নির্দিষ্ট সময়ে কাজ শেষ হবে তো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেটের দুটি ম্যাচ আয়োজনের জন্য নগরের অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশন ৮৭ কোটি টাকা ব্যয়ে ২০টি সড়কের সংস্কারকাজ শুরু করেছে। তৈরি করছে একাধিক সেতু ও কালভার্ট। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) সাগরিকা জহুর আহম্মদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে ঢোকার প্রধান সড়কটির কাজ করবে। ব্যয় হবে সাত কোটি টাকা।তবে নির্দিষ্ট সময়ে এসব কাজ সম্পন্ন হবে কি না তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। পেশাদার ঠিকাদারেরা বলেছেন, অনেক রাজনৈতিক ঠিকাদার এসব কাজ করছেন। অপেশাদার ঠিকাদারদের অতীত অভিজ্ঞতা ভালো নয়। বিশ্বকাপের আর মাত্র তিন মাস বাকি। এত কম সময়ে এসব কাজ সম্পন্ন করা সম্ভব না-ও হতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্তব্য করেন। জানা গেছে, স্টেডিয়ামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে স্টেডিয়ামের কাছে ১১ কেভি উপকেন্দ্র নির্মাণ করার কথা। তবে এখনো কাজই শুরু হয়নি। পাহাড়তলী বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আকত আলী প্রথম আলোকে বলেন, ‘আয়োজকেরা নিজেদের মতো করেই এ উপকেন্দ্র নির্মাণ করবে। এ জন্য একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে শুনেছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ নিয়ে চিঠি চালাচালি করছে। আমাদের কাছে এ ব্যাপারে বিশেষ কোনো তথ্য নেই।’জানা গেছে, নতুন সড়ক নির্মাণ ও সংস্কারের পাশাপাশি নগরের গুরুত্বপূর্ণ সড়কের সৌন্দর্য বাড়ানোসহ যাবতীয় কাজ তদারকের জন্য সিটি করপোরেশন একটি কমিটি করেছে। সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ রেজাউল করিম এ ব্যাপারে বলেন, ‘নগরের প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কগুলোর সৌন্দর্য বাড়ানো ও আলোকায়ন করা হবে। পাশাপাশি ফুটপাত সংস্কার ও সড়কদ্বীপে বৃক্ষরোপণ করা হবে। অনাকাঙ্ক্ষিত সাইনবোর্ড ও বিলবোর্ডের ব্যাপারে সিদ্ধান্ত নেবে এ কমিটি। বিভিন্ন মোড় কীভাবে সাজানো যায় তা নিয়েও কাজ করবে। তা ছাড়া বিমানবন্দর সড়ক থেকে বন্দর সংযোগ সড়ক ও সাগরিকার সৌন্দর্য বাড়ানো, যানজট কমানো এবং গাড়ি রাখার স্থান নির্ধারণ করবে কমিটি। খুব শিগগিরই কমিটির কাজ শুরু হবে।’ সিডিএ সূত্রে জানা যায়, পরিকল্পনা অনুযায়ী বন্দর সংযোগ সড়ক থেকে সাগরিকা বিভাগীয় স্টেডিয়ামে যাওয়ার প্রধান সড়কটি হবে চার লেনের। এর প্রশস্ততা হবে ৪৮ ফুট। দুপাশের ১০ ফুট জায়গায় গাছ লাগানো হবে, এরপর ১২ ফুট প্রশস্ত ফুটপাত থাকবে। বর্তমানে সড়কের দুপাশে পর্যাপ্ত খালি জায়গা রয়েছে। ফলে নতুন করে জমি অধিগ্রহণের দরকার হবে না বলে সিডিএর কর্মকর্তারা জানান। সড়ক সংস্কারকাজের প্রকল্প পরিচালক মো. মাহফুজুর রহমান বলেন, ‘আমরা ইতিমধ্যে দেড় কিলোমিটার সড়ক সংস্কারের জন্য দরপত্র আহ্বান করেছি। আগামী ১৯ নভেম্বর দরপত্র খোলা হবে। পুরো কাজটি একজন ঠিকাদারই করবেন। কাজের মান বজায় রাখা ও দ্রুত শেষ করার জন্যই এ পদ্ধতি বেছে নেওয়া হয়েছে।’সিটি করপোরেশন সূত্রে জানা যায়, সড়ক সংস্কার, বিকল্প সড়ক ও সেতু তৈরির লক্ষ্যে ইতিমধ্যে দুদফায় দরপত্রের কাজ শেষ করা হয়েছে। এসব কাজের কার্যাদেশও দেওয়া হয়েছে। তবে উন্মুক্ত পদ্ধতির দরপত্রের কারণে সিটি করপোরেশনের নিয়মিত ও পেশাদার ঠিকাদারের বাইরে বিএনপি ও আওয়ামী লীগঘেঁষা অনেক ঠিকাদার এবার কাজ পেয়েছেন। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে এসব কাজ শেষ হবে কি না তা দিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সাধারণ ঠিকাদারেরা। তবে নির্দিষ্ট সময়ের আগেই প্রয়োজনীয় কাজ শেষ করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রকৌশলীরা জানান। মেয়র মোহাম্মদ মন্জুর আলম এ ব্যাপারে বলেন, ‘আমরা আগেভাগেই কাজ শুরু করেছি। এসব কাজ তদারক করতে একটি কমিটিও গঠন করেছি। কমিটি নিয়মিত প্রতিবেদন দিচ্ছে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের সামপ্রতিক সাফল্য আমাদের কাজের গতি আরও বাড়িয়ে দিয়েছে।’