তায় চলাচল করার জন্য বলি।’
একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শামীমা আক্তার (১৩) বলে, ‘গাড়িতে উঠলে কী কী নিয়ম মানতে হবে, রিকশা অথবা অটোরিকশাতে চলার সময় কাপড়, ওড়না এলোমেলো আছে কি না তা খেয়াল রাখি।’
শুধু রোজিনা কিংবা শামীমা নয়, এই বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক থেকে সপ্তম শ্রেণিতে পড়া দেড় হাজার শিক্ষার্থীই সড়কে চলাচলের ব্যাপারে সচেতন হয়ে উঠছে। একইভাবে উখিয়া ও টেকনাফ উপজেলার হাজারো শিক্ষার্থীই এখন সড়ক পারাপারের নিয়ম সম্পর্কে জানছে।
সড়ক ও জনপথ বিভাগ সূত্র এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধানদের সঙ্গে কথা বলে জানা গেছে, কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার কোটবাজার থেকে শামলাপুর হয়ে টেকনাফ পৌরসভার বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ৬২ কিলোমিটার সড়কের আশপাশে ৬৬টি বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে পড়ছে ৩০ হাজার ২৮ জন শিক্ষার্থী। তাদের নিয়ে সচেতনতামূলক ‘সড়ক নিরাপত্তা কর্মসূচি’ চালু হয় ২০১৫ সালের মে মাসে।
নিরাপদ সড়ক চাই (নিসচা)–এর কক্সবাজার জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন জানান, ২০১০ থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত কক্সবাজার জেলায় সড়ক দুর্ঘটনা হয়েছে ১ হাজার ৯৬৪টি। নিহত হয় ২৭৬ জন। আহত হয়েছে কমপক্ষে পাঁচ হাজার মানুষ। এর মধ্যে ৪০ শতাংশ দুর্ঘটনা হয়েছে মেরিন ড্রাইভ সড়কে।
সড়ক দুর্ঘটনা রোধে বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দ্বিতীয় পল্লি পরিবহন উন্নয়ন প্রকল্পের (আরটিআইপি-২) অধীনে নিরাপদ সড়ক ব্যবহারের এই পাইলট প্রকল্পটি গ্রহণ করে। এটি বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ব্র্যাক’। পাইলট প্রকল্প হিসেবে গাজীপুরের কাপাসিয়া ও শ্রীপুরেও এই কর্মসূচি চালু আছে।
আরটিআইপি-২–এর গণমাধ্যম বিশেষজ্ঞ খান মো. রবিউল আলম বলেন, এ প্রকল্পের শুরুতে উখিয়া ও টেকনাফ উপজেলার ৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৬২ জন শিক্ষককে নিরাপদ সড়ক ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। শিক্ষকেরা সেই থেকে শিক্ষার্থীদের এ বিষয়ে নানা সচেতনতামূলক শিক্ষা দিচ্ছেন। তা ছাড়া এলাকাভিত্তিক সচেতনতামূলক হিসেবে উখিয়াতে ২১০টি ও টেকনাফে ২৮২টি মাল্টিমিডিয়া প্রদর্শনী করা হয়েছে। এ ছাড়া এ কর্মসূচি নিয়মিত চালু রাখার জন্য উখিয়ায় ৭২ ও টেকনাফে ১৪৪ জন কমিউনিটি লিডার (সামাজিক নেতা) তৈরি করা হয়েছে। এরপর দেশের অন্যান্য উপজেলায় পর্যায়ক্রমে প্রকল্পটি চালু করা হবে।
নিরাপদ সড়ক ব্যবহারের ওপর প্রশিক্ষণ নেওয়া ইনানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাফর আলম (৩৩) বলেন, ২০১৫ সালের মে মাস থেকে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক ব্যবহার নিয়ে পড়ানো হচ্ছে। দুর্ঘটনা থেকে রক্ষার উপায়, নানা তথ্যসংবলিত বই, ক্যালেন্ডারসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হচ্ছে।