নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না নিত্যপণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাস সামনে রেখে সরকার তেল, চিনি, ছোলার দাম নির্ধারণ করে দিয়েছে। বাজারদর তদারকির জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযানের কথাও বলা হচ্ছে। কিন্তু এর পরও বাজার নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। ক্রেতাদের ভোগান্তিও সীমাহীন। নগরের উল্লেখযোগ্য কয়েকটি বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতার সঙ্গে কথা বলে বাজারের চিত্র তুলে ধরেছেন নিজাম সিদ্দিকী ও মেখ্যাইউ মারমারমজান মাসের আগেই দফায় দফায় বাড়ছে নিত্যপণ্যের দাম। নগরের কোনো বাজারেই সরকারনির্ধারিত দামে বিক্রি হচ্ছে না ছোলা, চিনি, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য। খুচরা বিক্রেতাদের দাবি, পাইকারি বাজার থেকে বেশি দামে কিনে কম দামে পণ্য বিক্রি করা তাঁদের পক্ষে সম্ভব হচ্ছে না।গত শুক্রবার নগরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, নির্ধারিত দামের চেয়ে ছোলা ৩০-৩৫ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। চিনি বিক্রি হচ্ছে নির্ধারিত দামের চেয়ে পাঁচ থেকে ১০ টাকা বেশি দামে।উল্লেখ্য, রমজান মাস উপলক্ষে সরকার প্রতি কেজি চিনি ৬৫ টাকা, প্রতি লিটার সয়াবিন তেল (খোলা) ১০৯ টাকা ও বোতলজাত ১১৫ টাকা, ছোলা প্রতি কেজি ৫৫ থেকে ৫৮ টাকা দাম বেঁধে দেয়। খাতুনগঞ্জ: পাইকারি বাজার খাতুনগঞ্জের হামিদ স্টোরের স্বত্বাধিকারী মো. মাহবুবুল আলম বলেন, ‘রমজান মাস সামনে রেখে এবার চিনি ও ছোলার দামই বেড়েছে সবচেয়ে বেশি। এখানে খোলা সয়াবিন তেল ১০১ টাকা, চিনি ৭০, ছোলা ৮০ ও পেঁয়াজ ৩৬ টাকা দামে বিক্রি হচ্ছে।’মাহবুব আরও জানান, বাজারে সাদা চিনির ঘাটতি রয়েছে। আমদানিকারকেরা বলছেন, তাঁদের কাছে সাদা চিনি নেই। অপরদিকে তেলের দাম বাড়ার ব্যাপারেও তাঁরা সরবরাহ-সংকটের কথা বলছেন। এসব কারণে আগামী দিনে দাম আরও বাড়ার আশঙ্কা করছেন তিনি।বহদ্দারহাট: নগরের বহদ্দারহাট কাঁচা বাজারের মুদির দোকানগুলোর সামনে খুচরা ব্যবসায়ীরা ঝুলিয়েছেন বিভিন্ন পণ্যের দামের তালিকা। শুক্রবার বাজার ঘুরে দেখা গেছে ছোলা, চিনি, সয়াবিন তেলের দাম বেড়েছে। কমেছে পেঁয়াজের দাম। চালের দাম বেড়েছে দুই থেকে এক টাকা। ছোলা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা, চিনি ৭০, ছোলার ডাল ৭০, মটর ডাল ৪৪, খেসারি ডাল ৪০, মসুর ডাল বিভিন্ন মানের ৭৫, ৯০ এবং ১০০ টাকা। বোতলজাত পাঁচ লিটার সয়াবিনের দাম রূপচাঁদা ৬০০ টাকা, পুষ্টি ৫৯৫ টাকা। এক লিটারের বোতলজাত রূপচাঁদা ও মোস্তফা সয়াবিন তেল ১২২ টাকা, পুষ্টি ১২০ ও খোলা সয়াবিন তেল ১২০ টাকায় বিক্রি হয়েছে। তবে আগের দিন থেকে দুই টাকা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২৮ টাকা করে। আদা ও রসুন কেজিপ্রতি ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হয়েছে। লাকী ডিপার্টমেন্টাল স্টোরের খুচরা বিক্রেতা মৃদুল কান্তি বলেন, ‘চালের দাম দুই থেকে এক টাকা বেড়েছে। দেশি বেতি ৩০ টাকা, মিনিকেট ৩৬, সেদ্ধ চাল বিভিন্ন মানের ৪২ থেকে ৪৫, পারি সেদ্ধ ৩৫, চিনিগুঁড়া ৬০ ও কাটারিভোগ ৫০ টাকা দামে বিক্রি হচ্ছে।’ বহদ্দারহাট বাজারে চিনি কিনতে এসেছিলেন মো. সোলায়মান। তিনি বলেন, ‘চার-পাঁচটা দোকান ঘুরে দেখলাম, সব দোকানে চিনির কেজি ৭০ টাকা। অথচ চিনির দাম কিছুদিন আগেও ৬০ থেকে ৬৫ টাকার মধ্যে ছিল। রমজানের আগেই যে হারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, তাতে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষজনের কষ্ট বাড়বে।’বহদ্দারহাট কাঁচা বাজারের খুচরা ব্যবসায়ী নূর জাহান অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী মো. আলাউদ্দিন আল আজাদ বলেন, ‘সরকার যতই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেঁধে দিক, মনিটরিং করুক, র‌্যাব-পুলিশ বাজারে নামাক না কেন, এ উদ্দেশ্য কখনোই সফল হবে না। সরকারের উচিত, খুচরা বাজার মনিটরিং করার আগে পাইকারি বাজারে মনিটরিং করা।’ ষোলশহর: একই দিন ষোলশহর সন্ধ্যায় ২ নম্বর গেট বাজারে গিয়ে দেখা যায়, দোকানি-ক্রেতার মধ্যে চিনির দাম নিয়ে চলছে কথা-কাটাকাটি। এ ব্যাপারে মুদি দোকানি মোশাররফ হোসেন বলেন, ‘আমি কিছুতেই বোঝাতে পারছি না, আমাদের পক্ষে সরকারি দামে চিনি বিক্রি সম্ভব হচ্ছে না। কারণ, আমাদের কেনা বেশি দামে। ৬৭-৬৮ টাকায় কিনে তা ৬৫ টাকায় কী করে বিক্রি করব?’ এখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ টাকায়। গত দুই সপ্তাহের মধ্যে প্রায় ১০-১২ টাকা করে বেড়েছে। দুই ধরনের ছোলার মধ্যে একটি ৮০, অপরটি ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১১৮ টাকায়। বোতলজাত তেলের ক্ষেত্রে রূপচাঁদা এক লিটার ১২১ টাকা কোম্পানি নির্ধারিত দাম। বিক্রি হচ্ছে ১২২-১২৩ টাকায়। পাহাড়তলী বাজার: ভাই ভাই স্টোরের মালিক মো. সাইফুল ইসলাম বলেন, ‘চিনি ও ছোলার দামই বেড়েছে লাগামহীনভাবে।’ খোলা সয়াবিন তেল ১১৬ টাকায় কিনে ১২১ টাকায় বিক্রি করছেন। চিনি কেনা ৬৮ টাকায় বিক্রি ৭০ টাকা। ১৫ দিন আগে দাম ছিল ৬৬ এবং এক সপ্তাহ আগে ৬২ টাকা। ছোলা বিক্রি করছেন যথাক্রমে ৭৫ ও ৮০ টাকায়। ১৫ দিন আগে দাম ছিল ৬৫ থেকে ৭০ টাকার মধ্যে। পেঁয়াজের দাম ২৮ টাকা থেকে এক সপ্তাহের ব্যবধানে কমে ২৬ টাকা হয়েছে।পাহাড়তলী চালের আড়তের কুমিল্লা স্টোরের আবদুল মোতালেব জানান, গত এক সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিপ্রতি দুই-এক টাকা করে বেড়েছে। ফইল্যাতলী বাজার: চৌধুরী স্টোরের আবু তাহের চৌধুরী জানান, ‘আমরা ৭০ টাকা ৮০ পয়সা দিয়ে কিনে ৬৮ টাকায় চিনি বিক্রি করছি। এ অবস্থায় সরকারি দামে কি করে বিক্রি করা যাবে?’ বিক্রেতারা জানান, এক সপ্তাহ আগে চিনির দাম ছিল কেজিপ্রতি ৬২ টাকা। খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১০৮ টাকায়। ছোলা বিক্রি হচ্ছে ৭০ ও ৬৫ টাকা কেজি দামে। এক সপ্তাহ আগে দাম ছিল ৬০ থেকে ৬২ টাকার মধ্যে।