নির্ঝরের ছুটি কাটে গানে গানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্ঝর
নির্ঝর

বেশির ভাগ সময় অন্যকে গান শোনান নির্ঝর। কিন্তু নিজে কখন গান শোনেন? আর কী ধরনের গান তাঁর পছন্দ? যখনই মেলে একটু অবসর, তখনই নাকি গানের সুরে মেতে থাকেন তিনি। বললেন, ‘ছুটির দিন হলেও গান থেকে কোনোভাবেই দূরে থাকার সুযোগ নাই। ছুটির দিন বাইরের কোনো অনুষ্ঠানে গান না গাইলেও প্রচুর গান শুনি। আগে তো ক্যাসেট প্লেয়ারে গান শোনা হতো। এখন অবশ্য ইউটিউবে বেশি গান শোনা হয়। আমার সবচেয়ে পছন্দের শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী ও গুলাম আলী। দেশের মধ্যে ফেরদৌসী রহমান, সাবিনা ইয়াসমীন, রুনা লায়লা ও সৈয়দ আব্দুল হাদী থেকে শুরু করে এ প্রজন্মের সকলেরই গান শোনা হয়। তবে শাস্ত্রীয় সংগীতের প্রতি আমার দুর্বলতাটা একটু বেশি। শাস্ত্রীয় সংগীতের মধ্যে রশিদ খান, বেগম আখতার।’
বুধবার রাতেও পণ্ডিত অজয় চত্রবর্তীর ‘ঘুম আসে না’ গানটি শুনেছি। গানটিতে ‘মুরকিগুলো এককথায় অসাধারণ।’
ছুটির দিনে খুব সকালে ঘুম থেকে ওঠেন নির্ঝর। বললেন, ‘আমি কিন্তু সব সময় খুব সকালে ঘুম থেকে উঠি। ছুটির দিন সাধারণত ঘরের কিছু কাজকর্ম থাকে সেগুলো সেরে নিই। আম্মুকে সহযোগিতা করার সুযোগ খুব একটা হয় না। তাই ছুটির দিন আম্মুর কাছাকাছি থাকি। ঘর গোছানোর কাজ করি।’
গানের বাইরে বিভিন্ন বিষয়ের বই পড়তে বেশি ভালোবাসেন নির্ঝর। বললেন, ‘আমার মতে পড়ালেখা ছাড়া একজন মানুষ কোনোভাবেই সমৃদ্ধ হতে পারবে না। দুই বছর ধরে মেডিটেশনও করছি। ইদানীং মেডিটেশন নিয়ে পড়ছি বেশি।’
২০০৫ সালে হাবিব ওয়াহিদের কম্পোজিশনে আশা ভোঁসলের গাওয়া ‘একটা দেশলাই কাঠি জ্বালাও’ গানটি নতুন করে গেয়ে শ্রোতাদের নজরে আসেন নির্ঝর। এর পরপরই পড়াশোনার জন্য লন্ডন চলে যান। ইস্ট লন্ডন ইউনিভার্সিটি থেকে এমবিএ এবং অক্সফোর্ড ব্রুকস থেকে এসিসিএ শেষ করে দেশে ফিরে আবারও গান নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। হৃদয় খানের সুরে ‘জানি একদিন’ ও ‘আজকের এই নিশি’ গানগুলো নির্ঝরকে আবারও নতুন করে আলোচনায় নিয়ে আসে। তাঁর শেষ একক অ্যালবাম স্বপ্নমুখীর ‘আরাধনা’ গানটিও জনপ্রিয়তা পায়। এখন পর্যন্ত নির্ঝরের তিনটি আধুনিক গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে।