নিরাপদ লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোর পালালে বুদ্ধি বাড়ে—এই কথা সব সময়ই শুনে এসেছি আমরা। কিন্তু চোর আসার আগে যদি চোর ধরার পথটা পেয়ে যান, তাহলে কেমন হবে? কেন বললাম এ কথা, এবার তা-ই বলে নিই।তথ্যপ্রযুক্তির আঙ্গিনায় এখন বড় ত্রাস সৃষ্টি করে আছে হ্যাকাররা। সারা বিশ্বে নানা রকম কাণ্ড ঘটিয়ে সব সময়ই আলোচনায় আছে তারা। কখনো ওয়েবসাইট হ্যাকিং, কখনো নামী প্রতিষ্ঠানের সফটওয়্যার হ্যাকিং, আবার কখনো বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ টাকাকড়িও।বাংলাদেশে অনলাইন আর মোবাইল ব্যাংকিংয়ের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে হ্যাকিংয়ের ভয়ও। তাই বলে ভয়ে আঁতকে ওঠার কিছু নেই। বুয়েটের তিন মেধাবী শিক্ষার্থী সৈয়দ বাহাউদ্দিন আলম, এ বি এম রাফি সাজ্জাদ, নাজমুস সাকিব এই মোবাইল ব্যাংকিং পদ্ধতি হ্যাকারদের হাত থেকে রক্ষা করার জন্য তৈরি করেছেন নতুন এক সিকিউরিটি সফটওয়্যার—ডিজিটাল ওয়াটারমার্কিং প্রসেস ‘মোবাইল ওয়ালেট ব্যাংকিং’।কীভাবে কাজ করবে এই সফটওয়্যার বা মোবাইল ব্যাংকিংয়ে কতটা নিরাপত্তা দেবে এটি, জানতে চাইলে বাহাউদ্দিন জানান, ‘মোবাইল ব্যাংকিংয়ে সাধারণত এসএমএসের মাধ্যমে লেনদেন বা বিভিন্ন তথ্য আদান-প্রদান করা হয়ে থাকে। আর হ্যাকাররা এসব তথ্য হ্যাক করার জন্য ওত পেতে থাকে। হ্যাকিং করতে পারলে এসব তথ্য দিয়ে তারা আপনার অ্যাকাউন্ট থেকে টাকাও হাতিয়ে নিতে পারবে। তবে নিরাপত্তার জন্য আমাদের সফটওয়্যার ব্যবহার করা হলে সে হ্যাক করতে পারলেও কোনো তথ্য পাবে না। ফলে টাকা হাতিয়ে নেওয়ার ক্ষমতাও তাঁদের থাকছে না।’বিষয়টা আরও সহজ করে বললেন নাজমুস সাকিব, ‘পদ্ধতিটা এ রকম: আপনি যে তথ্য এসএমএসের মাধ্যমে পাঠালেন, আমাদের সফটওয়্যারের মাধ্যমে এই তথ্য অন্য ফাইলের মধ্যে বসিয়ে দেওয়া হবে। সেটি গান বা ছবি যেকোনোটি হতে পারে। এর ফলে হ্যাকাররা হ্যাক করলেও তারা দেখতে পাবে এটি একটি ছবি বা গান, ফলে সে আর কোনো তথ্য পাবে না। তাই আপনার লেনদেনের নিরাপত্তা নিশ্চিত হবে।’তিন তরুণ তাঁদের এই গবেষণা শুরু করেন বিভাগের সপ্তম সেমিস্টারের শুরুতে। তারপর নিরন্তর এর পেছনে সময় ও শ্রম দিয়ে এক বছরের গবেষণার ফল হিসেবে এই সফটওয়্যার তৈরির কাজ শেষ করেন।‘স্বপ্নটা অনেক বড় ছিল আমাদের। তবে কাজটা অত সহজ ছিল না। মাঝেমধ্যেই মনে হতো, আমরা পারব না। সুপারভাইজার শিক্ষক শেখ আনোয়ারুল ফাত্তাহ ও সিলিয়া শাহনাজ যখন সাহস দিতেন, তখন আবার উজ্জীবিত হতাম।’ গবেষণার সময়কার অবস্থার কথা বলতে গিয়ে এমনটাই বলেন রাফি সাজ্জাদ।আর নিজের শিক্ষার্থীদের কথা বলতে গিয়ে শিক্ষক শেখ আনোয়ারুল ফাত্তাহ বলেন, ‘যে পদ্ধতিতে ওরা কাজটি করেছে, অর্থাৎ ওয়াটারমার্কিং প্রসেস, এটা একেবারেই অজানা ছিল ওদের। কিন্তু ওরা অনেক উৎসাহিত ছিল। “নতুন কিছু করব, আমরা নতুন কিছু তৈরি করতে চাই”—এমনটা সব সময়ই বলত ওরা। আর সে অনুপাতে শ্রমও দিয়েছে ওরা। আর শ্রম যখন দিয়েছে, ভালো কিছু পাবে, এটাই তো স্বাভাবিক।’এ তো গেল শ্রম আর সাধনার কথা। এ কাজের জন্য পেয়েছেন বুয়েট বেস্ট থিসিস অ্যাওয়ার্ড-২০১১ স্বীকৃতি। শুধু দেশেই নয়, দেশের বাইরেও স্বীকৃতি মিলেছে তাঁদের গবেষণার। ‘মোবাইল ওয়ালেট ব্যাংকিং’ নামের এই গবেষণা যাচাই-বাছাইয়ের পর গবেষণাপত্র হিসেবে প্রকাশিত হয় বিশ্বের অন্যতম সেরা আইইইই (IEEE) ও স্প্রিংগার (Springer) নামক জার্নালে।এই উদ্ভাবন নিয়ে তাঁরা অংশ নেওয়ার সুযোগ পান ইউরোপের চারটি আন্তর্জাতিক সিম্পোজিয়ামে।[email protected]