নির্দলীয় নির্বাচনে দলীয় সমর্থন পেতে তৎপরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তফসিল ঘোষণার পরপরই সোনাগাজীতে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। রাজনৈতিক প্রভাবমুক্ত ও নির্দলীয় নির্বাচন হলেও উপজেলার নয়টি ইউনিয়নে সম্ভাব্য শতাধিক চেয়ারম্যান পদপ্রার্থী দলীয় সমর্থন আদায়ে তৎপর হয়ে উঠেছেন। পাশাপাশি ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। উপজেলায় এবার দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান ও সদস্য পদে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও দলীয় সমর্থন পেতে জোর তদবির চালিয়ে যাচ্ছেন। প্রায় শতাধিক চেয়ারম্যান, পাঁচ শতাধিক সাধারণ সদস্য ও দুই শতাধিক সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালাচ্ছেন। বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জেড এম কামরুল আনাম বলেন, ‘প্রতি ইউনিয়ন থেকে আমরা তিনজন চেয়ারম্যান পদপ্রার্থীর নাম বাছাই করে জেলা কমিটির কাছে পাঠাব। জেলা নেতারা যাঁকে যোগ্য মনে করেন তাঁকে সমর্থন জানাবেন।’ নির্দলীয় নির্বাচনে কেন প্রার্থীদের সমর্থন জানাচ্ছেন—এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সারা দেশেই এভাবে নির্বাচন হচ্ছে। এতে দোষের কিছু নেই।’উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন জানান, দলে যাতে বিশৃঙ্খলা না হয় সে লক্ষ্যে নির্দলীয় নির্বাচনে প্রতি ইউনিয়নে একজন চেয়ারম্যান পদপ্রার্থীকে সমর্থন জানানো হচ্ছে। উপজেলা জামায়েতের আমির মাওলানা কলিম উল্লাহ বলেন, ‘দলীয়ভাবে আমরা এবার প্রতি ইউনিয়নে প্রার্থী দিয়েছি।’ নির্দলীয় নির্বাচনে প্রার্থী দেওয়া প্রসঙ্গে তিনি জানান, মুখে সবাই অরাজনৈতিক বললেও তা কেউ মানে না। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এবার দুই দফায় সোনাগাজীতে ভোট গ্রহণ হবে। প্রথম দফায় সোনাগাজী সদর, মতিগঞ্জ, আমিরাবাদ ও নবাবপুর ইউনিয়নে ভোট গ্রহণ হবে। তফসিল অনুযায়ী এ চার ইউনিয়নে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ জুন, মনোনয়নপত্র বাছাই ৫ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ জুন এবং ভোট গ্রহণ হবে ২৮ জুন মঙ্গলবার। অপর দিকে, দ্বিতীয় পর্যায়ে চরমজলিশপুর, বগাদানা, মঙ্গলকান্দি, চরচান্দিয়া ও চরদরবেশ ইউনিয়নে ভোট গ্রহণ হবে। এ সব ইউনিয়নে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৭ জুন, মনোনয়নপত্র বাছাই ৯ জুন, প্রার্থিতা প্রত্যাহারের তারিখ ১৬ জুন, ভোট গ্রহণ অনুষ্ঠানের তারিখ ৩ জুলাই।