চট্টগ্রাম-১২ (আনোয়ারা-পশ্চিম পটিয়া) আসনের উপনির্বাচন আজ বৃহস্পতিবার। সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল চারটা পর্যন্ত। বিরোধী দল বিএনপি অংশ না নিলেও শুরু থেকে নির্বাচনটিকে ঘিরে দারুণ একটি উত্তাপ ছিল বিএনপিরই স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দিন আহমদের কারণে। কিন্তু নির্বাচন কমিশন ও পরে আদালত থেকে তাঁর প্রার্থিতা বাতিল হয়ে যাওয়ার পর একটি নিরুত্তাপ ও ভোটারবিহীন নির্বাচনের যাবতীয় রসদ নিয়েই হাজির হয়েছে এই উপনির্বাচনে। জালালসহ চারজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিলের পর এখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী ওরফে জাবেদ নৌকা প্রতীক নিয়ে ও গণফোরামের প্রার্থী উজ্জ্বল ভৌমিক উদীয়মান সূর্য প্রতীকে।জানা গেছে, শুরুতে নির্বাচনটি এগোচ্ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতার দিকে। বিরোধী দল বিএনপি নির্বাচনে অংশ না নিলেও ওই দলেরই প্রভাবশালী এক নেতা আওয়ামী লীগের প্রার্থীর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি জালাল উদ্দিন আহমদ।জালাল চলে যাওয়ার পর উত্তাপহীন হয়ে পড়ে আনোয়ারা উপনির্বাচন। নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে কোনো আগ্রহ লক্ষ করা যায়নি। বটতলী, আনোয়ারা, পশ্চিম পটিয়া, পারকিসহ বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে তাঁদের অনাগ্রহের কথা জানা যায়। মোহাম্মদ জহির নামে বড় উঠানের এক ভোটার বলেন, ‘ভোট দিতে যাব কি না এখনো জানি না। দেখি শেষ পর্যন্ত সবাই গেলে যাব।’ নির্বাচন উপলক্ষে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তাঁদের ধারণা, সাইফুজ্জামানের সঙ্গে উজ্জ্বলের প্রতিদ্বন্দ্বিতা হবে অসম। নির্বাচনী প্রচারণাও ছিল অনেক কম। বেশির ভাগ পোস্টারই সাইফুজ্জামান চৌধুরীর। তবে তোড়জোড় ছিল নির্বাচন কমিশনের প্রস্তুতিতে। ইতিমধ্যে গতকাল বুধবার প্রতিটি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুই দিন আগে থেকে এলাকায় টহল দিতে শুরু করেছেন। কেন্দ্রগুলোতে পুলিশ ও আনসার সদস্য থাকবে। পাশাপাশি টহলে থাকবে র্যা বও। নির্বাচন নিয়ে উত্তেজনা না থাকলেও রয়েছে ঝুঁকিপূর্ণ কেন্দ্রও। মোট ২৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তার মধ্যে আনোয়ারা থানা এলাকায় ১৩টি, কর্ণফুলী থানায় নয়টি ও পটিয়া থানা এলাকায় চারটি কেন্দ্র রয়েছে। সে অনুযায়ী নিরাপত্তাও জোরদার করা হয়েছে। আইনশৃৃঙ্খলা বাহিনী ও ভিজিলেন্স দলের সঙ্গে বৈঠকও করেছে কমিশন। এ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ আহমদ খান বলেন, ‘যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সরঞ্জামও সব চলে গেছে কেন্দ্রে। নিরাপত্তা বাহিনীসহ বিভিন্ন স্তরে আমরা বৈঠক করেছি। নির্বাচনে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।’এদিকে গত মঙ্গলবার মধ্যরাত থেকে প্রচারণা শেষ হয়েছে। অন্যান্য নির্বাচনের সময় ভোটের শেষ দুই দিন জমজমাট থাকলেও সেটা এবার দেখা যায়নি। এই আসনে মোট ভোটার দুই লাখ ৫০ হাজার ৭৭১ জন। তার মধ্যে নারী এক লাখ ২৪ হাজার ২৭৫ জন ও পুরুষ এক লাখ ২৬ হাজার ৫১২ জন। মোট ৯০টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। কমিশন ইতিমধ্যে ৯০ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৬১৫ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও এক হাজার ২৩০ জন পোলিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে। প্রসঙ্গত, আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুতে আসনটি শূন্য হয়। তিনি মারা যান গত বছরের ৪ নভেম্বর। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিল দুই লাখ ৩৫ হাজার ২১ জন। সেবার আওয়ামী লীগের প্রার্থী আখতারুজ্জামান চৌধুরী বাবু এক লাখ ১০ হাজার ২৯৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সরওয়ার জামাল নিজাম পেয়েছিলেন ৮৭ হাজার ৫০৬ ভোট।