মা একজন গর্ভস্থিত অথবা সদ্যজাত অথবা বাড়ন্ত শিশুর সব চাহিদা পূরণ করতে পারে? মা নিরাপদবোধ করতে পারে, স্বাচ্ছন্দ্য আর উল্লাসে, পুষ্টিময়তায় মেতে উঠতে পারে নিজের জাতকের যত্নে? মা স্বপ্ন দেখতে পারে কখন সে মা হবে? কখন তাঁর শরীরের পরতে পরতে মাতৃত্বের স্নিগ্ধ ছাপ বিকশিত হবে?মা নিজে পরিবারের সব চাহিদা পূরণ করে দিন রাত কায়িক পরিশ্রম করে একবারও ভাবতে পারেন তাঁর গর্ভ, প্রসব এবং প্রসবোত্তর সেবার কী হবে? ওপরের সব প্রশ্নের উত্তর হচ্ছে ‘না’। এ কারণে এদেশে নিরাপদ মাতৃত্ব এখনো স্লোগান ও কর্মশালার মধ্যে সীমাবদ্ধ। এ কারণেই মাতৃত্বের স্নিগ্ধতা নষ্ট হয় নীল বেদনায়।শতকরা ৮৫ জন মা বাড়িতে প্রসব করাতে গিয়ে জন্ম দিচ্ছেন শ্বাসকষ্টের যন্ত্রণায় নীল একটি বাচ্চা অথবা মৃত সন্তান। এক হাজার নবজাতকের মধ্যে মৃত্যুর হার ৩৭ ভাগ। প্রসবকালীন জটিলতা অতি দ্রুত চিহ্নিতকরণ এবং রেফারেলের ব্যবস্থা না থাকা মা ও শিশুর মৃত্যুর একটি প্রধান কারণ। পুষ্টিহীনতা, প্রদাহ এবং অপরিকল্পিত গর্ভধারণ যদিও শিশু ও মাতৃমৃত্যুর ভিত রচনা করেছে তথাপি ঘন ঘন সন্তান প্রসব, পরিবার পরিকল্পনা কার্যক্রমের প্রতি উদাসীনতা ও সেবা প্রদানকারীদের নির্লিপ্ততা, কাজের প্রতি অনীহা, যন্ত্রপাতি অপরিশোধিত উপায়ে ব্যবহার করা, পাঁচটি বিপজ্জনক চিহ্ন সম্পর্কে না জানা এবং নিরাপদ প্রসবকে অশিক্ষিত দাই দিয়ে জটিল করে তোলা—সবকিছুই মা-শিশুর স্বাস্থ্যকে প্রভাবিত করছে। গর্ভাবস্থা সম্পর্কে ধর্মীয়, সামাজিক, পারিবারিক ও ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পরিবর্তন, আপৎকালীন অর্থ সঞ্চয়, প্রশিক্ষিত সেবাদানকারী দিয়ে নিরাপদ প্রসব, প্রসব পরবর্তী পরিচর্যা, যথাসময়ে মা ও বাচ্চার বিপজ্জনক চিহ্নসমূহ চিহ্নিত করা এবং সময়োপযোগী রেফারেল রক্ষা করতে পারে মা ও শিশুকে। রওশন মোর্শেদ : অধ্যাপক, প্রসূতি ও নবজাতক বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল