নির্দিষ্ট স্থানে থামে না বাস
নগরের কয়েকটি সড়কে ঘুরে দেখা যায়, নির্দিষ্ট স্থানে সিটি সার্ভিসের বাস না থেমে মোড়ে দাঁড়িয়ে ঠাসাঠাসি যাত্রী উঠানো-নামানো করে। বহদ্দারহাট মোড়ে তৌহিদ হাসান বলেন, ‘নিউমার্কেট থেকে আসতে কেয়ামত হয়ে গেছে। মানুষ তুলে এরা বাসটাকে কারাগার বানিয়ে ফেলেছে।’চকবাজার মোড়ে ২ নম্বর বাস থামার স্থান হলো লালচান্দ সড়কের মাথায়। কিন্তু বাস থামে গুলজার মোড়ের ষড়ঋতু সুপার সপ থেকে ফুলকলি, ফ্রেসইন রেস্তোরাঁ অংশে। জিইসি মোড়ে ৮ নম্বর (অক্সিজেন-নিউমার্কেট) ও ১০ নম্বর (কালুরঘাট-কাটগড়) সড়কের বাস আনন্দ ফার্নিচার ও হোটেল পেনিনসুলার কাছে যাত্রী উঠা-নামার কথা থাকলেও বাস থামে জামান হোটেল, সেন্ট্রাল প্লাজা ও অপটিকেল সেন্টারের সামনে। দুই নম্বর গেটে বিল্ডকম ফার্নিচারের সামনে থামার কথা থাকলেও ৮ নম্বর সড়কের বাস থামে কবরস্থান থেকে শুরু করে কর্ণফুলী কমপ্লেক্স পর্যন্ত। মুরাদপুর, বহদ্দারহাট ও নিউমার্কেট মোড়ের কয়েকটি স্থানে ট্রাফিক পুলিশের বাস থামানোর ফলক (সাইন বোর্ড) দেখা যায়নি। এ বিষয়ে কদমতলি এলাকায় চালক সাদেক হোসেন বলেন, ‘সারাদিন যে ভাড়া পাই তার একটি অংশ আমরা বেতন পাই। যেদিন আয় কম হয়, সেদিন আমাদের কিছুই থাকে না। তাই যাত্রী কম থাকলে কিছু কিছু স্থান থেকে আমরা যাত্রী তুলি।’