কক্সবাজারের চকরিয়া পৌর শহরকে যানজটমুক্ত রাখতে পৌরসভা ও উপজেলা প্রশাসনের দেওয়া ১০ দফা নির্দেশনা কেউ মানছে না। সবকিছুই আগের অবস্থায় থেকে গেছে। ফলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার চিরিংগা এলাকায় যানজট কমছে না।
চকরিয়া পৌরসভা ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, গত ২৮ নভেম্বরের উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্তের আলোকে বাস, ট্রাক, জিপ, সিএনজিচালিত অটোরিকশা, টমটম মালিক-চালক ও লাইন পরিচালনাকারী সমিতিকে চকরিয়া পৌর সদরের যানজট নিরসনে লিখিত ১০ দফা নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য সব রিকশা, টমটম, সিএনজিচালিত অটোরিকশা ও ম্যাজিক গাড়ি একমুখী সড়কে চলাচল করবে, সব বাস কাউন্টার টার্মিনালে চলে যাবে ও মাইক্রোবাসও টার্মিনাল থেকে ছাড়বে, ট্রাক ও পিকআপ মাতামুহুরী সেতুর উত্তর পাশে ট্রাক টার্মিনালে চলে যাবে, চিরিংগা সদরের খাদ্য, মুুদি, লোহা, সিমেন্টসহ সব ধরনের মালবাহী গাড়ি রাত আটটা থেকে সকাল সাতটার মধ্যে মালামাল ওঠানো-নামানো করবে, ফুটপাতের ভাসমান দোকান বসবে না এবং পর্যটন মৌসুমে কক্সবাজারগামী যানবাহন যেন দ্রুত চলাচল করতে পারে সে জন্য মহাসড়কের ওপর পার্কিং করে যাত্রী ওঠানামা করতে পারবে না কোনো গাড়ি। এ ছাড়া চকরিয়ার বিভিন্ন অভ্যন্তরীণ রুটের যাত্রীদের গাড়ি দাঁড়ানোর জন্য স্থান নির্দিষ্ট করে দেওয়া হয়।
এই নির্দেশনা দেওয়ার পর ৭ ডিসেম্বর চকরিয়া উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ যৌথ উদ্যোগে শহরের সোসাইটি এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা শতাধিক হকারকে উচ্ছেদ করা হয়। ওই দিনই স্থানীয় পত্রিকাসহ বিভিন্ন মাধ্যমে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম ও চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী স্বাক্ষরিত ১০ দফা নির্দেশনা প্রচার করা হয়। কিন্তু তারপর কেউ এসব নির্দেশনা কানে তুলছে না।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, সব বাস কাউন্টার পৌর শহরেই থেকে গেছে। দিনের বেলায় মালবাহী ট্রাকে মালামাল ওঠানো-নামানো করা হচ্ছে। হকাররা মহাসড়কের পশ্চিম পাশে বসে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। জিপ, ম্যাজিক, সিএনজিচালিত অটোরিকশা ও টমটম কাউন্টারগুলো আগের জায়গায় আছে। তাদের জন্য নির্দিষ্ট করে দেওয়া স্থানে যাচ্ছে না। দূরপাল্লার বাস ও মাইক্রোবাসগুলোও মহাসড়কের ওপর দাঁড়িয়েই যাত্রী ওঠানামা করছে। ফলে কিছুক্ষণ পরপর যানজট লেগে যাচ্ছে। শুধু একমুখী সড়কে কিছুটা পরিবর্তন দেখা গেছে। টমটম ও রিকশা ওই সড়কে চলাচল করছে।
জানতে চাইলে চকরিয়ার ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘আমরা পৌরসভার কাছ থেকে ইজারা নিয়ে ব্যবসা করছিলাম। এতে মানুষের কোনো অসুবিধা হচ্ছিল না। তারপরও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে আমাদের উচ্ছেদ করে দিয়েছেন।’ তবে অনেক হকার প্রশাসনকে ফঁাকি দিয়ে ব্যবসা করছেন বলে স্বীকার করেন তিনি।
সচেতন নাগরিক কমিটি (সনাক) চকরিয়ার সদস্য মো. জিয়াউদ্দিন বলেন, ‘উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনাগুলো যৌক্তিক ও জুতসই। এসব নির্দেশনা বাস্তবায়ন হলে চকরিয়ায় কোনো যানজট থাকত না।’ তিনি বলেন, নির্দেশনাগুলো কেউ মানছেন না। এ বিষয়ে প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষকে আরও কঠোর হতে হবে।
আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কামাল আজাদ বলেন, ‘গাড়ির কাউন্টারগুলো সরাতে গেলে টার্মিনালের সংস্কার দরকার। টার্মিনালের ভেতরে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। একটি লাইট নেই, দারোয়ান নেই, জায়গাও ছোট। সবকিছু মেয়রকে বোঝানো হয়েছে। তারপরও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, ‘মানুষ সচেতন না হলে আইনপ্রয়োগ করে সব ঠিক করা আসলেই কঠিন ব্যাপার। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি। যাতে দ্রুত এসব নির্দেশনা বাস্তবায়ন হয়।’
পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, ‘আস্তে আস্তে সব নির্দেশনার বাস্তবায়ন হবে। এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।’