নিরাপদ সড়কের জন্য বিতর্ক
নানা যুক্তি ও তথ্য উপস্থাপনের মধ্য দিয়ে চলছিল ছায়া সংসদ। সংসদের নির্ধারিত আলোচ্য বিষয়, ‘নিরাপদ সড়কের দাবি সাময়িক উত্তেজনা মাত্র’। কোনো ধরনের ওয়াকআউট ও অপ্রীতিকর ঘটনা ছাড়াই সরকারি ও বিরোধী দলের সাংসদদের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় ছায়া সংসদ। বলছিলাম ১৪ অক্টোবর ঢাকার বিজিএমইএ মিলনায়তনে অনুষ্ঠিত তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মৃতি আন্তবিশ্ববিদ্যালয় ও আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতার কথা।‘তোমাদের মৃত্যু আমাদের অপরাধী করে তোলে’ এই স্লোগান নিয়ে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফ বিডি) আয়োজনে দিনব্যাপী এ প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, বুয়েট, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ আটটি বিশ্ববিদ্যালয় এবং প্রায় ২০টি স্কুল অংশ নেয়। বিশ্ববিদ্যালয় পর্যায়ের চূড়ান্ত বিতর্কে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। শেষ পর্যন্ত বিচারকদের রায়ে বিজয়ী হয় তফিকুল আলম, কৌশিক সুর, নুরান চৌধুরী—এই তিন তার্কিকের সমন্বয়ে গড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল। এঁদের মধ্যে তফিকুল আলম ও নুরান চৌধুরী বিতর্ক করছেন স্কুলজীবন থেকেই। আর কৌশিকের বিতর্ক শুরু বিশ্ববিদ্যালয়ে এসে। একসঙ্গে কোনো বিতর্ক প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিয়েই ছিনিয়ে নিলেন শ্রেষ্ঠত্বের মুকুট।বিতর্কে চ্যাম্পিয়ন হয় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ইসরাত জাহান। প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছে যথাক্রমে শহীদ আনোয়ার গার্লস স্কুলের ফারহানা কবির ও সেন্ট গ্রেগরিজ হাইস্কুলের সৌভিক কুণ্ডু।সমাপনী পর্বে বিজয়ী বিতার্কিকদের পুরস্কার তুলে দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও এনডিএফ বিডির চেয়ারপারসন এ কে এম শোয়েব।