নিরুত্তাপ নির্বাচন, সাড়া নেই ভোটারদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভোট হচ্ছে জানি। কিন্তু প্রার্থীর দেখা নেই, পোস্টার-ব্যানার নেই, নেই প্রচার-প্রচারণা। এমনকি প্রার্থীর হয়ে ভোট চাইতেও কেউ আসছেন না। এটি কী ধরনের ভোট বুঝতে পারলাম না।’ নির্বাচন নিয়ে কী ভাবছেন জানতে চাইলে এমনই জবাব মিলল সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ফকির হাটের ব্যবসায়ী মোহাম্মদ লোকমান (৫০)।
নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি থাকলেও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে নির্বাচন নিয়ে প্রার্থীদের তেমন কোনো তৎপরতা নেই। প্রার্থী সম্পর্কেও ধারণা নেই অনেক ভোটারের। তারই প্রতিফলন ঘটেছে ব্যবসায়ী লোকমানের কথায়।
এ আসনে নির্বাচনী লড়াইয়ে আছেন দুই প্রার্থী। তাঁরা হলেন, আওয়ামী লীগের আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী (প্রতীক নৌকা) ও বিএনএফ প্রার্থী জয়নাল আবেদীন কাদেরী (প্রতীক টেলিভিশন)। নির্বাচনী প্রতীক বরাদ্দের পর থেকে তাঁরা দু-চারটি এলাকায় সীমিত পর্যায়ে গণসংযোগ করলেও তা ভোটারদের আকৃষ্ট করতে পারেনি।
গত ২৯ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলা সদর এলাকার কয়েকটি বিপণিকেন্দ্র এবং বড় দুটি হাট-বাজার ছাড়া বেশির ভাগ এলাকায় কোনো প্রার্থীর পোস্টার, ব্যানার নেই। দেখা যায়নি নির্বাচনী কার্যালয়ও। ভোটারদের আলাপ-আলোচনায়ও নেই নির্বাচনী উত্তাপ। বরং তাঁদের কথায় নির্বাচনের চেয়ে অবরোধ-হরতাল, সহিংসতা, যৌথ বাহিনীর অভিযান ইত্যাদি বিষয়ই বেশি ফুটে উঠেছে।
স্থানীয় সূত্রগুলো জানায়, গত ১৬ ডিসেম্বর লোহাগাড়া উপজেলার চুনতি শাহ সাহেবের মাজার ও নিজের বাবার কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের আবু রেজা নদভী। ইতিমধ্যে দুবার লোহাগাড়া উপজেলা সদরে গণসংযোগ করেন তিনি।
অপর দিকে বিএনএফ প্রার্থী জয়নাল আবেদীন ২০ ডিসেম্বর সাতকানিয়া পৌরসভার মাঝের মসজিদে জুমার নামাজের পর প্রচারণা শুরু করেন। ইতিমধ্যে তিনি লোহাগাড়ায় চুনতি ও আধুনগর এলাকায় গণসংযোগ করেন।
আওয়ামী লীগ সূত্র দাবি করে, সাতকানিয়া-লোহাগাড়া আসনে জামায়াতের শক্ত অবস্থান রয়েছে। তাই তারা কৌশলে প্রচারণা চালাচ্ছে। দলীয় ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত বৈঠকও হচ্ছে তার।
জানতে চাইলে নেজাম উদ্দিন নদভী বলেন, ‘আমি দীর্ঘ দিন থেকে ব্যক্তিগত প্রচেষ্টায় সাতকানিয়া-লোহাগাড়ার উন্নয়নে জড়িত। এখন থেকে সরকারের সঙ্গে থেকে উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে প্রার্থী হয়েছি।’ তিনি বলেন, ‘দলের নেতা-কর্মীরা এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন। আমিও ভোটারদের কাছে যাচ্ছি।’ বিএনএফ প্রার্থী জয়নাল আবেদীন বলেন, ‘শহীদ জিয়ার ১৯ দফা বাস্তবায়নের জন্য আমি প্রার্থী হয়েছি। এলাকাবাসী আমাকে নির্বাচিত করলে আমি সততার সঙ্গে দায়িত্ব পালন করব।’