নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে অর্থ ছাড় না করার হুমকি এডিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ কিলোমিটার পটিয়া বিকল্প সড়ক নির্মাণসহ ২৬ কিলোমিটার আরাকান সড়ক সম্প্রসারণের কাজ অনিশ্চিত হয়ে পড়েছে। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারলে এ খাতে বরাদ্দ দেওয়া ৯৮ কোটি টাকার অব্যবহূত টাকা ছাড় দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। পটিয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, সওজ পাঁচ কিলোমিটার পটিয়া বিকল্প সড়ক নির্মাণ ও (পৌর শহরের তিন কিলোমিটার বাদ দিয়ে) পশ্চিমে নয়াহাট-বাদামতল থেকে ইন্দ্রপুল এবং পূর্বে গিরি চৌধুরী বাজার থেকে দোহাজারী পর্যন্ত ২৬ কিলোমিটার সড়ক সম্প্রসারণের জন্য একটি প্রকল্প হাতে নেয়। প্রকল্পের জন্য ২০০৮ সালের শুরুতে এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) ৯৮ কোটি টাকা বরাদ্দ দেয়। সড়ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ প্রকল্পের (আরএনআইএমপি-২, চুক্তি নম্বর-৪) অধীনে সম্প্রসারণকাজের কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ট্রেডিং কনসোর্টিয়াম লিমিটেড (আইটিসিএল)। বিকল্প সড়ক নির্মাণসহ পুরো কাজ শেষ করার কথা ২০১১ সালের মধ্যে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে কাজ শুরু করতে পারেনি। কাজের মেয়াদ এক বছর অর্থাৎ ২০১২ সাল পর্যন্ত বাড়ানো হলেও এই সময়ের মধ্যে কাজ শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সূত্র জানায়, ইতিমধ্যে বিকল্প সড়কের তিনটি সেতুর অর্ধেক কাজ ছাড়া সড়ক নির্মাণকাজের কিছুই হয়নি। অথচ সড়কটি সম্প্রসারণের জন্য সড়কের দুই পাশের কয়েক হাজার গাছ কেটে ফেলা হয়েছে। সওজ সূত্র জানায়, বিকল্প সড়ক নির্মাণসহ সড়ক সম্প্রসারণের কাজ সম্পন্ন না হওয়ায় গত তিন বছরে সড়কটির বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে।খ্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) প্রকল্পের দল নেতা (টিম লিডার) মোহাম্মদ মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, যথাসময়ে বিকল্প সড়ক নির্মাণ ও সম্প্রসারণের কাজ শেষ করতে না পারায় ঠিকাদারের ওপর এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) অসন্তোষ প্রকাশ করেছে। তারা গাছবাড়িয়া ও বরুমতির দুটি সেতু ও পটিয়া বিকল্প সড়কের নির্মাণকাজ ছাড়া বাকি ২১ কিলোমিটার আরাকান সড়ক সম্প্রসারণের কাজ সম্পন্ন করার ব্যাপারে সংশয় প্রকাশ করেছে। চট্টগ্রাম-দোহাজারী সওজের উপবিভাগীয় প্রকৌশলী ও প্রকল্পের অতিরিক্তি দায়িত্বপ্রাপ্ত উপপ্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তোফায়েল মিয়া প্রথম আলোকে বলেন, ‘গত বছর জুলাই মাসে জেলা প্রশাসন থেকে বিকল্প সড়কের জন্য অধিগ্রহণ করা জমি ঠিকাদারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারা মাত্র তিনটি সেতুর অর্ধেক কাজ করেছে। কাজের অগ্রগতি না হওয়ার জন্য তিনি ঠিকাদারের গাফিলতিকে দায়ী করেন।’ এডিবির অসন্তোষের কথা স্বীকার করে তিনি বলেন, ‘এডিবি ২০১২ সালের মধ্যে বিকল্প সড়কসহ ২৬ কিলোমিটার সড়ক সম্প্রসারণের কাজ শেষ করতে বলেছে। অন্যথায় তারা প্রকল্পের জন্য অর্থ ছাড় করবে না। এ ক্ষেত্রে সরকারিভাবে অর্থ বরাদ্দে সওজের মাধ্যমে কাজ করতে হবে বলে তারা মত দিয়েছে। ২০ জুলাই এ ব্যাপারে যোগাযোগ মন্ত্রণালয় থেকে একটি চিঠি পেয়েছি।’ তোফায়েল মিয়া জানান, সরকারিভাবে সড়কটি মেরামত করতে হলে অর্থ বরাদ্দ, দরপত্র আহ্বানসহ আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ করতে একাধিক বছর লেগে যেতে পারে। তত দিনে সড়কের অবস্থা আরও খারাপ হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানের ক্রয়সংক্রান্ত ব্যবস্থাপক কানু চক্রবর্তী কাজে ধীরগতির কথা স্বীকার করেন। তবে তিনি এ জন্য ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা, ভূমির মালিকদের ক্ষতিপূরণের টাকা গ্রহণে অনীহা ইত্যাদিকে দায়ী করেন। তিনি বলেন, ‘এডিবি পুরো কাজের জন্য ২০১২ সাল পর্যন্ত সময় বাড়িয়েছে। এর মধ্যে আগে বাইপাস সড়কের কাজ শেষ করে পরবর্তী সময়ে প্রধান সড়কের ২১ কিলোমিটারের কাজ করতে বলা হয়েছে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে।’