নিরাপদ সমুদ্রস্নানের ব্যবস্থা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ সেপ্টেম্বর বেলা ১১টা। কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে সাগরে গোসল করতে নামেন ঢাকার নবাবপুরের ব্যবসায়ী কেফায়েত উল্লাহ; সঙ্গে বিদ্যালয়ে পড়ুয়া ছেলে সোহেল (১২)। এ সময় লঘুচাপের প্রভাবে ৩ নম্বর সতর্কসংকেত থাকায় সাগর ছিল উত্তাল। স্ত্রী ও কলেজপড়ুয়া এক মেয়ে বালুচরে দাঁড়িয়ে উপভোগ করছিল বাবা-ছেলের গোসল করার দৃশ্য।সোয়া ১১টার দিকে সোহেল কোমরসমান পানিতে নেমে অন্যদের সঙ্গে মেতে ওঠে হ্যান্ডবল খেলায়। হঠাৎ মায়ের নজরে পড়ে বিশাল একটি ঢেউ আদরের ছেলে সোহেলকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। মা ও বোনের চিৎকারে এগিয়ে গেলেন স্থানীয় একটি লাইফগার্ড স্টেশনের তিন ডুবুরি। তাঁরা সাগরের তলদেশ থেকে ১৫ মিনিটের মাথায় উদ্ধার করে আনেন মুমূর্ষু সোহেলকে। এরপর বালুচরে শুইয়ে পেটের পানি বের করে তাকে সুস্থ করা হয়। সোহেলের মা চেমন আরা (৪৫) বলেন, ‘আর পাঁচ থেকে ১০ মিনিট পর উদ্ধার করা হলে ছেলেকে জীবিত পাওয়া যেত না। আল্লাহ সহায় ছিল বলে একমাত্র ছেলেকে ফিরে পেয়েছি।’সোহেলের বাবা কেফায়েত উল্লাহ (৫৩) বলেন, ‘পৃথিবী বিখ্যাত বিশাল এই সৈকত দেখে মনটা ভরে যায়। কিন্তু এখানে নিরাপদ গোসলের ব্যবস্থা নেই ভাবলে কষ্ট পাই।’ সিলেটের হরিপুর থেকে ভ্রমণে আসা সালাহ উদ্দিন ও রোকসানা ইসলাম বলেন, সরকার পর্যটনশিল্পের উন্নয়নে নানা কথা বলে, কিন্তু বাস্তবে তার ছিটেফোঁটাও হয় না। তার প্রমাণ এই সৈকত।১০ বছরে ৮৬ পর্যটকের মৃত্যু: ৩ সেপ্টেম্বর সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে গুপ্তখালে আটকা পড়ে মারা যায় চট্টগ্রাম মহানগরের খুলশী এলাকার স্কুলছাত্র মো. সান (১৭)। এর দুই দিন পর একই স্থানে মারা যায় অজ্ঞাতনামা আরেক কিশোর। ২৯ আগস্ট সন্ধ্যায় কলাতলী পয়েন্টে গুপ্তখালে আটকা পড়ে মারা যান ঢাকার ক্লোজআপ ওয়ান শিল্পী আবিদ শাহরিয়ারসহ বিজ্ঞাপনী সংস্থা মাত্রার তিন কর্মকর্তা।সৈকতে নিখোঁজ পর্যটকদের উদ্ধার-তৎপরতায় নিয়োজিত বেসরকারি সংস্থা ইয়াছির লাইফগার্ড স্টেশনের পরিচালক ও নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ডুবুরি মোস্তফা কামাল জানান, ১০ বছরে সমুদ্রসৈকতে গোসল করতে নেমে ৮৬ পর্যটকের মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয় প্রায় এক হাজার ১৫০ জনকে। এর মধ্যে ইয়াছির লাইফগার্ড স্টেশনের ডুবুরিরা উদ্ধার করেন ৫৩ জনের মৃতদেহ। জীবিত উদ্ধার করেন ৮৩৪ জনকে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৯৫ সালের ২৩ অক্টোবর সকালে ঢাকার কলেজছাত্র মিনহাজ উদ্দিন ইয়াছির (২২) বাবা-মা ও একমাত্র ছোট বোনকে নিয়ে সাগরে গোসল করতে নামেন। এ সময় চোরাবালিতে আটকা পড়ে হারিয়ে যান ইয়াছির।