নিরাপদ সড়কের দাবিতে উখিয়ায় পদযাত্রা

নিরাপদ সড়ক নিশ্চিতে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারের উখিয়ায় ১৩ সেপ্টেম্বর পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ওই দিন সকালে উখিয়া বহুমুখী উচ্চবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিন। বক্তব্য দেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, উখিয়া বঙ্গমাতা মুজিব মহিলা কলেজের উপাধ্যক্ষ শাহাব উদ্দিন, উখিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজী, ব্র্যাকের প্রোগ্রাম কর্মকর্তা মোহাম্মদ খাইরুজ্জামান, উখিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমদ, উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে, ব্র্যাকের উপজেলা ম্যানেজার সুকেশ কুমার সরকার প্রমুখ।
মো. মাঈন উদ্দিন বলেন, প্রতিবছর দেশে সড়ক দুর্ঘটনায় প্রায় ১৮ হাজার মানুষকে প্রাণ হারাতে হচ্ছে। পঙ্গু হচ্ছে প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ। একটু সচেতন হয়ে রাস্তা চলাচল করলে কিংবা চালকেরা সতর্ক হলে দুর্ঘটনা থেকে মানুষকে রক্ষা করা সম্ভব।
সভার আগে দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষার কৌশল নিয়ে শিক্ষার্থীদের ভিডিওচিত্র দেখানো হয়।
সভা শেষে পদযাত্রা বের করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেন।