নিরাপদ মাছ ও ফল উৎপাদনে খামারিদের সচেতন হতে হবে
নিরাপদ মাছ ও ফল উৎপাদনে খামারিদের সচেতন হতে হবে। চাষাবাদ করতে হবে বৈজ্ঞানিক উপায়ে। মাছের জন্য নিরাপদ খাদ্য ও ওষুধ ব্যবহার সম্পর্কে জানা জরুরি। একইভাবে ফল উৎপাদনে কীটনাশক ব্যবহারে সতর্ক হতে হবে।
২৩ জানুয়ারি চিটাগাং মেরিডিয়ান এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও বেসরকারি উন্নয়ন সংস্থা ক্যাটালিস্টের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। জিইসি মোড়ের মেরিডিয়ান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ‘মানসম্মত ও নিরাপদ মাছ এবং আম উৎপাদন ও বিক্রি’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য বিভাগের প্রকল্প পরিচালক চক্রবর্তী বিনয় কুমার। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. আমিনুল হক চৌধুরী। বক্তব্য দেন বিসিএসআইআরের পরিচালক মাহমুদা খাতুন, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হাবিবুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. মোসলেম উদ্দিন, ফিনল্যান্ডের হেলসিনকি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ফেলো মুজিবুল হক মজুমদার প্রমুখ।
মেরিডিয়ান গ্রুপের মানবসম্পদ ব্যবস্থাপক মো. রাজিব হায়দারের পরিচালনায় কর্মশালায় ক্যাটালিস্ট ও মেরিডিয়ানের কর্মকাণ্ডবিষয়ক প্রতিবেদন উপস্থাপন করেন ক্যাটালিস্টের কর্মকর্তা নাহিন ফেরদৌস। চিটাগাং মেরিডিয়ান এগ্রো ইন্ডাস্ট্রিজের উৎপাদিত মৎস্য ও কৃষিজাত পণ্যের ভিডিও চিত্র প্রদর্শন এবং মান সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন হাসানুজ্জামান ও মো. কলিম উদ্দিন। সমাপনী বক্তব্যে মেরিডিয়ান গ্রুপের চেয়ারপারসন কোহিনুর কামাল ভবিষ্যতে নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণনের মাধ্যমে ভোক্তাদের সেবা দেওয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। কর্মশালায় বিভিন্ন গ্রুপ অব কোম্পানি, হোটেল, রেস্টুরেন্ট ও সুপার শপের প্রতিনিধিরা অংশ নেন।