চট্টগ্রাম বন্দর উপদেষ্টা কমিটির দ্বিতীয় সভায় তিন মেয়াদের কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল। গত ২০ জানুয়ারির ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী স্বল্পমেয়াদি ৩১টি পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার কথা গত জুন মাসের মধ্যে। কিন্তু তার বেশির ভাগই বাস্তবায়ন হয়নি। এমন বাস্তবতায় আজ মঙ্গলবার দুপুরে নগরের সার্কিট হাউসে বসছে উপদেষ্টা কমিটির তৃতীয় সভা। সভায় কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা ছাড়াও নতুন বেশ কিছু বিষয় আলোচ্যসূচিতে আনা হয়েছে। এ জন্য ব্যবহারকারী সংগঠনগুলো থেকে নতুন প্রস্তাবনা সংগ্রহ করেছে বন্দর কর্তৃপক্ষ।বন্দর সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত প্রথম সভায় বন্দরের বিদ্যমান সমস্যা সমাধানে তিন মেয়াদের কর্মপরিকল্পনা হাতে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের আলোকে দ্বিতীয় সভায় এই কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। এই কর্মপরিকল্পনা বাস্তবায়ন এবং অগ্রগতি পর্যালোচনারও সিদ্ধান্ত নেওয়া হয় দ্বিতীয় সভায়।এইসব বিভিন্ন মেয়াদি কর্মপরিকল্পনা বন্দর কর্তৃপক্ষের নিজস্ব পরিকল্পনার অন্তর্ভুক্ত ছিল। উপদেষ্টা কমিটির সভায় তা বাস্তবায়নের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়। স্বল্পমেয়াদি কর্মপরিকল্পনার মধ্যে শ্রমিকদের মজুরির তালিকা প্রণয়ন, পরিচয়পত্র প্রদান, অস্থায়ী শ্রম কল্যাণ শাখা চালু, ক্রেনবিহীন জাহাজের সংখ্যা কমিয়ে আনা, যন্ত্রপাতি সংগ্রহ ইত্যাদি বাস্তবায়িত হয়েছে। তবে স্বল্পমেয়াদি কর্মপরিকল্পনার মধ্যে কনটেইনার ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ, নিউমুরিং কনটেইনার টার্মিনালের পরীক্ষামূলক চালু করা দুটি জেটিতে দরপত্রের মাধ্যমে বার্থ অপারেটর নিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয় এখনও বাস্তবায়ন হয়নি। এ ছাড়া পরিচালনা কর্মকাণ্ডের দক্ষতা বাড়াতে কনটেইনার ওঠানামার ক্ষেত্রে অগ্রগতি হলেও খোলা পণ্যের ওঠানামার ক্ষেত্রে কোনো অগ্রগতি হয়নি। বন্দর নিরাপত্তা আইন হালনাগাদ করা, জনবল নিয়োগ, বেসরকারি সংস্থাগুলো থেকে শ্রমিকদের নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ ইত্যাদি এখনো প্রক্রিয়াধীন। উপদেষ্টা কমিটির আজকের সভায় নতুন সদস্যসচিব হিসেবে যোগ দিচ্ছেন বন্দর চেয়ারম্যান কমোডর এম আনোয়ারুল ইসলাম। বন্দর চেয়ারম্যান হিসেবে যোগদানের পর সদস্যসচিব হিসেবে এটিই তাঁর প্রথম সভা। একাধিকবার কথোপকথনের সময় তিনি এ প্রতিনিধিকে বলেন, ‘অগ্রাধিকার ভিত্তিতে বন্দরের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বাস্তবায়ন করা হচ্ছে। শুরুতে শ্রমিকদের মজুরি তালিকা প্রণয়ন করা হয়েছে। কল্যাণমূলক সুযোগ-সুবিধা বাস্তবায়ন করা হচ্ছে। শ্রমিকেরা নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করতে শুরু করেছে। কনটেইনার ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতি সিটিএমএস প্রকল্প ভালোভাবে শুরু করার জন্য একটু সময় লাগছে। খুব শিগগির এটি চালু হবে। এ ছাড়া নিউমুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আমরা এগোচ্ছি।’জানা গেছে, প্রথম সভায় দুটি সিদ্ধান্ত নেওয়া হয়—বন্দরের বিদ্যমান সমস্যা সমাধানের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন এবং চারজন সদস্যকে অন্তর্ভুক্ত করা। দ্বিতীয় সভায় পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়। এই পাঁচটি হচ্ছে—প্রথম সভার কার্যবিবরণী সংশোধন, প্রস্তাবিত পরিকল্পনা গ্রহণ করে বাস্তবায়নের প্রক্রিয়া, কর্ণফুলীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, বন্দর কর্তৃপক্ষ পোর্ট ট্রাস্ট, নাকি পোর্ট অথরিটি হবে সে বিষয়ে কমিটি গঠন ও শ্রমমন্ত্রীর সঙ্গে আলোচনা করে কর্মচ্যুত শ্রমিকদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ।বন্দর সূত্রে জানা গেছে, গত বছর মে মাস থেকে বন্দরের দক্ষতা হ্রাস পেতে থাকলে ব্যবহারকারীরা উপদেষ্টা কমিটি গঠনের দাবি করেন। বন্দরের সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে সভাও অনুষ্ঠিত হয়। সেই সভায় উপদেষ্টা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এই সভার পর গত বছর ছয় অক্টোবর ৪১ সদস্যের চট্টগ্রাম বন্দর উপদেষ্টা কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে সদস্য সংখ্যা বাড়িয়ে ৪৬ জন করা হয়।অন্যতম বন্দর ব্যবহারকারী বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘বন্দরের দক্ষতা এখন আগের চেয়ে অনেক বেড়েছে।’ নাসির উদ্দিন চৌধুরী আরও বলেন, ‘এখন আমাদের প্রধান দাবি হচ্ছে বন্দর কর্তৃপক্ষকে আরও বেশি ক্ষমতা দেওয়া। তাহলে সিদ্ধান্ত গ্রহণে সময় অনেক কম লাগবে। এতে বন্দরের দক্ষতা বাড়ানোর সুযোগ থাকবে।’