নির্ধারিত সময়েই সরব হবে ক্যাম্পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় নেওয়া হচ্ছে বিভিন্ন সিদ্ধান্ত।গতকাল বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভা অনুষ্ঠিত হওয়ার কথা। সভায় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর আগে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করতে পারে বলে জানা গেছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের লিয়াজোঁ কমিটি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গেও আলোচনা শুরু করেছে। প্রথম দিন গত মঙ্গলবার সন্ধ্যায় কমিটি বৈঠক করেছে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে। লিয়াজোঁ কমিটি এর আগে বিশ্ববিদ্যালয়ে বিবদমান ছাত্রসংগঠনগুলোর সঙ্গে আলোচনা করেছে। প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশ মহিউদ্দিন চৌধুরীর অনুসারী।এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের অঙ্গীকারনামা দিয়ে ছাত্রাবাসে উঠতে হবে। এ জন্য প্রায় সাড়ে ছয় হাজার অঙ্গীকারনামা তৈরি করা হয়েছে। এ ছাড়া এখন থেকে শিক্ষার্থীদের সার্বক্ষণিক পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবাসিক হলের শিক্ষার্থীদের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিমের সঙ্গে আবাসিক হলের প্রাধ্যক্ষ, হাউস টিউটর, প্রক্টরিয়াল বডির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম প্রথম আলোকে বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। শিক্ষার শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা হচ্ছে।’উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তুচ্ছ ঘটনার জের ধরে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই ছাত্র নিহত হন। তাঁরা ছাত্রশিবিরের নেতা বলে জানা গেছে। এ ঘটনার পর কর্তৃপক্ষ ওই দিন সন্ধ্যা সাতটার মধ্যে ছাত্র ও পরদিন দুপুর দুইটায় ছাত্রীদের হল ত্যাগ করার নির্দেশ দেয়। গত ৯ ফেব্রুয়ারি জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় ২ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। প্রশাসন সূত্র জানায়, আবাসিক শিক্ষার্থীরা ২ মার্চ থেকে হলে উঠতে পারবে। তবে ওঠার সময় অঙ্গীকারনামা পূরণ করতে হবে। ক্যাম্পাসের নিরাপত্তাব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আবুল হাসনাত মোহাম্মদ সেলিমউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘ক্যাম্পাসে অতিরিক্ত ১০০ পুলিশ মোতায়েন করার জন্য পুলিশ প্রশাসনকে বলা হয়েছে। অতিরিক্ত পুলিশ অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হবে।’বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও লিয়াজোঁ কমিটির প্রধান অধ্যাপক খান তৌহিদ ওসমান বলেন, ‘সব ছাত্রসংগঠনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এখন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে আলোচনা শুরু করেছি। সবাই বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’এদিকে, বন্ধ ক্যাম্পাসে গত সোমবার রাতে ছাত্রশিবির হঠাৎ করে মিছিল করেছে। এ ছাড়া ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার অভ্যন্তরীণ কোন্দলও চাঙা হয়ে উঠেছে। এসব কারণে নির্ধারিত সময়ের মধ্যে ক্যাম্পাস খুলবে কি না, শিক্ষার্থীদের মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে।প্রশাসনের একটি সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলার সব প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু ছাত্রশিবিরের মিছিল ও ছাত্রলীগের কোন্দলের কারণে আবার নতুন করে ভাবতে হচ্ছে।