মা-বাবা ও বোনের চোখের সামনে ইয়াছিরের ভেসে যাওয়ার দৃশ্য অনেকের মনে দাগ কাটলেও তখন তাঁকে উদ্ধার করার মতো কোনো ব্যবস্থা ছিল না। একটি হেলিকপ্টার, কয়েকটি ট্রলার সাগরের উপকূল তন্নতন্ন করে খুঁজে তিন দিন পর ১০ কিলোমিটার দূরে সোনাদিয়া চ্যানেল থেকে উদ্ধার করা হয় ইয়াছিরের লাশ। এরপর ইয়াছিরের বাবা শাহাবুদ্দিন সৈকতে ভেসে যাওয়া মানুষকে উদ্ধার করার জন্য ডানকানের আর্থিক সহযোগিতায় ছেলের স্মৃতি রক্ষায় গড়ে তোলেন ‘ইয়াছির লাইফগার্ড স্টেশন।’ রবি লাইফগার্ড ও গ্রিন ওয়ার্ল্ড লাইফগার্ড নামের দুটি প্রতিষ্ঠানও গড়ে উঠেছে। কিন্তু এ ব্যাপারে সরকারিভাবে এখনো কোনো বাহিনী গড়ে তোলা হয়নি। ট্যুর অপারেশন অ্যাসোসিয়েশনের (টুয়াক) সহসভাপতি তোফায়েল আহমদ জানান, গুপ্তখালে আটকা পড়ে পর্যটকের মৃত্যুর ঘটনা আশঙ্কাজনকহারে বাড়ছে। বিশেষ করে, ক্লোজআপ ওয়ান শিল্পী আবিদসহ মাত্রার তিন কর্মকর্তার মৃত্যুর ঘটনা সারা দেশের মানুষের মধ্যে বেশ প্রভাব ফেলে। সমুদ্রে নিরাপদ গোসলের ব্যবস্থা নিশ্চিত করা না গেলে এখানকার হোটেল-মোটেল ব্যবসা লাটে উঠবে।পর্যটকদের জন্য ১০ দফা: পর্যটকদের নিরাপদ গোসল এবং শহরের পরিবেশ ও সৌন্দর্য রক্ষার স্বার্থে ১০ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ। এ ব্যাপারে তারা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে।কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, ‘সৈকতে প্রতিদিন ১৫ হাজার পর্যটক ভ্রমণে আসছে। তাদের থাকা-খাওয়ার জন্য আধুনিক মানের অসংখ্য হোটেল-মোটেল তৈরি করা হলেও সৈকতে নিরাপদে গোসলের ব্যবস্থা গড়ে তোলা হয়নি। এটা খুবই দুঃখজনক।’কক্সবাজার হোটেল মোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার জানান, গত বছর ঈদের পরদিন থেকে প্রতিদিন এক লাখ পর্যটক সৈকতে আসে। তিন শতাধিক হোটেল-মোটেলের কোনোটির কক্ষ ওই বছর খালি ছিল না। কিন্তু এবারের ঈদের পরদিন থেকে গুপ্তখালে আটকা পড়ে পর্যটকের মৃত্যুর খবর প্রচারমাধ্যমে ফলাও করে প্রচারিত হওয়ায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। নিরাপত্তাহীনতার আশঙ্কায় এবার পর্যটক আসার হার অনেক কমে গেছে।সতর্কতার জন্য প্রচারণা: পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর জানান, পর্যটকদের সচেতন করতে জেলা পুলিশ বিভাগের পক্ষ থেকে সম্প্রতি ৩০ হাজারের বেশি প্রচারপত্র (লিফলেট) বিলি করা হয়েছে।জেলা প্রশাসনের পক্ষ থেকেও ২০ হাজারের মতো প্রচারপত্র বিলি করা হয়। এ সময় পর্যটকদের মধ্যে প্রচারণার জন্য চারটি হাতমাইক ব্যবহার ও গুপ্তখাল চিহ্নিত করার জন্য অসংখ্য লাল পতাকা উত্তোলন করা হয়।এ প্রসঙ্গে জেলা প্রশাসক মো. জয়নুল বারী বলেন, ‘সমুদ্রে নিরাপদে গোসলের জন্য সি-নেটিং সিস্টেম চালু করা দরকার। কিন্তু এটি ব্যয়সাধ্য ব্যাপার। তাই এ ব্যাপারে ঊর্ধ্বতন মহলের সহযোগিতা প্রয়োজন। অর্থবরাদ্দ পাওয়া গেলে সৈকতে নিরাপদ গোসলের ব্যবস্থা করা সম্ভব।’জেলা প্রশাসক জানান, ইতিমধ্যে উদ্ধারকর্মী ও ডুবুরির সংখ্যা বাড়ানো হয়েছে। দিনরাত সমানে চালানো হচ্ছে প্রচারণা।