প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে কার মন ভেঙেছি, তাই নিয়ে কথাটা উঠল। হালকা কুয়াশা ভেঙে হাঁটতে হাঁটতে দুজনেই মোড়ের চায়ের সামনে দাঁড়ালাম।
অথৈ বলল, ‘চলো, চা খাওয়া যাক।’
‘চা?’
‘এমনভাবে বললে, যেন একদমই খাও না।’
‘খাই না তো।’
‘মানে? একসময় তো ফোন দিলেই শুনতাম, চা বানাচ্ছ বা খাচ্ছ।’
‘হুম্...কিন্তু কেউ একজন বলছিল, বিয়ের পর সে বানাতে পারবে না। তাই ছেড়ে দিলাম।’
এরপর দুজনেই একটুখানি চুপ করে রইলাম। আমি বললাম, ‘চলো, আজ খাওয়া যাক। তোমার সঙ্গে খাওয়াটা মিস করা ঠিক হবে না।’
অথৈ বসতে বসতে বলল, ‘আমি কিন্তু চা বানানো শিখে গেছি। শ্বশুরবাড়ির সবাই প্রশংসাও করে। একদিন এসো। কাছেই তো ফতুল্লা।’
সে আমার হাত চেপে ধরে আবার বলল, ‘আসবে তো?’
আমি নিরুত্তর তার মুখের দিকে তাকিয়ে থাকি।
সাকলাইন আরেফিন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।