৪৯ কিলোমিটার দীর্ঘ কাপ্তাই-চট্টগ্রাম সড়ক নিরাপদ সড়ক হিসেবে ঘোষণা করেছেন বাসচালকেরা। এখন থেকে সব রকম ট্রাফিক আইন মেনে চলার অঙ্গীকার করেন তাঁরা। কোনো চালকের গাফিলতিতে একটি সড়ক দুর্ঘটনাও যাতে না ঘটে, সে ব্যাপারে তাঁরা সচেতন থাকবেন বলে অঙ্গীকার করেন। কাপ্তাই-চট্টগ্রাম সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালক ও মালিকদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালায় তাঁরা এমন ঘোষণা দেন। কাপ্তাইয়ে অবস্থিত সেনাবাহিনীর ৭ আরই ব্যাটালিয়নের উদ্যোগে ব্যাটালিয়ন সদর দপ্তরে গত ১ জুলাই এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার স্লোগান ছিল: ‘একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না’। ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইলিয়াস হোসেন জানান, সাম্প্রতিক কালে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। অধিকাংশ চালক নিয়মকানুন না মেনে গাড়ি চালান। আবার অনেক চালক নিয়মই ভালোভাবে জানেন না। এতে দুর্ঘটনা দিন দিন বাড়ছে। তাই চালকদের সচেতন করার লক্ষ্যে সেনাবাহিনীর উদ্যোগে যানবাহনের চালকদের অংশগ্রহণে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে বাস, ট্রাক, অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহনের চালক ও মালিকেরা অংশ নেন। বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন মেজর শাখাওয়াত হোসেন ও ক্যাপ্টেন অভিষেক। রাস্তায় বিভিন্ন লেনে গাড়ি চালানো, গাড়ি পার্কিং, সংযোগ সড়কে যাওয়া এবং ওভারটেক করার পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়। এ ছাড়া বাসে যাত্রী ওঠানো-নামানো ও দিকনির্দেশক বাতি জ্বালানোর নিয়ম এবং রাস্তায় গাড়ি বের করার আগে কোন কোন যন্ত্রাংশ দেখতে হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। কর্মশালায় অংশগ্রহণকারী মো. মোশাররফ হোসেন, শামছুল আলম, মো. বেলালসহ কয়েকজন চালক জানান, গাড়ি চালানোর বিষয়ে কর্মশালায় যেভাবে ধারণা দেওয়া হয়েছে, এসব বিষয়ে আগে তাঁদের তেমন অভিজ্ঞতা ছিল না। এখন থেকে সচেতনভাবে নিয়ম মেনে গাড়ি চালিয়ে কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে নিরাপদ সড়ক হিসেবে প্রতিষ্ঠিত রাখার অঙ্গীকার করেন সব চালক। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কাপ্তাইয়ে অবস্থিত ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আকতার, ১৭ বেঙ্গলের অধিনায়ক লে. কর্নেল এম মাহমুদুল হাসান, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান অংসুই ছাইন চৌধুরী, রাজস্থলী উপজেলা চেয়ারম্যান থোয়াই সুই খই মারমা, রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সুবেদার ইসলাম ও কাপ্তাই ইউনিয়নের চেয়ারম্যান মো. আবদুল লতিফ।