আদিবাসী নেত্রী কল্পনা চাকমার অপহরণ মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন নির্ধারিত সময়ের তিন মাসেও জমা দেওয়া
হয়নি। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন হিল উইমেন্স ফেডারেশন। মামলা দীর্ঘায়িত হলে প্রকৃত অপরাধীরা পার
পেয়ে যাবে বলে আশঙ্কা করছে সংগঠনটি।
১৯৯৬ সালের ১১ জুন মধ্যরাতে হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা রাঙামাটির বাঘাইছড়ি
উপজেলার নিউ লাইল্যাঘোনার নিজ বাড়ি থেকে অপহূত হন। তাঁর অপহরণের ১৭ বছর পূর্ণ হয়েছে ১২ জুন। এরই মধ্যে
তাঁর অপহরণের ব্যাপারে পুলিশ ও সিআইডি পৃথক দুটি তদন্ত প্রতিবেদন দাখিল করে। কিন্তু বাদী কালিন্দী কুমার চাকমা
প্রতিবেদন দুটির ওপর নারাজি আবেদন করেন। সর্বশেষ তদন্ত প্রতিবেদনটি সিআইডি দাখিল করে গত বছরের ২৬
সেপ্টেম্বর।
মামলার আইনজীবী জুয়েল দেওয়ান বলেন, চলতি বছরের ১৬ জানুয়ারি সিআইডির প্রতিবেদনের ওপর নারাজি শুনানি
শেষ হয়। শুনানি শেষে রাঙামাটি জেলার মুখ্য বিচারিক হাকিম মো. সিরাজুদ্দৌলা কুতুবী রাঙামাটির এসপিকে (পুলিশ
সুপার) কল্পনা চাকমা অপহরণ ঘটনা অধিকতর তদন্তের নির্দেশ দেন।
আদালত সন্দেহভাজন লেফটেন্যান্ট ফেরদৌস, গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) কমান্ডার মো. নুরুল হক ও সালেহ
আহমদকে নিবিড় পর্যবেক্ষণে রেখে সাক্ষ্যগ্রহণ ও ২০ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেন। তবে সুষ্ঠু
তদন্তের স্বার্থে প্রয়োজনে আরও সময় নিয়ে প্রয়োজনীয় সাক্ষ্য, তথ্যপ্রমাণ ও বিশ্লেষণসহ চূড়ান্ত প্রতিবেদন দাখিলের আদেশ
দেন। নির্ধারিত সময়ের তিন মাসেও তা জমা দেওয়া হয়নি।
এ বিষয়ে মামলার বাদী কালিন্দী কুমার চাকমা বলেন, ‘মামলাটির অধিকতর তদন্তের কী অবস্থা তা আমার জানা নেই। গত
২৩ মার্চ রাঙামাটির এসপি আমেনা বেগম এসেছিলেন আমার সঙ্গে কথা বলতে। এরপর আর কোনো যোগাযোগ নেই।’
জানতে চাইলে আমেনা বেগম বলেন, ‘তদন্ত এখনো চলছে। আদালত আমাকে সময় দিয়েছেন। ইতিমধ্যে বাদীর বাড়িতে
গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি। আর সন্দেহভাজনদের সঙ্গেও কথা বলেছি।’ এদিকে নির্ধারিত সময়ের তিন
মাসেও অধিকতর তদন্ত প্রতিবেদন জমা না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে হিল উইমেন ফেডারেশন
(ইউপিডিএফ-সমর্থিত)। সংগঠনের সভাপতি কণিকা দেওয়ান। তিনি বলেন, আগে যে দুটি তদন্ত প্রতিবেদন পুলিশ ও
সিআইডি দিয়েছিল, সেগুলো ছিল প্রহসন। বর্তমানে অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দিতে দেরি হলে মামলা দীর্ঘায়িত
হবে। এতে প্রকৃত অপরাধীদের পার পেয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।